ফেলনা কাপড়ে স্বপ্ন বুনছেন তাঁরা
প্রকাশিত: সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ৮:১৯ এএম
নিজের তৈরি করা নকশিকাঁথা হাতে সাথী আক্তার। গত সোমবার বরিশাল নগরের কীর্তনখোলা নদীর তীরের স্টেডিয়াম কলোনিতে
দিনমজুর স্বামীর আয়ে ছয়জনের সংসারে চলত টানাপোড়েন। তাই তো গৃহবধূ রিয়ামনি আক্তারের কাজ করার আগ্রহ ছিল, তিনি সেলাইয়ের কাজও জানতেন। কিন্তু উপার্জনের সুযোগ ছিল না। একই অবস্থা ছিল বরিশাল নগরের কীর্তনখোলা নদীর তীরের স্টেডিয়াম কলোনির (বস্তি) দুই শতাধিক নারীর।
পাঁচ শিক্ষার্থীর উদ্যোগ ‘প্রজেক্ট প্রেরণা’ বদলে দিয়েছে ওই স্টেডিয়াম কলোনির ৩০ নারীর জীবন। দুই বছর আগে তাঁদের সেলাইয়ের দক্ষতাকে কাজে লাগানোর সুযোগ তৈরি করে দেন ওই শিক্ষার্থীরা। এখন এসব নারী ফেলে দেওয়া কাপড় দিয়ে তৈরি করছেন দৃষ্টিনন্দন ব্যাগ, নকশিকাঁথা ও নানা ধরনের হস্তশিল্পপণ্য। ঘরে বসেই এসব কাজ করে উপার্জন করছেন তাঁরা। এতে সংসারে ফিরেছে কিছুটা সচ্ছলতা, পরিবারের কাছে বেড়েছে তাঁদের গুরুত্ব। একসময় যাঁরা ছিলেন উপার্জনের সুযোগবঞ্চিত, তাঁরাই এখন অন্য নারীদেরও স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখাচ্ছেন।
বদলাচ্ছে অভাবের সংসারের চিত্র
স্টেডিয়াম কলোনিতে গত সোমবার গিয়ে দেখা যায়, ঘরে সেলাইয়ের কাজ করছেন গৃহবধূ রিয়ামনি। সেলাই মেশিনে মনোযোগ দিয়ে ব্যাগ তৈরি করছেন তিনি। পাশের কোনো ঘরে তৈরি হচ্ছে নকশিকাঁথা, কোথাও ব্যাগে রং ও নকশার কাজ চলছে। কেউ আবার তৈরি পণ্য প্যাকেজিং করছেন। এভাবে ১৪ নারী নিজেদের ঘরে বসেই কাজ করছেন। তাঁদের তৈরি পণ্য অনলাইনে বিক্রি হয়। পাশাপাশি ব্র্যাক, সামাজিক প্ল্যাটফর্ম বহ্নিশিখাসহ বিভিন্ন প্রতিষ্ঠান কিনে নিচ্ছে।
রিয়ামনি আগে শুধু জামা ও নারীদের ব্লাউজ সেলাই করতে পারতেন। এখন ব্যাগ তৈরির কাজও শিখেছেন। রিয়ামনি প্রথম আলোকে বলেন, একটি ব্যাগ কাটিং ও সেলাই করলে ৮০ টাকা মজুরি পান। এখন মাসে ৯–১০ হাজার টাকা আয় করেন তিনি। এতে সংসারে কিছুটা সচ্ছলতা ফিরেছে। কিন্তু তাঁদের মেশিন দিয়ে মোটা কাপড় সেলাই করা যায় না। ভালো মেশিন পেলে আরও বেশি কাজ করতে পারতেন, তখন আরও বেশি আয় করতে পারতেন।
সেলাই মেশিন নেই গৃহবধূ সাথী আক্তারের। তাই তিনি আপাতত হাতের সেলাই ও নকশিকাঁথার কাজ করেছেন। এ কাজ করে যে অর্থ পান, তা দিয়ে সংসারে স্বামী-সন্তানের পাশে দাঁড়াচ্ছেন।
