বাংলাদেশ থেকে পণ্য নিতে আগ্রহী ঘানা, ওষুধ–পোশাকসহ ছয় পণ্যে সম্ভাবনা বেশি
প্রকাশিত: বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৯:১৯ পিএম
আজ বিকেলে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হকের সঙ্গে সাক্ষাৎ করেন ঘানার হাইকমিশনার কোয়াসি অবিরি-ডানসোছবি: এফবিসিসিআইয়ের সৌজন্যে
বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহী পশ্চিম আফ্রিকার দেশ ঘানা। দেশটির বাজারে বাংলাদেশে উৎপাদিত ওষুধ, তৈরি পোশাক, সিরামিক, প্লাস্টিক, পাট ও পাটজাত পণ্যের বড় সম্ভাবনা রয়েছে বলে মনে করেন ঘানার হাইকমিশনার কোয়াসি অবিরি-ডানসো।
আজ বিকেলে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হকের সঙ্গে সাক্ষাৎকালে ঘানার হাইকমিশনার কোয়াসি অবিরি-ডানসো এ কথা বলেন। এফবিসিসিআইয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।
উল্লেখ্য, বিশ্ববাজারে স্বর্ণ এবং কোকোবীজের অন্যতম রপ্তানিকারক দেশ ঘানা।
বৈঠকে ঘানার হাইকমিশনার জানান, বর্তমানে দুই দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ মাত্র ৩৫ থেকে ৪০ লাখ ডলার, যা অত্যন্ত নগণ্য। দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধি এবং বিনিয়োগ সম্প্রসারণে উভয় দেশের ব্যবসায়ীদের মধ্যে নিয়মিত যোগাযোগ ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি।
হাইকমিশনার বলেন, ঘানায় আফ্রিকান কন্টিনেন্টাল ফ্রি ট্রেড এরিয়ার কার্যালয় অবস্থিত। সুতরাং ঘানার সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে সমগ্র আফ্রিকা মহাদেশের বিশাল বাজারে বাংলাদেশি পণ্যের সহজ প্রবেশাধিকারের সুযোগ প্রসারিত হতে পারে বলে উল্লেখ করেন তিনি।
বাংলাদেশ-ঘানা বাণিজ্য সম্পর্ক জোরদার করতে উভয় দেশের শীর্ষ বাণিজ্য সংগঠনের মধ্যে নিয়মিত তথ্যবিনিময়, সরাসরি ও অনলাইন সভা এবং সুনির্দিষ্ট বাণিজ্যিক অংশীদার খোঁজার জন্য প্রাতিষ্ঠানিক যোগাযোগ বৃদ্ধির ওপর জোর দেন এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক।
ফজলুল হক বলেন, বাংলাদেশ থেকে তৈরি পোশাক, ওষুধ, চামড়াজাত পণ্য, সিরামিক, প্লাস্টিক ও প্রক্রিয়াজাত খাদ্যপণ্য ঘানায় রপ্তানি করার অপার সম্ভাবনা রয়েছে।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের মহাসচিব মো. আলমগীর, ঘানার মিনিস্টার-কাউন্সিলর (পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক) সাকরাতা লামিনি ইদ্রিসু, মিনিস্টার কাউন্সিলর মুনিরু কাদিরি, অনারারি কনস্যুলার বিশেষ সহকারী আরপো খান।













