সহনশীলতা আর পরমত সহিষ্ণুতার পাঠ
প্রকাশিত: সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১২:৫৮ পিএম
রাষ্ট্র যদি গণতন্ত্র চর্চা করে, তা ব্যক্তিতেও প্রভাব ফেলতে বাধ্য। এর উল্টোটিও হতে পারে, আগে ব্যক্তি তার নিজ জীবন ও পরিবারে গণতন্ত্র চর্চায় আসবে। এরপর তা ক্রমান্বয়ে ছড়িয়ে পড়বে রাষ্ট্রীয় পর্যায়েও।
খেয়াল করা প্রয়োজন যে, আমাদের মতো একটা ছোট্ট ভূখণ্ডে মুক্তিযুদ্ধের মতো বড় একটি কাণ্ড যখন ঘটে গেল, তখন আমরা হয়তো নিজেদের রাষ্ট্রের চেয়েও স্বাধীন ভাবা শুরু করেছিলাম। নয়তো মুক্তিযুদ্ধে শহীদদের মহান আত্মত্যাগ ভুলে কীভাবে আমরা পারলাম গরিবের হক চুরির সঙ্গে জড়িয়ে যেতে।
আর তা যখন নিবারণ হলো না, তখন চেইন রিঅ্যাকশনের মতো একে একে ঘটে যেতে লাগলো, চুয়াত্তরের দুর্ভিক্ষ, পঁচাত্তরের হত্যাযজ্ঞ, সামরিক অভ্যুত্থান, পাল্টা অভ্যুত্থান। নব্বইয়ের গণআন্দোলনও কিন্তু হয়েছিল সেই হতাশা থেকেই। তারপর তো রক্তের নানা চোরাস্রোত বেয়ে এলো চব্বিশের গণঅভ্যুত্থান।
চব্বিশের এই অভ্যুত্থানে আমরা এত রক্ত, এত হতাশা আর অসহিষ্ণুতা দেখেছি যে, তা ছড়িয়ে পড়েছে পরবর্তী জাতীয় জীবনেও। ফলে রাষ্ট্রকে এখন সহনশীলতার কথা ভাবতে হবে। সে জন্য ধর্মীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠতে হবে। আমাদের সমাজে আগে থেকেই যে বহুত্ববাদী বৈচিত্র্য বিদ্যমান তাকে উৎসাহিত করতে হবে সচেতনভাবে।
কারণ বহুত্ববাদী চর্চা বজায় রাখতে গেলে স্বয়ংক্রিয়ভাবেই আমাদের পরমতের প্রতি শ্রদ্ধা দেখাতে হবে। স্বয়ংক্রিয়ভাবেই চর্চা করতে হবে ধৈর্যের। মনে রাখতে হবে, সহনশীলতা কেবল একটি নৈতিক গুণই নয়, এটি একটি সুস্থ, প্রগতিশীল এবং গণতান্ত্রিক সমাজের প্রাণশক্তি।
ফরাসি দার্শনিক ভলতেয়ারের অমর বাণী যেমন আমাদের স্মরণ করিয়ে দেয়—আপনার মতামতের সাথে আমি একমত না হতে পারি, তবুও আপনার মত প্রকাশের অধিকার রক্ষায় আমি আমার জীবন দিতে প্রস্তুত।
নোবেলজয়ী অর্থনীতিবিদ ও দার্শনিক অমর্ত্য সেনও বারবার স্মরণ করিয়ে দিয়েছেন, মানুষের বহুমুখী পরিচয়কে অস্বীকার করে একক কোনো পরিচয়ে তাকে সংজ্ঞায়িত করার প্রবণতাই হানাহানির জন্ম দেয়, আর এই সংকীর্ণতা দূর করতে সহনশীলতার পরশ অপরিহার্য।
বিশ্বের প্রায় প্রতিটি প্রাচীন ধর্ম ও মনীষীর বাণীতেও সহনশীলতার শাশ্বত বাণী উচ্চারিত হয়েছে। প্রাচীন ভারতীয় দর্শনের ‘বসুধৈব কুটুম্বকম’ ধারণাও সমগ্র বিশ্বকে একটি পরিবার হিসেবে দেখার শিক্ষা দেয়। মহাত্মা গান্ধী পরমতসহিষ্ণুতার শক্তি সম্পর্কে উচ্চারণ করেছিলেন, এটি দুর্বলতার লক্ষণ নয়, বরং আত্মবিশ্বাসী ও শক্তিশালী চরিত্রের সর্বোচ্চ রূপ।