এক বছরে আরও ৩০ নারীকে যুক্ত করার পরিকল্পনা
এখন পর্যন্ত ৩০ নারীকে প্রশিক্ষণ দিয়েছে ‘প্রজেক্ট প্রেরণা’। তবে এই উদ্যোগের অধীন নিয়মিত কাজ করছেন ১৪ জন। তাঁদের মধ্যে সাতজন ব্যাগ তৈরি করেন, পাঁচজন এমব্রয়ডারি ও নকশিকাঁথার কাজ করেন। বাকি দুজন ব্যাগ ধোয়া ও প্যাকেজিংয়ের কাজ করেন। প্রশিক্ষণ নেওয়া বাকি ১৬ জন তাঁদের মতো করে কাজ করছেন।
প্রজেক্ট প্রেরণার অন্যতম সংগঠক সরকারি ব্রজমোহন কলেজের দর্শন বিভাগের শিক্ষার্থী আবির মাহমুদ মুনতাহির প্রথম আলোকে বলেন, ‘এখানে যাঁরা কাজ করেন, তাঁরা আমাদের কর্মী নন, বরং আমাদের পার্টনার।’
২০২৪ সালের ১০ নভেম্বর প্রজেক্ট প্রেরণার যাত্রা শুরু হয়। উদ্যোগটির অগ্রগতিও আশাব্যঞ্জক। আবির মাহমুদ বলেন, প্রথম বছরে প্রায় ১২৭টি ব্যাগ তৈরি করে প্রায় ৩০ হাজার টাকার বিক্রি হয়েছিল। চলতি বছরে ১ হাজার ২০০টি ব্যাগ বিক্রি করে আয় হয়েছে প্রায় ২ লাখ টাকা। নকশিকাঁথা বিক্রি থেকেও আয় হচ্ছে। ব্যয় বাদ দিয়ে বিক্রির অর্থের প্রায় ৩০ শতাংশ লাভ থাকে।
উদ্যোগটির পরিসর ছোট হলেও কাজের প্রভাব অনেক বড়। তাঁরা চেষ্টা করছেন ব্যবসা সম্প্রসারণ করতে। আগামী এক বছরে আরও ৩০ নারীকে যুক্ত করার লক্ষ্যমাত্রা আছে প্রজেক্ট প্রেরণার। একটি মিনি প্রোডাকশন হাউস তৈরির উদ্যোগও নিয়েছেন তাঁরা। সেখানে মেশিন ও প্রয়োজনীয় সরঞ্জাম থাকবে। নারীরা নিজেদের সুবিধামতো সময়ে এসে কাজ করতে পারবেন।
উন্নত সেলাই মেশিনের অভাবে মোটা কাপড়ের অনেক ব্যাগ তৈরি করা যাচ্ছে না। চাহিদা থাকলেও ফিরিয়ে দিতে হচ্ছে কিছু অর্ডার। প্রয়োজনীয় সরঞ্জাম পেলে আরও বেশি নারীকে কাজে যুক্ত করা সম্ভব বলে মনে করেন নবীন উদ্যোক্তারা।
নারীদের স্বাবলম্বী হওয়ার স্বপ্ন
আবির মাহমুদ মুনতাহির ছাড়া প্রজেক্ট প্রেরণার অপর চার উদ্যোক্তা হলেন সরকারি ব্রজমোহন কলেজের অর্থনীতি বিভাগের স্নাতক চূড়ান্ত বর্ষের শিক্ষার্থী ইমরান হোসেন, ঢাকা আর্ট কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী বীথি আক্তার, বরিশাল বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মো. সিয়াম ও বরিশাল সরকারি মহিলা কলেজের বাংলা বিভাগের স্নাতক চূড়ান্ত বর্ষের শিক্ষার্থী নন্দিনী তিথি।
