অপহরণের পর হত্যা : তিন আসামির যাবজ্জীবন কারাদণ্ড
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ৪:৪২ পিএম
রাজধানীর ডেমরায় মাইক্রোবাসচালক হারুনর রশিদ হাওলাদারকে অপহরণের পর হত্যার ঘটনায় করা মামলায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন লিপি আক্তার, মাহবুব খান ও রাজন হাওলাদার।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-১৬-এর বিচারক নাজমুন নাহার নিপু এ রায় ঘোষণা করেন।
আসামিদের মধ্যে লিপি ও মাহবুব আদালতে উপস্থিত ছিলেন। তাদের সাজা পরোয়ানাসহ কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামি রাজন হাওলাদার পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী খন্দকার শফি নেওয়াজ নাছির বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, দণ্ডের প্রত্যেক আসামিকে ২৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাদের আরও ছয় মাসের কারাভোগ করতে হবে বলে বিচারক রায়ে উল্লেখ করেন। মামলার অন্য এক ধারায় আসামিদের আরও সাত বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। সব সাজা একই সঙ্গে চলবে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহত হারুনর রশিদ হাওলাদার পেশায় হাইয়েস মাইক্রোবাসচালক ছিলেন। তিনি স্ত্রী-সন্তানদের নিয়ে ঢাকার শ্যামপুরের জুরাইন এলাকায় ভাড়া বাসায় থাকতেন। ২০২০ সালের ২৩ নভেম্বর রাতে বাসা থেকে বের হওয়ার পর তিনি আর ফিরে আসেননি।
পরদিন ২৪ নভেম্বর দুপুরে নিজের মোবাইল ফোন থেকে স্ত্রীর বোনের স্বামী কলিম শিকদারকে ফোন করে বিপদের কথা জানিয়ে বিকাশে টাকা পাঠাতে বলেন হারুন। তার কথামতো প্রথমে ৩০ হাজার এবং পরে আরও ১৫ হাজার টাকা পাঠানো হয়। দুটি লেনদেনের পর তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
এরপর ২৫ নভেম্বর রাতে ডেমরা থানাধীন বামৈল বাঁশেরপুল এলাকায় গোলাম মোস্তফা স্কুল অ্যান্ড কলেজের পাশে ডিএনডি খাল থেকে হারুনের মরদেহ উদ্ধার করে পুলিশ। তার মরদেহ একটি খয়েরি রঙের ট্রলি ব্যাগের ভেতরে ছিল।
এ ঘটনায় নিহতের স্ত্রী লিলি বেগম ২০২০ সালের ২৬ নভেম্বর ডেমরা থানায় হত্যা মামলা করেন।
তদন্ত শেষে ডেমরা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মোজাম্মেল হক ২০২২ সালের ৩১ মে তিন আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ২০২৩ সালের ২৭ আগস্ট আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। মামলার বিচার চলাকালে ২৩ জন সাক্ষীর মধ্যে ১৬ জনের সাক্ষ্যগ্রহণ করেন আদালত।













