নিষিদ্ধ ছাত্রলীগ ফোনে হুমকি দিয়েছে, গালিগালাজ করেছে, জানালেন সামান্তা শারমিন
প্রকাশিত: রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৪:১৮ পিএম
সামান্তা শারমিনছবি: সামান্তা শারমিনের ফেসবুক থেকে
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করা সামান্তা শারমিন জানিয়েছেন, তিনি ফোনে হুমকি পেয়েছেন। তাঁকে গালাগালিও করা হয়েছে।
সামান্তা শারমিন আজ রোববার দুপুর ১২টা ৩৫ মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ কথা বলেন।
ফেসবুক পোস্টে সামান্তা শারমিন উল্লেখ করেন, বরগুনা জেলা ছাত্রলীগ (নিষিদ্ধ সংগঠন) পরিচয় দিয়ে সবুজ খান নামের একজন দুপুর ১২টা ২৭ মিনিটে তাঁকে কিছুদিনের মধ্যে ‘জয় বাংলা’ করে দেওয়ার হুমকি দিয়েছেন। তাঁকে অকথ্য ভাষায় গালাগালি করা হয়েছে। কিন্তু ছাত্রলীগে এই ব্যক্তির পদবি কী, তা তিনি বলতে রাজি হননি। আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) ঠিকানা এই বাংলায় হবে না।
নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে বাড়ি ভাঙচুর ও জমি দখলের অভিযোগে মামলা
ফেসবুক পোস্টটির বিষয়ে যোগাযোগ করা হলে সামান্তা শারমিন প্রথম আলোকে বলেন, ‘হোয়াটসঅ্যাপে যখন কল করে, তখন নেটওয়ার্ক চলে যায়। শুধু বরগুনা জেলা ছাত্রলীগের পরিচয়টুকু শুনতে পাই। পরে আবার ফোন করে। রিসিভ করার পর বলে, “আমি সবুজ খান। বরগুনা জেলা ছাত্রলীগ।” এরপর বলে, “তোমাকে জয় বাংলা কইরা দেওয়া হবে আর কিছুদিনের মধ্যে।” আমি বললাম, জয় বাংলা জিনিসটা কী? এরপর সে অকথ্য ভাষায় আমাকে গালিগালাজ শুরু করে।’
সামান্তা শারমিনের ভাষ্য, ‘একপর্যায়ে আমি হুমকিদাতাকে জিজ্ঞেস করি, আপনি বরগুনা জেলা ছাত্রলীগের কোন পদে আছেন, বরগুনার কোন জায়গায় আপনার অবস্থান, ঢাকায় রাজনীতি করতেন, নাকি শুরু থেকেই বরগুনায় রাজনীতি করেন? সে কোনো উত্তর না দিয়ে আমাকে গালিগালাজ করছিল। কোনো উত্তর না দিয়ে একপর্যায়ে সে নিজেই ফোন কেটে দেয়।’
এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন, বললেন ‘জামায়াতে হারিয়ে যাচ্ছে’ দলটি
এ ঘটনায় আজ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করবেন বলে জানান সামান্তা শারমিন।
২০২৪ সালের জুলাই গণ–অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণেরা অভ্যুত্থানের পর জাতীয় নাগরিক কমিটি গঠন করেছিল। এর মুখপাত্রের দায়িত্ব পালন করেছিলেন সামান্তা শারমিন।
জুলাই গণ–অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণেরা প্রায় দুই বছর আগে যখন এনসিপি গঠন করেন, তখন সামান্তা শারমিন দলটির জ্যেষ্ঠ আহ্বায়ক হয়েছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী সামান্তা শারমিন সবশেষ এনসিপির যুগ্ম আহ্বায়ক ছিলেন। ৫ নভেম্বর তিনি এনসিপি থেকে পদত্যাগ করেন।
হত্যার হুমকি পাচ্ছেন এনসিপি নেত্রী ও এমপি মাহমুদা মিতু
গত শুক্রবার হত্যার হুমকি পাওয়ার কথা জানান জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের মনোনয়নে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও এনসিপির নেত্রী মাহমুদা আলম মিতু। আগের দিন (বৃহস্পতিবার) এনসিপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার বাড়িতে আগুনের ঘটনা ঘটে। এ ঘটনাকে নাশকতা বলছেন নুসরাত তাবাসসুম।













