ভারত সীমান্তে মিলল সাবেক বিজিবি সদস্যের রক্তাক্ত মরদেহ
প্রকাশিত: শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৪:০৪ পিএম
সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। আজ সকালে খাগড়াছড়ির রামগড়েছবি: সংগৃহীত
খাগড়াছড়ির রামগড় সীমান্তের ওপারে ভারতের ত্রিপুরা রাজ্যের সাব্রুম এলাকা থেকে অংথেপ্রু মারমা (৬৬) নামের এক বাংলাদেশির রক্তাক্ত মরদেহ উদ্ধার হয়েছে। আজ শনিবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত অংথেপ্রু মারমা রামগড়ের ফেনীরকূল এলাকার বাসিন্দা। তিনি বিজিবির (পূর্ব নাম বিডিআর) সাবেক সদস্য।
স্থানীয় লোকজন ও স্বজনদের সূত্রে জানা গেছে, গতকাল বেলা দুইটার দিকে গরুর ঘাস সংগ্রহ করতে বাড়ি থেকে বের হন অংথেপ্রু মারমা। রাত সাড়ে ৯টা পর্যন্ত বাড়িতে না ফেরায় স্বজনেরা তাঁর খোঁজ শুরু করেন। পরে আজ সকালে তাঁর রক্তাক্ত দেহ পাওয়া যায়। তাঁর কপালে, নাকের ওপর ও মাথার পেছনে জখমের চিহ্ন ছিল।
অংথেপ্রু মারমার ছেলে থৈ অংগ্য মারমা বলেন, সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেও বাবার সন্ধান না পেয়ে রাত ১০টার দিকে স্থানীয় বিজিবির ফাঁড়িতে বিষয়টি জানানো হয়। পরে বিজিবিও খোঁজ শুরু করে। শনিবার সকাল সাড়ে আটটার দিকে ফেনীরকূল এলাকায় সীমান্তবর্তী ফেনী নদীর পাড়ে স্বজনেরা তাঁর বাবার ঘাসের বস্তাটি দেখতে পান। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে নদীর ওপারে ভারতের অংশে পানিতে ডুবে থাকা অবস্থায় বাবার মরদেহ পাওয়া যায়। স্বজনেরা নদীর ওপার থেকে মরদেহ উদ্ধার করে বাংলাদেশে নিয়ে আসেন। সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহটি থানায় নিয়ে যায় পুলিশ।
রামগড় ৪৩ বিজিবির সহকারী পরিচালক শামছুল হক বলেন, অংথেপ্রু নিখোঁজের খবর শুক্রবার রাতে পাওয়ার পর বিজিবির পক্ষ থেকে বিএসএফকে বিষয়টি জানানো হয়। একই সঙ্গে নিখোঁজ ব্যক্তির সন্ধানে তাঁদের সহযোগিতা চাওয়া হয়।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজির আলম বলেন, অংথেপ্রু মারমার কপাল, নাকের ওপর ও মাথার পেছনে ধারালো অস্ত্রের জখম রয়েছে। কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। মরদেহ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। রামগড় ৪৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আহসান উল ইসলাম বলেন, সীমান্ত আইন অনুযায়ী এ বিষয়ে বিজিবি পদক্ষেপ নেবে।













