পূরবী বসুর ‘অবিনাশী যাত্রা’
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১১:৪৪ এএম
আমেরিকায় চলে যাওয়ার পরও তার সঙ্গে যোগাযোগের কিছু সূত্র তৈরি হয়েছিল। আলম খোরশেদ ভাইয়ের লেখায় পড়েছিলাম, কবি শামসুর রাহমান একবার তাদের বাড়িতে দাওয়াতে গিয়েছিলেন। একজন বৈজ্ঞানিক যে খাবার টেবিলে শতেক পদের সুস্বাদু বাংলা খাবার দিয়ে ভরিয়ে দিতে পারেন, তা দেখে ও চেখে তিনি বিস্মিত হয়েছিলেন।
ফেসবুক আসার পর পূরবীদি’র সঙ্গে আবার যোগাযোগ হয়। দুই-একবার টুকটাক বার্তা বিনিময় হয়েছে। তাকে আমার লেখালিখির কথা আপডেট করাতে একটি বার্তা দিয়েছিলেন, ‘খুব খুশি হলাম শুনে। আরও লিখুন। সৃষ্টিশীল থাকুন।’
রোমান হরফে বাংলায় লেখা বার্তায় ‘আরও’ শব্দটা লিখতে গিয়ে ইংরেজি ‘ও’ আর ‘সৃষ্টিশীল’ লিখতে গিয়ে ‘এস-এইচ-টি’ ক্যাপিটাল অক্ষরে লিখেছিলেন। এটা ২০১১ সালের কথা।
খুব অনিয়মিত ও অকিঞ্চিৎকর ছিল সেই যোগাযোগ। বলার মতো না। বলছি, কেননা বলবার মতো আর রসদ নেই।
‘ঝিনুক নীরবে সহো’ লেখার আগে কবি আবুল হাসানকে নিয়ে গবেষণা করতে গিয়ে পূরবীদি’র জীবনের আরেকটি অধ্যায় জানতে পারি। জ্যোতিপ্রকাশ দত্তদা’র অভিভাবক বুদ্ধিজীবী ও অধ্যাপক গোবিন্দ চন্দ্র দেবের বাড়িতে তাদের পরিচয় ও আলাপ হয়েছিল। কবি আবুল হাসান সেই বাড়ির লাইব্রেরি ব্যবহার করতেন। তারও আগে একদিন জ্যোতিদা আর দিদি যখন একসঙ্গে রিকশায় ঘুরতে শুরু করেন, পথে জ্যোতিদাই একদিন আবুল হাসান ও নির্মলেন্দু গুণের সঙ্গে দিদির পরিচয় করিয়ে দিয়েছিলেন। সেদিন থেকে নির্মলেন্দু গুণ আর দিদিকে পত্র পাঠিয়ে উত্তরের অপেক্ষা করতেন না!
আবুল হাসানের ব্যক্তিজীবনের একটি বেদনাময় অধ্যায়ের সঙ্গেও পূরবীদি’র সংশ্লিষ্টতা ছিল। বরিশাল ব্রজমোহন কলেজের জীবনে হাসানের যে প্রেমিকা ছিলেন, পরবর্তী সময়ে উদ্বাস্তু, উন্মূল হাসানকে পেছনে ফেলে তিনি অন্যত্র বিয়েতে সম্মত হন। পূরবীদি তখন সিনিয়র সেই আপাকে বোঝাতে গিয়েছিলেন। ঘটনাটির যে মর্মস্পর্শী বর্ণনা পূরবীদি দিয়েছিলেন, তা এখনো মনে আছে। আমি আমার বইতে তুলে আনতে লুব্ধ হয়েছিলাম।
২০১৬ বা ২০১৭ সালের বইমেলার একটি স্মৃতি আছে। জ্যোতিপ্রকাশ দত্ত’দা ও পূরবীদি মেলায় ঢুকছিলেন, আর আমি বেরিয়ে আসছিলাম। দুজনকে সালাম দিয়ে জ্যোতিদাকে বললাম, ‘দাদা, আমি আপনাকে চিনি।’ শুনে বাংলাদেশে বিস্মৃত এই প্রতিভাবান গল্পকারের চোখমুখ উজ্জ্বল হয়ে উঠল। এরপর পূরবীদি’কে নিজের পরিচয় দিলাম। তিনি আমাকে চিনতে পেরে বললেন, ‘ও আমাদের সেই ডাক্তার! আপনার কবিতা তো জ্যোতি বেশ পছন্দ করেছিল।’