২০২৪ সালে ব্র্যাকের ‘আমরা নতুন নেটওয়ার্ক’ যুব প্ল্যাটফর্মের আওতায় এক মাসের প্রশিক্ষণ নেন তাঁরা। এরপর নিজেদের উদ্যোগে মাত্র সাড়ে চার হাজার টাকা পুঁজি নিয়ে শুরু করেন প্রজেক্ট প্রেরণা। কোনো ঋণ না নিয়ে বিভিন্ন জায়গা থেকে পাওয়া অর্ডারের অর্থ দিয়েই কার্যক্রম চালিয়ে যাচ্ছেন তাঁরা।
মো. সিয়াম বলেন, ‘আমরা দেখেছি, কলোনির অনেক নারীর কাজ করার আগ্রহ আছে, কিন্তু সুযোগ নেই। প্রথমে ১০ নারীকে প্রশিক্ষণ দিয়েছিলাম। তখনো কোনো প্রতিষ্ঠান গড়ে তুলতে পারিনি। নারীদের ঘরে ঘরে গিয়ে প্রশিক্ষণ দিয়েছি।’
এ উদ্যোগের সঙ্গে বীথি আক্তারের রয়েছে ব্যক্তিগত আবেগও। স্টেডিয়াম বস্তিতেই বেড়ে ওঠা তাঁর। ছোটবেলা থেকে কাছ থেকে দেখেছেন এখানকার নারীদের আর্থিক দুরবস্থা। তাঁদের জন্য কিছু করার ইচ্ছা থেকেই পাঁচজন মিলে উদ্যোগটি শুরু করেন। ব্যাগের নকশাগুলো করেন বীথি নিজেই। বীথি বলেন, ‘আমাদের তৈরি প্রথম ব্যাগটি এক বন্ধু ১৫০ টাকা দিয়ে কিনেছিল। সেই যে অনুপ্রেরণা পেয়েছি, তারপর আর বসে থাকিনি, এগিয়ে যাচ্ছি এবং যাবই।’
রিয়ামনি-সাথীদের হাতে হয়তো খুব বেশি অর্থ আসছে না, কিন্তু তৈরি হচ্ছে আত্মবিশ্বাস ও নিজের পায়ে দাঁড়ানোর সাহস। স্টেডিয়াম কলোনির এই নারীরা দেখাচ্ছেন, সুযোগ পেলে ইচ্ছাশক্তি ও শ্রম দিয়েই নিজের ভাগ্য বদলানো সম্ভব। তাঁদের ঘরে ঘরে সেলাই মেশিনের শব্দ এখন শুধু উপার্জনের নয়, অন্য নারীদের স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখানোরও।
উদ্যোক্তা নন্দিনী তিথি বলেন, তাঁদের তৈরি এক রঙের সাধারণ ব্যাগ পাইকারি বিক্রি হয় ১২০ টাকায়। হাতে কাজ করা ব্যাগের দাম ৩০০ থেকে ৮০০ টাকা। গ্রাহকের পছন্দ অনুযায়ী, হাতে আঁকা ব্যাগ বিক্রি হয় ৫০০ থেকে ১ হাজার টাকায়। আর প্রতিটি নকশিকাঁথা পাইকারি বিক্রি হয় ৪ হাজার টাকায়।
ওই তরুণ পাঁচ শিক্ষার্থীর সৃজনশীল উদ্যোগ স্টেডিয়াম কলোনিতে সরেজমিনে ঘুরে দেখেছেন বরিশাল জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক ও সমাজসেবা অধিদপ্তরের আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ সাজ্জাদ পারভেজ। তিনি প্রথম আলোকে বলেন, উদ্যোগটির কাজ এগিয়ে নেওয়ার ক্ষেত্রে যদি কোনো সহযোগিতা প্রয়োজন হয়, তাঁরা যেকোনো ধরনের সহযোগিতা করতে প্রস্তুত আছেন।













