ক্রীড়া আদালতের রায়ে শিরোপা ফিরে পেল সেনেগাল

একাত্তর লাইভ
একাত্তর লাইভ ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ৫:০৮ এএম
ক্রীড়া আদালতের রায়ে শিরোপা ফিরে পেল সেনেগাল

ঢাকা, ২৪, ২০২৬ (বাসস) : জানুয়ারিতে অনুষ্ঠিত বিশৃঙ্খলাপূর্ণ ফাইনালের পর মরক্কোকে চ্যাম্পিয়ন ঘোষণা করে আফ্রিকান নেশন্স ট্রফির (আফকন) শিরোপা তুলে দিয়েছিল আফ্রিকান ফুটবল কনফেডারেশন (সিএএফ)। কিন্তু এই সিদ্ধান্তের বিরুদ্ধে সর্বোচ্চ ক্রীড়া আদালতে (সিএএস) আপিল জিতে মঙ্গলবার শিরোপা ফিরে পেয়েছে সেনেগাল।

এক বিবৃতিতে সিএএস জানায়, ‘২০২৫ আফ্রিকান নেশন্স কাপের ফাইনাল নিয়ে আফ্রিকান ফুটবল কনফেডারেশন (সিএএফ) এবং রয়্যাল মরক্কো ফুটবল ফেডারেশনের (এফআরএমএফ) বিরুদ্ধে সেনেগাল ফুটবল ফেডারেশনের (এফএসএফ) করা আপিল মঞ্জুর করেছে ক্রীড়া সালিশি আদালত।’

বিজ্ঞাপন

সুইজারল্যান্ডভিত্তিক ক্রীড়া আদালত জানায়, ‘সর্বসম্মত সিদ্ধান্তে’ সেনেগালের আপিল গ্রহণ করা হয়েছে। ফলে অতিরিক্ত সময়ের পর পাওয়া তাদের মূল ১-০ গোলের জয় পুনর্বহাল করা হয়েছে।

গত মার্চে আফ্রিকান ফুটবল কনফেডারেশন (সিএএফ) ফাইনালের ফল নাটকীয়ভাবে পাল্টে দেয়। ম্যাচে তখনো কোনো দল গোল করতে পারেনি। স্বাগতিক মরক্কোর পক্ষে পেনাল্টি দেওয়ার প্রতিবাদে সেনেগালের বেশ কয়েকজন খেলোয়াড় মাঠ ছেড়ে চলে যাওয়ার পর মরক্কোকে ৩-০ গোলে জয়ী ঘোষণা করে শিরোপা তুলে দেওয়া হয়।

বিজ্ঞাপন

আফকন বিধিমালার ৮২ ও ৮৪ নম্বর অনুচ্ছেদের ভিত্তিতে ফাইনালের ফল পরিবর্তন করে মরক্কোকে চ্যাম্পিয়ন ঘোষণার সিদ্ধান্তের পক্ষে যুক্তি দিয়েছিল সিএএফের আপিল কমিটি।

ওই অনুচ্ছেদগুলোতে বলা হয়েছে, কোনো দল ‘রেফারির অনুমতি ছাড়া ম্যাচের নির্ধারিত সময় শেষ হওয়ার আগে খেলতে অস্বীকৃতি জানালে বা মাঠ ছেড়ে চলে গেলে, সেই দলকে পরাজিত বলে গণ্য করা হবে এবং চলতি প্রতিযোগিতা থেকে চূড়ান্তভাবে বহিষ্কার করা হবে।’

তবে শেষ পর্যন্ত সেনেগালের খেলোয়াড়েরা মাঠে ফিরে আসেন এবং ফাইনালের খেলা আবার শুরু হয়।

এ কারণে সিএএসের প্যানেল মনে করে, ফাইনাল পুনরায় শুরু করার রেফারির সিদ্ধান্তই প্রমাণ করে যে, ‘ম্যাচ পুনরায় শুরুর জন্য প্রয়োজনীয় শর্ত পূরণ হয়েছিল’। ফলে এ ক্ষেত্রে ৮২ ও ৮৪ নম্বর অনুচ্ছেদ ‘প্রযোজ্য নয়’।