মনে রাখা প্রয়োজন, সমাজ কেবল নিষ্ক্রিয় আইন বা সংবিধান দিয়ে সুন্দর রাখা যায় না, এর জন্য মানুষের ভেতরের সংকীর্ণতা দূর হওয়া দরকার। বর্তমান অস্থির সমাজে আমাদের এখনই পরিবার, সমাজ কিংবা কর্মক্ষেত্র—সব জায়গাতেই ভিন্নমতের প্রতি শ্রদ্ধাবোধ গড়ে তুলতে হবে। চারদিকে যে ঘৃণার পরিবেশ তৈরি হয়েছে, তা দূর করতে হবে। যে শিশু বা তরুণরা এই ঘৃণার সঙ্গে নিজেদের মিলিয়েছে, তাদের দিতে হবে ভালোবাসার পাঠ।
মার্কিন মানবাধিকার কর্মী মার্টিন লুথার কিং জুনিয়র যেমনটি বলে গেছেন, অন্ধকার দিয়ে অন্ধকার দূর করা যায় না, কেবল আলোই তা পারে। তেমনি ঘৃণা দিয়ে ঘৃণা দূর করা যায় না, কেবল ভালোবাসাই তা পারে। হতাশ ক্ষুব্ধ বিপর্যস্ত তরুণদের বোঝাতে হবে, অন্যের মুক্তি মানেই নিজের মুক্তি, কারণ অন্যের মতপ্রকাশের স্বাধীনতাকে অস্বীকার করা মানে দিনশেষে নিজের স্বাধীনতাই বিপন্ন করা।
একবিংশ শতাব্দীর অস্থির সমাজ যখন অস্থিমজ্জায় গভীর-গোপন অসুখে আচ্ছন্ন, তখন বারবার যদি কেউ স্থিরতার পাঠ আওরায় তাহলে তা অপলাপ মনে হতেই পারে। তা জেনেও এই অস্থিরতার মধ্যে একটু সহনশীলতা, একটু পরের অভিমত সহ্য করে নেওয়ার আকুতি নিয়ে এই নতুন করে লিখতে বসা।
সহনশীলতা ও পরমতের প্রতি সম্মান দেখানো কোনো দুর্বলতা নয়, বরং এটি মানব মনের এক বিশালতা এবং সভ্যতার পরিপক্বতার শ্রেষ্ঠ নিদর্শন। যে সমাজে মতের ভিন্নতাকে অপরাধ হিসেবে দেখা হয়, সে সমাজ স্থবির হয়ে যায়।
যে সমাজে মুক্তচিন্তা সমাদৃত হয় না, সে সমাজ উন্নতির দীপ্ত শিখরে পৌঁছায় না। যুদ্ধ আর ঘৃণার এই পরিবেশ ফেলে বরং আমাদের শান্তির গান গাইতে হবে। তরুণদের বলতে হবে, রবীন্দ্রনাথের কথা কিংবা মাদার তেরেসার কথা।
আমাদের সবাইকে বলতে হবে, যদি আমরা একে অপরকে শান্তি ও সহমর্মিতা গ্রহণ না করি, তবে কখনোই বিশ্বশান্তি প্রতিষ্ঠা করতে পারব না। সব ব্যক্তিগত অহংকার ও সংকীর্ণতা বিসর্জন দিয়ে সহনশীলতার স্নিগ্ধ আলোয় মাথা তুলে তাকাতে হবে।
বলতে হবে, ঘৃণার চেয়ে বরং সুরের গল্প শুনি—
‘সকাতরে ওই কাঁদিছে সকলে, শোনো শোনো পিতা।
কহো কানে কানে, শুনাও প্রাণে প্রাণে মঙ্গলবারতা।।’
পলাশ মজুমদার : কথাসাহিত্যিক
গোপন এ অস্থিরতা আমার কাতর আকুতিকেও চিরাচরিত বা পুরোনো বকবকের উচ্ছিষ্ট বলে দাগিয়ে দিতে পারে। তবু ঠিক করেছি, কথাগুলো বলি। তবু চাইছি সমাজে পরমত সহ্যের একটু সহনশীলতা আসুক। শত প্রতিকূলতা পেরিয়ে দেয়াল বেয়ে উঠে যাওয়া লতা গাছটার কচি পাতা বা ফুল যেমন মুক্ত বাতাসে নিজের অস্তিত্বের কথা জানান দেয়, তেমনি যেন এই প্রতিকূল অবস্থাতেও আমরা সহনশীল মানুষেরা যেন আমাদের অস্তিত্ব জানান দিতে পারি।
একসময় কবি ইমতিয়াজ মাহমুদ লিখেছিলেন, নিজের চিৎকার গিলে ফেলার নামই নাকি সহনশীলতা। কিন্তু তা তো কেবলই ব্যক্তিকেন্দ্রিক। প্রশ্ন হলো, সার্বিক সমাজে সহনশীলতা আসবে কীভাবে। সমাজের সম্মিলিত চিৎকার গিলে ফেলার তো আর উপায় নেই। সে একোণে ওকোণে হাহাকারের মতো ঘুরে বেড়াতে থাকে। তাহলে কি কেউ তাকে খুঁজে নেবে না, কেউ একটু পুষবে না তাকে আদর করে?
