মালদ্বীপকে বিদায় করে সেমিফাইনালে ভারত
প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১২:০৪ এএম
ভারত একাদশ : প্রিয়াংশ দুবে (গোলরক্ষক), সি সিং কোনশাম (অধিনায়ক), সন্দীপ মান্ডি, মুহাম্মদ উভাইস মইক্কাল, খাইমিনথাং লুংদিম, অভিষেক সূর্যবংশী, রিকি জন শাবং, ম্যাকার্টন লুই নিকসন, ব্রাইসন ডিউবেন, আবদুল রাবিহ ও সুহাইল আহমেদ ভাট।
মালদ্বীপ একাদশ : হুসেইন শরিফ (গোলরক্ষক), সামুহ আলী (অধিনায়ক), হুসেইন সিফাউ ইউসুফ, ইব্রাহিম আইসাম, আহমেদ আইহাম (১), আহমেদ আইহাম (২), আমধান আলী, ইব্রাহিম মাহুধি হুসেইন, হাসান ইনায়াজ, নাইজ হাসান ও নিশাম মোহাম্মদ রশিদ।
ঢাকা, ১১ নভেম্বর ২০২৬ (বাসস) : সাফ চ্যাম্পিয়নশিপে গ্রুপ ‘বি’-এর শেষ ম্যাচে আজ বুধবার জাতীয় স্টেডিয়ামে মালদ্বীপকে ১-০ গোলে হারিয়ে গ্রুপের শীর্ষ দল হিসেবে সেমিফাইনালে উঠেছে ভারত।
আগামী ১৪ নভেম্বর প্রথম সেমিফাইনালে গ্রুপ ‘এ’-এর রানার্সআপ দলের মুখোমুখি হবে ভারত।
আক্রমণ-পাল্টা আক্রমণের পর ৩৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করে এগিয়ে যায় ভারত। পেনাল্টি বক্সের মধ্যে আবদুল রাবিহকে ফাউল করেন মালদ্বীপের ডিফেন্ডার হুসেইন সিফাউ ইউসুফ। রেফারি মানিল মোহাম্মদ আল পেনাল্টির নির্দেশ দেন।
স্পট কিক থেকে গোল করতে ভুল করেননি মোহনবাগানের স্ট্রাইকার সুহাইল আহমেদ ভাট। চলতি টুর্নামেন্টে এটি তার তৃতীয় গোল।
প্রথমার্ধে আধিপত্য বিস্তার করে খেলেছে ভারত। একের পর এক আক্রমণ তৈরি করে মালদ্বীপের রক্ষণভাগকে চাপে রাখে তারা। মালদ্বীপও কয়েকটি ভালো সুযোগ তৈরি করেছিল, তবে ভারতের গোলপোস্টে বড় কোনো হুমকি সৃষ্টি করতে পারেনি।
বিরতির পর ৭৯ মিনিটে সমতায় ফেরার কাছাকাছি পৌঁছে যায় মালদ্বীপ। বদলি খেলোয়াড় হামধানের ফ্রি-কিক দারুণ দক্ষতায় রুখে দেন ভারতের গোলরক্ষক প্রিয়াংশ দুবে। পাঁচ মিনিট পর মুজধান হাসানের শটও ঠেকিয়ে দেন তিনি।
যোগ করা সময়ে সমতা ফেরানোর সবচেয়ে ভালো সুযোগ পায় মালদ্বীপ। বক্সের মধ্যে বল পেয়ে জাকি গোলের সামনে অরক্ষিত অবস্থায় ছিলেন। তবে দ্রুত এগিয়ে এসে তার শট ঠেকিয়ে দেন দুবে।
এ ঘটনায় ভারতীয় গোলরক্ষকের চোট নিয়ে শঙ্কা তৈরি হলেও শেষ পর্যন্ত উঠে দাঁড়ান তিনি।
শেষ কয়েক মিনিটের চাপ সামলে পূর্ণ তিন পয়েন্ট নিশ্চিত করে ভারত। গ্রুপ ‘বি’-এর শীর্ষে থেকে সেমিফাইনালে ওঠে তারা। অন্যদিকে, টানা দুই ম্যাচে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে মালদ্বীপ।













