স্বরাষ্ট্রের তদন্ত শেষ পর্যায়ে, প্রতিবেদন জমা হতে পারে রোববার

একাত্তর লাইভ
একাত্তর লাইভ ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১০:৪৭ পিএম
স্বরাষ্ট্রের তদন্ত শেষ পর্যায়ে, প্রতিবেদন জমা হতে পারে রোববার

কুষ্টিয়ায় এনসিপি নেত্রী ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন লাগার ঘটনা তদন্তের অংশ হিসেবে বাড়িটি পরিদর্শনে যান স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটির সদস্যরা। শনিবার দুপুর ১২টায় দৌলতপুরের বাগোয়ান গ্রামেছবি: প্রথম আলো

নুসরাতের বাড়িতে আগুন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী ও জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার পৈতৃক বাড়িতে আগুনের কারণ গুরুত্ব দিয়ে তদন্ত করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গঠিত কমিটি। পেট্রোল বোমা বা শর্টসার্কিটের পাশাপাশি অন্য কোনো নাশকতা বা দুর্ঘটনা থেকে আগুনের সূত্রপাত হয়েছে কি না, কমিটি সেটা পর্যালোচনা করে দেখছে। তদন্ত কমিটির এক সদস্য প্রথম আলোকে এই তথ্য জানিয়েছেন।

প্রাথমিক তদন্তের বরাত দিয়ে আজ শনিবার তদন্ত কমিটির এক সদস্য বলেন, ঘটনার দিন রাত ১২টা ১৫ মিনিট ৩০ সেকেন্ডে যে আগুনের স্ফুলিঙ্গ ক্লোজড সার্কিট টিভি ক্যামেরার (সিসিটিভি) ফুটেজ দেখা গেছে, তাতে প্রথমে ভাবা হয়েছিল সেটিই মনে হয় আগুন লাগার শুরু। কিন্তু সেই স্ফুলিঙ্গ হওয়ার অনেক আগে থেকেই আগুন অল্প অল্প করে জ্বলছিল। এটার ভিডিও ফুটেজ আছে। ওই স্ফুলিঙ্গই আগুনের সূত্রপাত ছিল না। আগুনের সূত্রপাত অনেক আগেই হয়েছে।

বিজ্ঞাপন

শর্টসার্কিটের বিষয়ে জানতে চাইলে তদন্তকারী ওই কর্মকর্তা বলেন, ‘তৃতীয়বার যখন দপ করে আগুন জ্বলে ওঠে, তখন বিদ্যুতের বাতি নেভে; কিন্তু তারও আগে থেকে আগুন লেগেছে। শর্টসার্কিটের কারণে আগুন লাগেনি।’

তদন্ত কমিটি মনে করছে, ওই বাড়ির একটি কক্ষে খড় রাখা ছিল। কেউ হয়তো খড়ে আগুন দিয়েছিল বা দুর্ঘটনায় এটি হতে পারে। বিষয়টি আরও পর্যালোচনা করা হচ্ছে।

বিজ্ঞাপন

গতকাল শুক্রবার ও আজ শনিবার দুই দিন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে নুসরাতদের পোড়া বাড়িটি পরিদর্শন করেন তদন্ত কমিটির সদস্যরা।

গত বুধবার গভীর রাতে দৌলতপুরের বাগোয়ান গ্রামে এনসিপির যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য (এমপি) নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে আগুনের ঘটনা ঘটে। এ ঘটনা তদন্তে গত বৃহস্পতিবার কুষ্টিয়া জেলা স্থানীয় সরকারের উপপরিচালক (উপসচিব) আহমেদ মাহবুব উল ইসলামকে প্রধান করে চার সদস্যের একটি কমিটি গঠন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

কমিটির অন্য তিন সদস্য হলেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবির) কুষ্টিয়া সেক্টরের অতিরিক্ত পরিচালক (অপারেশনস) মেজর আসরারুল হক, কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) দেলোয়ার হোসেন, কুষ্টিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক ওয়াদুদ হোসেন। কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

আজ শনিবার দুপুর পৌনে ১২টার দিকে ওই বাড়িতে যান তদন্ত কমিটির সদস্যরা। এ সময় তাঁদের সঙ্গে কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার (টেকনিক্যাল) ময়নুল হুদা ছিলেন। এর আগে শুক্রবার সকাল সাড়ে ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত এই কমিটির সদস্যরা ওই বাড়িতে ছিলেন। তাঁরা সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলেন এবং বিভিন্ন আলামত সংগ্রহ করেন।

নুসরাতের বাড়িতে আগুন শর্টসার্কিট থেকে হওয়ার সুযোগ নেই: পল্লী বিদ্যুৎ কর্মকর্তা

স্থানীয় সূত্রে জানা গেছে, তদন্ত কমিটির সদস্যরা পল্লী বিদ্যুতের ওই কর্মকর্তাকে নিয়ে পোড়া বাড়ির কক্ষগুলো ঘুরে ঘুরে দেখেন। বিদ্যুতের মিটার যেখানে স্থাপন করা ছিল, সে জায়গা এবং বিদ্যুতের তারসহ অন্য বিষয়গুলো দেখেন। সেখানে আধা ঘণ্টার বেশি সময় থাকার পর তাঁরা সবাই বাড়ি থেকে চলে যান। তবে গণমাধ্যমের সামনে সেখানে পল্লী বিদ্যুতের কর্মকর্তা কোনো কথা বলতে রাজি হননি।

যোগাযোগ করা হলে কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার জিল্লুর রহমান মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘যেহেতু বিদ্যুতের লাইন পল্লী বিদ্যুতের, সে জন্য সেখানে একজন কর্মকর্তা গেছেন। আমি যাইনি। মিটারসহ অন্য বিষয়গুলো আবার দেখা হচ্ছে। সেখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটিও ছিল।’

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর তদন্তের নিরপেক্ষতা নিয়ে সন্দিহান থাকব: নুসরাত তাবাসসুম

উল্লেখ্য, পৈতৃক বাড়িতে আগুনের ঘটনায় আগুন ও বিস্ফোরণ ঘটিয়ে পরিবারের সদস্যদের হত্যাচেষ্টার অভিযোগে দৌলতপুর থানায় মামলা করেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুম। মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ এবং কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের কুষ্টিয়া জেলা ও দৌলতপুর উপজেলা নেতাদের নাম উল্লেখ করা হয়েছে। শনিবার পর্যন্ত মামলার কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

তদন্ত কমিটির প্রধান কুষ্টিয়া জেলা স্থানীয় সরকারের উপপরিচালক (উপসচিব) আহমেদ মাহবুব উল ইসলাম প্রথম আলোকে বলেন, তদন্ত শেষ পর্যায়ে। আগামীকাল (রোববার) চূড়ান্ত প্রতিবেদন পাঠানো হবে।

নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে বাড়ি ভাঙচুর ও জমি দখলের অভিযোগে মামলা