যদি সহনশীলতার অ আ ক খ আবার নতুন করে পাঠ করাতে হয়, তাহলে প্রথমে আলোচনা করতে হবে মানবচিন্তা বিকশিত হওয়ার সময় থেকে। খুব ভালো করে খেয়াল করলে দেখা যাবে, কিছু মানুষ জন্ম থেকেই সহনশীল আবার কেউ আজন্ম বিক্ষিপ্ত, উত্তপ্ত, অস্থির। আবার কেউ তার পারিবারিক বা সাংস্কৃতিক সমুন্নতির কারণে সহনশীল। ফলে এটা বলতেই পারি যে, সহনশীলতা এমন একটা গুণ যা মানুষ চাইলে চরিত্রগতভাবে অর্জন করতে পারে। আবার শিক্ষার মাধ্যমেও একে আয়ত্ত করা যায়।
অনেকে হয়তো বলতে পারেন, বিক্ষিপ্ততা, অপর্যাপ্ততা দিয়ে তো অনেকটা সময় চলে গেছে। মানুষ বঞ্চিত, ক্ষুব্ধ, হতাশ হতে হতে ধৈর্যের শেষ সীমায় হয়তো পৌঁছে গেছে। এখনকি আর সব মানুষকে সহনশীলতার কাতারে আনা যাবে? আমি বলবো তবুও সম্ভব। আদিম মানুষ যখন দলবদ্ধভাবে বসবাস শুরু করে, তখন নিজেদের মধ্যে সহযোগিতা ও সংঘাত এড়ানোর প্রয়োজন দেখা দেয়। বলা হয়, সেখান থেকেই পারস্পরিক সহনশীলতার আদি চর্চা গড়ে ওঠে।
আবার সভ্যতার বিকাশে বিভিন্ন জাতি, ধর্ম, ভাষা ও সংস্কৃতির মানুষের মধ্যে যোগাযোগ বাড়ার সঙ্গে সঙ্গে ভিন্নতাকে মেনে নেওয়ার প্রয়োজন তৈরি হয়। সেটা মানুষের সহনশীল চরিত্রকে আরেকটু পরিণত করে। তারপর যখন পরমত সহ্য করা, অহিংসতা বা ভালোবাসার দার্শনিক আধ্যাত্মিক ব্যাখ্যা নিয়ে ধর্মমতগুলো এলো, মানুষ তখন আক্ষরিক অর্থেই অনেক কিছু মেনে নিতে শিখলো।
আমার কথা হচ্ছে, সমাজ তো এখন আষ্টেপৃষ্ঠে অনেক বেশি আধুনিক। বাংলাদেশে ধর্মীয় চর্চা আর মাথানিচু অনুগামী মানুষের সংখ্যা বেড়ে গেছে হু হু করে। তাহলে সংকটটা কোথায়! আমার মনে হয়, সংকটের বীজ নিহিত স্বার্থে।
চারদিকে হু হু করে বেড়ে চলা মানুষের ভিড়ে নানা আধুনিকতা আর আয়েশের প্রলোভনে ব্যক্তি মানুষের চাহিদার পারদ যত চড়েছে, তত তার ধৈর্যের বাঁধ ভাঙছে। সে অন্যের জিনিস নিজের বলে দাবি করছে অনায়াসে। নিজে শত অন্যায় করলেও অন্যকে পরামর্শ আর তাগিদ দিচ্ছে ভালো হওয়ার। ধর্ম ধর্ম জিকির তুলে অনায়াসে পা বাড়াচ্ছে অধর্মের দিকে। আর এ জন্যই ব্যক্তি মানুষের চরিত্র নষ্ট আর অসহনশীল হতে হতে সমাজকেও তা প্রভাবিত করছে। ব্যক্তির অসহনশীলতা ছড়িয়ে পড়ছে রাষ্ট্রেও।
তাহলে প্রশ্ন হলো, রাষ্ট্র কি ব্যক্তির সহনশীলতা গড়ে তুলতে কোনো উদ্যোগ নিতে পারে না। অথবা এর জন্য রাষ্ট্রের দায়টাইবা কী। আমি বলবো, রাষ্ট্রের কাঠামোয় সহনশীলতা প্রয়োজন গণতন্ত্রের স্বার্থে। আর গণতন্ত্র মানেই পরমতসহিষ্ণুতা, নিজের বা নিজ দলের বাইরের মানুষের অধিকার মেনে নেওয়া।