আমি তাদের দুজনকে আমার দুটি বই উপহার দিয়েছিলাম। দিদির কথাটা শুনে বেশ ভালো লেগেছিল। জ্যোতিদাই প্রথম আবুল হাসানের নাম নেওয়ার পর তার লেখা প্রথম কবিতাটি তার ছোট কাগজে প্রকাশ করেছিলেন। মেলা চত্বরের উপেক্ষিত একটা জায়গায় আমার অনুরোধে তারা একটা ছবি তোলার জন্যেও দাঁড়িয়েছিলেন। দশ বছর পর সেই প্রায়ান্ধকার জায়গায় তোলা ছবিটি যেন ক্রমশ উজ্জ্বল হতে শুরু করেছে। ছবির মানুষটি এখন আরও কাছের মানুষ।
২০২০ এর কোভিড-উনিশের কালে ‘ঝিনুক নীরবে সহো’ লেখার সময় পূরবীদি’র সঙ্গে আবার যোগাযোগের চেষ্টা করেছিলাম। কিছু কথা জানার ছিল তার কাছে। পরে আর সম্ভব হয়নি।
অনেকেরই হয়তো পূরবীদি’র প্রয়াণের খবরের জন্য মানসিক প্রস্তুতি ছিল। কিন্তু আমার কোনো প্রস্তুতি ছিল না। অনেক বছর ধরেই তার জীবনযাপন, শারীরিক অবস্থা কিংবা ব্যক্তিগত খবরাখবর সম্পর্কে একরকম অন্ধকারে ছিলাম।
পূরবী বসু নামে তিনি গল্প লিখতেন সেই মধ্য ছয়ের দশক থেকে। আমার লেখার শিরোনামটি তারই একটি গল্পের বইয়ের নাম থেকে নেওয়া। তিনি একটু ব্যতিক্রমী ধরনের নারীবাদী চিন্তক ছিলেন। তার সময়ের তুলনায় অনেক অগ্রসর ছিল তার চিন্তা ও দৃষ্টিভঙ্গি।
প্রাণরসায়ন এবং পুষ্টিবিজ্ঞানে সর্বোচ্চ ডিগ্রিধারী একজন বিজ্ঞানমনস্ক মানুষ হয়েও সাহিত্য, সমাজ, নারী, জীবন ও মানুষের মনস্তত্ত্ব নিয়ে তার আগ্রহ ছিল বহুমাত্রিক। নারীবাদী ভাবনাকে বিজ্ঞানীর লেন্সে দেখেছেন। তার ছোটগল্প, প্রবন্ধ ও অন্যান্য লেখালেখি নতুন করে পাঠ করার দাবি রাখে। তার সাহিত্যিক পরিচয়কে শুধু প্রবাসী লেখক কিংবা একজন নারীবাদী চিন্তকের পরিচয়ে সীমাবদ্ধ রাখলে তার কাজের ব্যাপ্তি বোঝা যাবে না।
আমার সঙ্গে তার সম্পর্ক খুব উল্লেখযোগ্য নয়। তবু কিছু মানুষ আছেন, যাদের সঙ্গে অল্প সময়ের পরিচয়ও দীর্ঘস্থায়ী স্মৃতি তৈরি করে। পূরবীদি আমার কাছে তেমনই একজন। মনে থাকবে বইমেলার সেই প্রায়ান্ধকার জায়গার শেষ স্মৃতিটুকু।
তারপরেও, পূরবীদি স্বনামে ও পরিচয়ে আমার দুটি উপন্যাসের চরিত্র হয়ে আছেন–‘ঝিনুক নীরবে সহো’ আর ‘সম্রাট ও প্রতিদ্বন্দ্বীগণ’। তাই হয়তোবা আমি তাকে নিয়ে পত্রিকায় লিখতে অনুরুদ্ধ হয়েছি।
বাস্তবের একজন মানুষ স্নো বল ইফেক্টের মতো করে আমার উপন্যাসের জগতে প্রবেশ করলেন। তিনি আমার লেখার ভেতরেও থেকে গেছেন, যদিও প্রত্যক্ষ স্মৃতি থেকে নয়, গবেষণালব্ধ কিছু এনেকডটস (একাধিক উপাখ্যান, ছোট গল্প, গপ্প, চুটকি বা কোনো বাস্তব ব্যক্তি বা ঘটনা সম্পর্কে সংক্ষিপ্ত ও সাধারণত মজার কাহিনি) থেকে, যা বাংলা সাহিত্যের রসিকদের জন্যে গুরুত্বপূর্ণ স্মৃতিপাঠ।
এখন মনে হচ্ছে, তাকে নিয়ে আর কী লিখব? দুটি উপন্যাসে তো তাকে কিছুটা হলেও রেখে দিয়েছি। এই স্মৃতিচারণ হয়তো সেই ঋণেরই সামান্য স্বীকারোক্তি। নৈবেদ্য হিসেবে এর বেশি আর কী দেওয়ার আছে?
