আদালত চত্বরে সাঈদ খোকনের আইনজীবীকে মারধর, সাংবাদিককে হেনস্তা

একাত্তর লাইভ
একাত্তর লাইভ ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৫:১৮ এএম
আদালত চত্বরে সাঈদ খোকনের আইনজীবীকে মারধর, সাংবাদিককে হেনস্তা

হত্যা মামলায় গ্রেপ্তার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনের আইনজীবী ও যুবলীগের সাংগঠনিক সম্পাদক শামীম আল সাইফুল সোহাগকে ঢাকার আদালত চত্বরে মারধর করে পুলিশে সোপর্দ করা হয়েছে। 

মঙ্গলবার (১৭ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটেছে। এর আগে সংবাদ সংগ্রহে গেলে ‘দৈনিক আগামীর সময়’-এর স্টাফ রিপোর্টার মাসুদ রানাকে হেনস্তা করে ছাত্রদল।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রিমান্ড শুনানির জন্য আসামি সাঈদ খোকনকে প্রিজন ভ্যানে করে আদালত চত্বরে আনা হয়। তখন তাকে প্রিজন ভ্যান থেকে নামানোর ছবি নিতে গেলে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ শাখা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মো. শাকিল আহম্মেদ সেতুর নেতৃত্বে নেতাকর্মীরা বাধা দেন। একপর্যায়ে আওয়ামী লীগের দালাল আখ্যায়িত করে গালিগালাজ করেন। 

পরে রিমান্ড শুনানির জন্য সাঈদ খোকনকে কাঠগড়ায় নেয়া হয়। এসময় শুনানি করতে যাওয়ার পথে তার আইনজীবী ও যুবলীগের নেতা সোহাগকে আটকে মারধর করে ছাত্রদলের নেতাকর্মীরা। পরে তাকে ধরে নিয়ে সূত্রাপুর থানায় হস্তান্তর করে।

বিজ্ঞাপন

এ বিষয়ে সাংবাদিক মাসুদ রানা বলেছেন, পেশাগত দায়িত্ব পালনে বাধা দিয়ে ছাত্রদল নেতা সেতু আমাকে হেনস্তা করেন। এক পর্যায়ে আওয়ামী লীগের দালালি করতে এসেছে উল্লেখ করে কার্ড কেড়ে নেওয়ার চেষ্টা করেন। আদালত চত্বরে এ ধরনের ঘটনা অনাকাঙ্ক্ষিত।