২৫৯ কোটি টাকা পাচার, নানক ও স্ত্রী-কন্যাসহ ৪ জনের বিরুদ্ধে চার্জশিট

একাত্তর লাইভ
একাত্তর লাইভ ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:৫২ পিএম
২৫৯ কোটি টাকা পাচার, নানক ও স্ত্রী-কন্যাসহ ৪ জনের বিরুদ্ধে চার্জশিট

ফাইল ছবি

আন্তর্জাতিক ইনকামিং কল বা সেবা রপ্তানির বিপরীতে অর্জিত ২৫৯ কোটি ৬২ লাখ ৫ হাজার ১৫৮ টাকা দেশে না এনে পাচারের অভিযোগে সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী এবং ঢাকা-১৩ আসনের সাবেক সংসদ সদস্য জাহাঙ্গীর কবির নানক, তার স্ত্রী ও কন্যাসহ চারজনের বিরুদ্ধে চার্জশিট দাখিলের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (১৮ নভেম্বর) দুদকের প্রধান কার্যালয় থেকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংস্থাটির সচিব সাইদুর রহমান খান জানিয়েছেন।  

বিজ্ঞাপন

 মামলার তদন্তকারী কর্মকর্তা ও দুদকের সহকারী পরিচালক ইমরান খান অপু শিগগিরই চার্জশিট দাখিল করবেন বলে জানা গেছে। 

আসামিরা হলেন - ঢাকা-১৩ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক,রাতুল টেলিকম লিমিটেডের চেয়ারম্যান ও জাহাঙ্গীর কবির নানকের স্ত্রী সৈয়দা আরজুমান বানুকে, প্রতিষ্ঠানটির পরিচালক ও নানকের কন্যা এস আমরীন রাখি এবং রাতুল টেলিকম লিমিটেডের পরিচালক ও শেয়ারহোল্ডার মো. মাসুদুর রহমান বিপ্লব। এর মধ্যে মো. মাসুদুর রহমান বিপ্লবকে চার্জশিটে নতুন করে অন্তর্ভুক্ত করা হয়েছে।

বিজ্ঞাপন

তদন্ত প্রতিবেদন সূত্রে জানা যায়, রাতুল টেলিকম লিমিটেড ২০১২ সালের ১২ এপ্রিল বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) কাছ থেকে ইন্টারন্যাশনাল গেটওয়ে (আইজিডব্লিউ) লাইসেন্স পায়। 

সরকারি বিধি অনুযায়ী, আন্তর্জাতিক ইনকামিং কল বা সেবা রপ্তানির মাধ্যমে অর্জিত বৈদেশিক মুদ্রা ব্যাংকিং চ্যানেলে এফসি বা ইআরকিউ অ্যাকাউন্টের মাধ্যমে দেশে প্রত্যাবাসন করা বাধ্যতামূলক।

তদন্তে দেখা যায়, প্রতিষ্ঠানটি ২০১২ সালের আগস্ট থেকে ২০১৩ সালের সেপ্টেম্বর পর্যন্ত ১৪ মাসে ১১৬ কোটি ৯৯ লাখ ৩০ হাজার ৭৪২ দশমিক ২৬ কল মিনিট সেবা রপ্তানি করে। প্রতি মিনিট ০.০৩০ মার্কিন ডলার হিসাবে, এর মোট মূল্য দাঁড়ায় ৩ কোটি ৫০ লাখ ৯৭ হাজার ৯২২ দশমিক ২৭ মার্কিন ডলার। তবে সাউথইস্ট ব্যাংকের প্রিন্সিপাল শাখার (দিলকুশা, ঢাকা) হিসাব বিবরণী পর্যালোচনায় দেখা যায়, প্রতিষ্ঠানটি মাত্র ১৮ লাখ ১৩ হাজার ২৪০ দশমিক ৭৫ মার্কিন ডলার দেশে প্রত্যাবাসন করেছে। বাকি ৩ কোটি ৩২ লাখ ৮৪ হাজার ৬৮১ দশমিক ৫২ মার্কিন ডলার দেশে আনা হয়নি বলে তদন্তে উল্লেখ করা হয়েছে। বাংলাদেশি মুদ্রায় এই অর্থের পরিমাণ ২৫৯ কোটি ৬২ লাখ ৫ হাজার ১৫৮ টাকা ৫৬ পয়সা।

তদন্ত প্রতিবেদনে বলছে, ঘটনাকালে জাহাঙ্গীর কবির নানক সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী/মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ওই সময়ে রাষ্ট্রীয় ক্ষমতা ও রাজনৈতিক প্রভাব ব্যবহার করে স্ত্রী সৈয়দা আরজুমান বানু এবং কন্যা এস আমরীন রাখিকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা পাচারে সহযোগিতা করেন বলে অভিযোগ করেছে দুদক। দুদকের সাবেক পরিচালক জালাল উদ্দিন আহাম্মদ বাদী হয়ে ২০২৫ সালের ১৫ জানুয়ারি মামলাটি দায়ের করেন।