কিছু যোগাযোগ ছিন্ন হয়ে যায়, থেকে যায় অকথিত কত কথা। বলা হয় না। কিন্তু আমাদের কাজ, চিন্তা ও সৃষ্টির মধ্য দিয়ে তার যাত্রা অব্যাহত থাকে।
১৪ নভেম্বর ২০২৬ পূরবীদি’র সেই অবিনাশী যাত্রার শুরু। তার সাহিত্য ও বহুমাত্রিক কাজের নতুন পাঠ হোক, নতুন মূল্যায়ন হোক। নিশ্চয়ই তিনি পৌঁছে যাবেন আরও অনেক পাঠকের কাছে।
প্রিয় পূরবীদি, আপনার প্রতি আমাদের শেষ শ্রদ্ধা।
তার গাড়ি দুর্ঘটনার কথা জানতাম না, পরবর্তী সময়ে স্ট্রোকের শিকার হওয়ার খবরও আমার জানা ছিল না। তাই তার চলে যাওয়ার সংবাদটি আক্ষরিক অর্থেই আমাকে বজ্রাহত করেছে। কিছুক্ষণ যেন বিশ্বাসই করতে পারছিলাম না।
মোশতাক আহমদ : কবি, কথাসাহিত্যিক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ
১৪ নভেম্বর ২০২৬ পূরবীদি’র ‘অবিনাশী যাত্রা’ শুরু হলো। আজ থেকে তার সাহিত্য ও বহুমাত্রিক লেখালেখি নিয়ে নতুন করে পাঠ, আলোচনা ও মূল্যায়ন শুরু হবে—এমন প্রত্যাশা রাখি। দীর্ঘদিন প্রবাসে থাকার কারণে লেখক হিসেবে তার উৎকর্ষ, চিন্তার অগ্রসরতা এবং নানা জরুরি কাজের যথাযথ মূল্যায়ন হয়নি বলেই আমি মনে করি। যতটা আলোচিত হওয়ার কথা ছিল, তাকে নিয়ে ততটা হননি।
২০০০ সালের আশেপাশে, পূরবী বসুকে আমি ব্র্যাকের স্বাস্থ্য বিভাগের পরিচালক হিসেবে পাই। আমি ছিলাম ত্রিশালে কর্মরত। তিনি বেশ কড়া, স্পষ্টভাষী ও বাস্তববাদী মানুষ ছিলেন। পেশাগত দায়িত্ব পালনে কোনো ধরনের আপস করতেন না।
আমি এমনিতেই একটু মুখচোরা স্বভাবের, কখনো কোনো ছুতায় তার আশেপাশেও যাওয়ার চেষ্টা করিনি। আমার রিজিওনাল ম্যানেজার ‘ছোট সালাম’ ভাই একবার আমার প্রথম কবিতার বইটি চেয়ে নিয়ে তাকে উপহার দিয়েছিলেন। বলেছিলেন, ‘দিদির কালেকশনে আপনার বইটা থাকা উচিত।’
বইটি পেয়ে তিনি খুশি হয়েছিলেন বলে শুনেছিলাম। ব্র্যাকের স্বাস্থ্য কর্মসূচিতে কাজ করার সময় পূরবীদি’র সঙ্গে আমার সরাসরি দেখা হয়েছে মাত্র একবার–একটা বড়সড় মিটিংয়ে। এরপর তিনি ব্র্যাক ছেড়ে গেলেন। তখনই কিংবা পরে আমেরিকায় চলে গেলেন।
ভাবি, তিনি যদি আরও কিছুদিন থাকতেন, নিশ্চয়ই তার সঙ্গে আমার ভালো একটা সম্পর্ক গড়ে উঠত। তার উত্তরসূরি শিল্প-সাহিত্যরসিক পরিচালকের সঙ্গে আমার এখনো চমৎকার সম্পর্ক। যদিও আমি ব্র্যাক ছেড়েছি ১৫ বছর আগে। তিনিও বেশ কয়েক বছর আগে আরও বড় পদ থেকে অবসরে গিয়েছেন।













