ডায়াবেটিস নিয়ন্ত্রণে চালু হচ্ছে ‘ডায়াবেটিস মেলা’ অ্যাপ
প্রকাশিত: শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১১:১৫ পিএম
দেশে ডায়াবেটিসে আক্রান্ত রোগী ও ঝুঁকিতে থাকা ব্যক্তিদের সচেতনতা বাড়ানো এবং রোগ ব্যবস্থাপনায় সহায়তা দিতে চালু হতে যাচ্ছে ‘ডায়াবেটিস মেলা’ নামে একটি অ্যাপ। এর মাধ্যমে একজন ব্যক্তি ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি এবং রোগে আক্রান্ত কি না, সে সম্পর্কে প্রাথমিক ধারণা পাবেন। পাশাপাশি স্বাস্থ্যকর জীবনযাপন, রোগ প্রতিরোধ ও চিকিৎসাসংক্রান্ত প্রয়োজনীয় তথ্য ও সহায়তা পাওয়া যাবে।
শনিবার (১৪ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সম্মেলন কক্ষে ডায়াবেটিস মেলা আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আয়োজকেরা।
সংবাদ সম্মেলনে ডায়াবেটিস মেলার প্রধান সমন্বয়ক ডা. মো. ফজলেরাব্বী খান বলেন, অ্যাপটির মাধ্যমে যে কেউ নিজের ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি কিংবা আক্রান্ত হওয়ার বিষয়ে প্রাথমিক ধারণা নিতে পারবেন। যারা ঝুঁকিতে রয়েছেন, তারা প্রয়োজনীয় তথ্য ও স্বাস্থ্যকর জীবনযাপন সম্পর্কে জানতে পারবেন। আর আক্রান্ত ব্যক্তিরা পাবেন চিকিৎসা ও রোগ ব্যবস্থাপনা-সংক্রান্ত বিভিন্ন সহায়তা। এর মাধ্যমে রোগী ও ঝুঁকিতে থাকা ব্যক্তিরা নিজেদের স্বাস্থ্য ব্যবস্থাপনায় আরও সচেতন ও দায়িত্বশীল হতে পারবেন। এ উদ্যোগে সার্বিক সহযোগিতা করছে বেক্সিমকো ফার্মা ও কংগ্রেসিয়া।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক, বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির সভাপতি নির্বাচিত (প্রেসিডেন্ট ইলেক্ট) এবং ডায়াবেটিস মেলার উপদেষ্টা পরিষদের সদস্য ডা. শাহাজাদা সেলিম বলেন, বিশ্বব্যাপী ডায়াবেটিস উদ্বেগজনক হারে বাড়ছে। বাংলাদেশেও এ রোগের প্রকোপ আশঙ্কাজনক। দেশে প্রতি ১০ জনে একজন ডায়াবেটিসে আক্রান্ত। আক্রান্ত ব্যক্তিদের ৬২ দশমিক ১ শতাংশই জানেন না যে তাঁদের ডায়াবেটিস রয়েছে। অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস, শারীরিক পরিশ্রমের অভাব, স্থূলতা ও অসচেতনতা এ রোগের ঝুঁকি বাড়াচ্ছে।
তিনি বলেন, ডায়াবেটিসে আক্রান্ত হলে সাধারণত তা পুরোপুরি নিরাময় করা যায় না। তবে স্বাস্থ্যকর খাবার গ্রহণ, নিয়মিত হাঁটাচলা ও ব্যায়াম, সময়মতো পরীক্ষা, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে রোগটি নিয়ন্ত্রণে রাখা সম্ভব। কিন্তু বাস্তবতা হলো, দেশের ৯২ শতাংশ ডায়াবেটিস রোগীর রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে নেই। ফলে তাঁদের হৃদ্রোগ, স্ট্রোক, কিডনি বিকল হওয়া, রক্তনালির জটিলতা, দৃষ্টিশক্তি ও স্নায়ুর ক্ষতির ঝুঁকি তৈরি হচ্ছে। এতে রোগীর স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ার পাশাপাশি চিকিৎসার ব্যয় বাড়ছে এবং পরিবার ও স্বাস্থ্যব্যবস্থার ওপর চাপ তৈরি হচ্ছে।
ডা. শাহাজাদা সেলিম আরও বলেন, ডায়াবেটিস প্রতিরোধে আগাম সচেতনতা, দ্রুত রোগ শনাক্তকরণ এবং আক্রান্ত ব্যক্তিদের নিয়মিত চিকিৎসা নিশ্চিত করা জরুরি। এ লক্ষ্যেই ২০১৯ সাল থেকে তাঁরা ডায়াবেটিস সচেতনতামূলক বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন। ছোট-বড় নানা পরিসরে আয়োজন করা হচ্ছে ‘ডায়াবেটিস মেলা’। এ মেলার মাধ্যমে মানুষ ডায়াবেটিস নিয়ন্ত্রণের প্রয়োজনীয় তথ্য পাচ্ছেন এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে পরামর্শ নেওয়ার সুযোগ পাচ্ছেন। রোগটি নিয়ে অযথা আতঙ্কিত না হয়ে সচেতনতা ও সঠিক ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দেওয়াই তাঁদের লক্ষ্য। তাঁদের প্রতিপাদ্য ‘ডায়াবেটিস আমার, দায়িত্বও আমার’।
সংবাদ সম্মেলনে ডা. শাহাজাদা সেলিম ‘ডায়াবেটিস মেলা’ অ্যাপের লোগো উন্মোচন করেন। তিনি বলেন, যাদের জন্য অ্যাপটি তৈরি করা হচ্ছে, তাদের মতামতের ভিত্তিতেই এটিকে আরও কার্যকর ও পূর্ণাঙ্গ করা হবে। এ জন্য সাধারণ মানুষ নির্ধারিত মতামত ফর্ম পূরণ করে, ফেসবুক পেজে অথবা সরাসরি হোয়াটসঅ্যাপে (০১৭০১ ৬৬৫৪৬৫) তাদের পরামর্শ দিতে পারবেন। এ ছাড়া নির্ধারিত কিউআর কোড স্ক্যান করেও মতামত জানানোর সুযোগ রয়েছে।













