বংশগত ইতিহাস বা অতিরিক্ত ওজন না থাকলেও কেন হতে পারে ডায়াবেটিস?

একাত্তর লাইভ
একাত্তর লাইভ ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১১:৩৯ এএম
বংশগত ইতিহাস বা অতিরিক্ত ওজন না থাকলেও কেন হতে পারে ডায়াবেটিস?

ওজন স্বাভাবিক, খাদ্যাভ্যাসও মোটামুটি নিয়ন্ত্রিত, এমনকি পরিবারে কারও ডায়াবেটিসের ইতিহাস নেই— তবু হতে পারে মধুমেহ? সাধারণত ভাত বা মিষ্টিজাতীয় খাবারকেই এর জন্য দায়ী করা হয়। 

হাত, পা ও পিঠের পেশি কেবল ভারী জিনিস তোলা বা দৈনন্দিন কাজকর্মের জন্যই নয়, রক্তের গ্লুকোজ জমিয়ে রাখার ভান্ডার হিসেবেও কাজ করে। অগ্ন্যাশয় থেকে নিঃসৃত ইনসুলিন হরমোন পেশির কোষকে রক্ত থেকে গ্লুকোজ় শোষণের সঙ্কেত দেয়, যা পরবর্তীতে শক্তি হিসেবে ব্যবহৃত বা সঞ্চিত হয়। পেশি ক্ষয় হলে গ্লুকোজ শোষণের মাত্রাও কমে যায়। পাশাপাশি, পেশির কোষ ইনসুলিনের প্রতি সাড়া না দিলে অগ্ন্যাশয়কে বাড়তি ইনসুলিন তৈরি করতে হয়। দীর্ঘমেয়াদে এই চাপ সামলাতে না পারলে রক্তে শর্করার মাত্রা বেড়ে যায়।

বিজ্ঞাপন

ওজন কম থাকা সত্ত্বেও ঝুঁকি কেন

এক ওজন হলেও, দু’জন মানুষের শরীরে পেশি এবং চর্বির অনুপাত ভিন্ন হতে পারে। বিশেষ করে কাউকে রোগা বলে মনে হলেও পেটের ভিতরে ও লিভারের মতো অঙ্গের চারপাশে চর্বি জমতে পারে। কিন্তু সেই অনুপাতে পেশির পরিমাণ কম থাকতে পারে। গবেষকদের ভাষায়, এই অবস্থাকে ‘থিন ফ্যাট’ ফেনোটাইপ বলা হয়, যা তুলনামূলক কম বয়সেই টাইপ ২ ডায়াবেটিস এবং হৃদরোগের ঝুঁকি বৃদ্ধি করতে পারে। এ ক্ষেত্রে পারিবারিক ইতিহাস না থাকলেও ঝুঁকি পুরোপুরি এড়ানো যায় না। তা ছাড়া, বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে পেশির ভর ও শক্তি কমতে শুরু করে। পেশি ও শক্তি কমে গেলে চিকিৎসাবিজ্ঞানে তাকে 'সারকোপেনিয়া' বলা হয়।

বিজ্ঞাপন

ব্যায়াম এবং প্রোটিনের সমন্বয়

রক্তে শর্করা নিয়ন্ত্রণে খাবার পর হাঁটা উপকারী হলেও, কেবল হাঁটলেই পেশির শক্তি বজায় থাকে না। সপ্তাহে অন্তত দু’দিন শক্তি বৃদ্ধির ব্যায়াম করা জরুরি। একই সঙ্গে পেশি মেরামত ও গঠনের জন্য প্রতিদিনের খাবারে পর্যাপ্ত প্রোটিন (ডাল, ছোলা, পনির, টোফু, ডিম, দই, মাছ বা মাংস) রাখা জরুরি। ওজন কমানোর সময় পেশির ক্ষয় যাতে না হয়, সে জন্য ডায়েট ঠিক করতে হবে।

সূত্র: আনন্দবাজার
 আইজে