আগামী সপ্তাহে বার্লিনে বৈঠকে বসছেন ইউক্রেনের মিত্ররা
প্রকাশিত: রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৮:০২ এএম
জার্মানি ইউক্রেনের অন্যতম গুরুত্বপূর্ণ সামরিক, আর্থিক ও মানবিক সহায়তাকারী দেশ।
ঢাকা, ১৪ নভেম্বর, ২০২৬ (বাসস) : ইউক্রেনের মিত্রদের নিয়ে আগামী ১৯ নভেম্বর বার্লিনে ‘কোয়ালিশন অব দ্য উইলিং’— শীর্ষ সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে জার্মানি। শুক্রবার দেশটির সরকারের এক মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন।
বার্লিন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
ইউক্রেন যুদ্ধের অবসানে নতুন করে কূটনৈতিক তৎপরতা শুরুর প্রেক্ষাপটে এ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহামের যোগ দেওয়ার কথা রয়েছে।
জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিশ মের্ৎস জানান, বৈঠকে ২০টিরও বেশি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান অংশ নেবেন বলে ধারণা করা হচ্ছে।
তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য দুটি বিষয় নিশ্চিত করা। প্রথমত, ২০২৭ সালে ইউক্রেনের প্রতিরক্ষা খাতে অর্থায়নের ব্যবস্থা করা। দ্বিতীয়ত, আসন্ন শান্তি আলোচনার বিষয়ে একটি অভিন্ন অবস্থানে পৌঁছানো।’
এ সপ্তাহে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় বৈঠকে বসেন রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিরা।
আলোচনায় দৃশ্যমান অগ্রগতি না হলেও যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা চায় ইউরোপের দেশগুলোও আলোচনার টেবিলে থাকুক।
তবে মস্কো এখন পর্যন্ত এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।
এর পরিবর্তে রাশিয়া ইউক্রেন যুদ্ধের অবসানের বিষয়টিকে ইউরোপের নতুন নিরাপত্তা কাঠামো নিয়ে আলোচনার সঙ্গে যুক্ত করতে চায়।













