২২তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা সোমবার

একাত্তর লাইভ
একাত্তর লাইভ ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৭:৩১ এএম
২২তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা সোমবার

ঢাকা, ১৪ নভেম্বর ২০২৬ (বাসস) : বাংলাদেশ সুইমিং ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং বাংলাদেশ নৌবাহিনীর পৃষ্ঠপোষকতায় ‘২২তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা-২০২৬’ আগামী সোমবার রাঙ্গামাটির কাপ্তাই লেকে অনুষ্ঠিত হবে। 

এবারের প্রতিযোগিতায় ১০ জন পুরুষ ও ১০ জন মহিলা সাঁতারু অংশগ্রহণ করছে। পুরুষ বিভাগে ১০ কিলোমিটার এবং মহিলা বিভাগে ৮ কিলোমিটার সাঁতার অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতাটি কাপ্তাইয়ের মগবান টিলা থেকে শুরু হয়ে পর্যটন সুবিধা অবতরণ ঘাটে শেষ হবে।

বিজ্ঞাপন

প্রতিযোগিতা উপলক্ষ্যে গত ৩০ সেপ্টেম্বর উন্মুক্ত বাছাইয়ের মাধ্যমে ৯ জন পুরুষ এবং ৯ জন মহিলা সাঁতারু চূড়ান্তভাবে নির্বাচন করা হয়। এছাড়া স্বাগতিক হিসেবে ১ জন করে পুরুষ ও মহিলা সাঁতারু অংশগ্রহণের সুযোগ পেয়েছেন। 

সাঁতার প্রতিযোগিতার পুরষ্কার প্রদান ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নৌবাহিনী প্রধান ও বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সভাপতি এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম। 

বিজ্ঞাপন

অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন সংসদ সদস্য দীপেন দেওয়ান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন রাঙ্গামাটি পার্বত্য জেলা প্রশাসক নাজমা আশরাফী।

প্রতিযোগিতায় পুরুষ ও মহিলা বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী সাঁতারুকে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হবে। প্রথম স্থান অর্জনকারী সাঁতারুকে ২০ হাজার, ২য় স্থান ১৫ হাজার ও ৩য় স্থান অর্জনকারী সাঁতারুকে ১০ হাজার টাকা অর্থ পুরস্কার দেয়া হবে। এছাড়া সফলভাবে শেষ করা প্রত্যেক সাঁতারুকে ৫ হাজার টাকা ও সার্টিফিকেট প্রদান করা হবে।