ধর্ষণের অভিযোগে মামলায় কথিত পীর সোহেল রানা কারাগারে
প্রকাশিত: সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ৬:১৫ এএম
রাজধানীর মোহাম্মদপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণের অভিযোগে করা মামলায় গ্রেপ্তার কথিত পীর মো. সোহেল রানাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
রোববার (১৫ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসরাত জাহানের আদালত এ আদেশ দেন।
এদিন, সোহেল রানাকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইখতিয়ার হোসেন তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন।
আবেদনে উল্লেখ করা হয়, তদন্তে মামলার ঘটনায় আসামির সম্পৃক্ততার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। আসামি জামিনে মুক্তি পেলে পলাতক হওয়ার আশঙ্কা রয়েছে। এতে মামলার তদন্ত কার্যক্রম ব্যাহত হতে পারে। তাই তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখা প্রয়োজন।
আসামিপক্ষের আইনজীবী অমিত দেওয়ান বিষয়টি নিশ্চিত করে বলেন, সোহেল রানার পক্ষে জামিনের আবেদন করা হয়েছিল। তবে আদালত জামিন শুনানির জন্য আগামী মঙ্গলবার দিন ধার্য করেন এবং তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
এর আগে শনিবার (১৪ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে মোহাম্মদপুরের নুরজাহান রোডের নিজ বাসা থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-২-এর একটি দল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও আদালত সূত্রে জানা যায়, গত ১১ নভেম্বর মোহাম্মদপুর থানায় ধর্ষণের অভিযোগ এনে সোহেল রানার বিরুদ্ধে মামলাটি করেন ভুক্তভোগী নারী। মামলার এজাহারে বলা হয়, ভুক্তভোগী একজন সাংস্কৃতিক কর্মী। তার স্বামী সুকান্ত সেনের ব্যবসায়িক সূত্রে ২০২১ সালে সোহেল রানার সঙ্গে পরিচয় হয়। পরে ভুক্তভোগীর শারীরিক অসুস্থতার কথা জানতে পেরে চিকিৎসার কথা বলে তাকে মোহাম্মদপুরের নুরজাহান রোডে নিজের আস্তানায় ডেকে নেন সোহেল রানা।
অভিযোগে বলা হয়, ২০২৩ সালের ২৪ আগস্ট বিকেলে চিকিৎসা ও আধ্যাত্মিক চর্চার কথা বলে ভুক্তভোগীর চোখ ও মুখ কালো কাপড় দিয়ে বেঁধে একটি বিশেষ কক্ষে নিয়ে যান সোহেল রানা। সেখানে তাকে ধর্ষণ করা হয়। পরবর্তী সময়ে এ ঘটনার ভিডিও ধারণ করা হয়েছে বলে ভয় দেখিয়ে তাকে চুপ থাকতে বাধ্য করেন আসামি। এভাবে একাধিকবার তাকে ধর্ষণ করা হয়েছে বলেও অভিযোগ করেন বাদী।
এজাহারে আরও উল্লেখ করা হয়, গত ১২ সেপ্টেম্বর অনাগত সন্তানের জন্য তদবির দেওয়ার কথা বলে ভুক্তভোগীকে আবারও নিজের আস্তানায় ডেকে নেন সোহেল রানা। সেখানে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে।













