অস্ট্রেলিয়া সিরিজ থেকে ছিটকে গেলেন ইংল্যান্ডের বেথেল

একাত্তর লাইভ
একাত্তর লাইভ ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২:০৮ এএম
অস্ট্রেলিয়া সিরিজ থেকে ছিটকে গেলেন ইংল্যান্ডের বেথেল

ঢাকা, ১১ নভেম্বর ২০২৬ (বাসস) : অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংল্যান্ডের সাদা বলের সিরিজ থেকে ছিটকে গেছেন জ্যাকব বেথেল। বুধবার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এর ফলে আগামী ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা সফরের টেস্ট সিরিজেও তার খেলা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

ডান হাঁটুর চোটের কারণে গত জুলাই থেকে মাঠের বাইরে রয়েছেন বেথেল। ইংলিশ মৌসুমে অস্ত্রোপচারও করাতে হয়েছিল তাকে। তবে মাঠে ফেরার পরিকল্পনা নিয়ে গত সপ্তাহে পার্থে দলের সঙ্গে যোগ দিয়েছিলেন ২৩ বছর বয়সী এই ক্রিকেটার।

বিজ্ঞাপন

কিন্তু হাঁটুর পুরোনো চোট আবারও ফিরে এসেছে। ফলে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে এখন ইংল্যান্ডে ফিরতে হবে তাকে।

এর ফলে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ওয়ানডে ও পাঁচ টি-টোয়েন্টি- কোনোটিতেই খেলতে পারবেন না এই টপ অর্ডার ব্যাটার ও বাঁহাতি স্পিনার। ডিসেম্বরে শুরু হতে যাওয়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে তার অংশগ্রহণও এখন অনিশ্চিত।

বিজ্ঞাপন

এর আগে পায়ের আঙুলের চোটের কারণে অস্ট্রেলিয়া সফর থেকে ছিটকে গেছেন ইংল্যান্ডের পেসার জশ টাং। তার পরিবর্তে দলে নেওয়া হয়েছে অভিষেকের অপেক্ষায় থাকা জেমস কোলস ও এডি জ্যাককে।

এক বিবৃতিতে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) জানায়, “ডান হাঁটুর স্ক্যানের পর অস্ট্রেলিয়া সফরের সাদা বলের সিরিজ থেকে জ্যাকব বেথেলকে বাদ দেওয়া হয়েছে।

“চলতি সপ্তাহের শুরুতে পার্থে অনুশীলনের সময় চোট থেকে ফেরার পথে আবারও বাঁধার মুখে পড়েন বেথেল।

“সামনে ব্যস্ত শীতকালীন সূচি থাকায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে, শনিবার তিনি যুক্তরাজ্যে ফিরবেন এবং সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন।”

বেথেলের জন্য এটি আরেকটি বড় ধাক্কা। ২০২৬ সালের শুরুতে সিডনিতে অ্যাশেজের শেষ টেস্টে দুর্দান্ত সেঞ্চুরি করেছিলেন তিনি। কিন্তু এরপর তিন সংস্করণ মিলিয়ে টানা ছয়টি সিরিজে খেলা হয়নি তার।