মালয়েশিয়ায় ছুটির দিনেও হাইকমিশনের বিশেষ পাসপোর্ট ও কনস্যুলার সেবা
প্রকাশিত: রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৫:২৭ এএম
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে দূরে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জরুরি সেবা সহজলভ্য করতে পেনাং রাজ্যে বিশেষ কনস্যুলার ক্যাম্প পরিচালনা করেছে মালয়েশিয়ায় অবস্থিত বাংলাদেশ হাইকমিশন। দুই দিনব্যাপী চলা এই ক্যাম্পে চার শতাধিক প্রবাসী বাংলাদেশির পাসপোর্ট এনরোলমেন্ট ও বিতরণ সংক্রান্ত সেবা দেওয়া হয়।
৭ ও ৮ নভেম্বর দুই দিনব্যাপী এই আয়োজনে স্থানীয় প্রবাসী বাংলাদেশিদের ই-পাসপোর্ট এনরোলমেন্ট, পাসপোর্ট বিতরণ এবং বিভিন্ন ধরনের কনস্যুলার সেবা দেওয়া করা হয়। পেনাংয়ের জর্জ টাউনে বিশেষ এই কনস্যুলার ক্যাম্প পরিচালনা করে।
এছাড়াও, বেশ কিছু বাংলাদেশি নাগরিককে দেশে ফিরতে ট্রাভেল পারমিট, পাসপোর্টের তথ্য সংশোধন বিষয়ক পত্র এবং লেটার অব ইন্ট্রোডাকশন সহ অন্যান্য কনস্যুলার সেবা ও পরামর্শ দেওয়া হয়।
এ সময় হাইকমিশনের পক্ষ থেকে প্রবাসী কর্মীদের অনিয়মিত অভিবাসন পরিহারসহ স্থানীয় আইন কানুন ও রীতিনীতির প্রতি শ্রদ্ধাশীল থাকার পরামর্শ দেওয়া হয়।
কুয়ালালামপুর হাইকমিশনে এসে সেবা নেওয়া প্রবাসী শ্রমিক ও সাধারণ প্রবাসীদের জন্য কষ্টসাধ্য হওয়ায় স্থানীয়ভাবে এ ধরনের বিশেষ ক্যাম্প আয়োজন করায় সন্তোষ প্রকাশ করেছেন পেনাংয়ে বসবাসরত বাংলাদেশিরা। প্রবাসীদের এই স্বস্তি ও দীর্ঘদিনের ভোগান্তি লাঘবে ভবিষ্যতেও মালয়েশিয়ার বিভিন্ন প্রান্তে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে বাংলাদেশ হাইকমিশন।
ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।













