বিশ্বের সব সোনা একসঙ্গে রাখলে কতটুকু জায়গা লাগবে
প্রকাশিত: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:১৪ এএম
সোনার বারপ্রতীকী ছবি: রয়টার্স
মানুষ হাজার বছর ধরে খনি থেকে সোনা তুলছে। সেই সোনার প্রায় সবই এখনো কোনো না কোনো রূপে আছে। পৃথিবীতে এ পর্যন্ত খনি থেকে তোলা প্রায় সব সোনা এক জায়গায় এনে একটি নিরেট ঘনক বানালে সেটি হবে সাত থেকে আটতলা ভবনের উচ্চতার সমান।
ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের তথ্য অনুসারে, এই ঘনকটির প্রতিটি পাশ হবে প্রায় ২২ দশমিক ৬ মিটার বা প্রায় ২৩ মিটার। তুলনা করলে বলা যায়, রাজধানীর মেট্রোস্টেশনের কিছুটা বেশি কিংবা উচ্চতায় সাভারের জাতীয় স্মৃতিসৌধের প্রায় অর্ধেক হবে।
আবার ঘনকটি মাটিতে বসাতে লাগবে প্রায় সাড়ে পাঁচ হাজার বর্গফুট জায়গা। ঢাকায় একটি সাধারণ মাঝারি বা বড় ফ্ল্যাট ১ হাজার ২০০ থেকে ২ হাজার ২০০ বর্গফুটের হয়ে থাকে। অর্থাৎ সাড়ে পাঁচ হাজার বর্গফুট মানে হলো তিনটি বড় ফ্ল্যাটের সমান জায়গা। বাংলাদেশে ১ কাঠা সমান ৭২০ বর্গফুট জায়গা। সেই হিসাবে সাড়ে পাঁচ হাজার বর্গফুট মানে হলো প্রায় সাড়ে সাত কাঠা জমির সমান।
ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের হালনাগাদ হিসাবে, ২০২৬ সালের সেপ্টেম্বর মাস শেষে বিশ্বে খনি থেকে তুলে আনা সোনার আনুমানিক মজুত ছিল ২ লাখ ২৪ হাজার ২০০ টন। আন্তর্জাতিক বাজারদরের হিসাবে এই সোনার মূল্য প্রায় ৩০ লাখ কোটি মার্কিন ডলার। এখানে বলা দরকার, সোনার ওজন লোহার ওজনের চেয়ে প্রায় আড়াই গুণ বেশি। ফলে একই আয়তনের লোহার চেয়ে অপেক্ষাকৃত কম আয়তনের সোনার ওজন একই।
প্রাচীন সভ্যতার সময় থেকেই মানুষ খনি থেকে সোনা তুলছে। তবে ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের হিসাবে, এ পর্যন্ত উত্তোলিত সোনার প্রায় দুই-তৃতীয়াংশই তোলা হয়েছে ১৯৫০ সালের পরে। সোনা সহজে ক্ষয় হয় না বলে এ পর্যন্ত উত্তোলিত সোনার প্রায় পুরোটাই এখনো কোনো না কোনো রূপে আছে।
সবচেয়ে বেশি সোনা আছে গয়না হিসেবে
ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল জানিয়েছে, ভূপৃষ্ঠের ওপরে থাকা সোনার সবচেয়ে বড় অংশ রয়েছে গয়নার আকারে। এর পরিমাণ প্রায় ৯৮ হাজার ৭০০ টন, যা মোট মজুতের ৪৪ শতাংশ। সেপ্টেম্বর মাসের শেষে বাজারদর অনুসারে শুধু গয়নার আকারে থাকা সোনার মূল্য প্রায় সাড়ে ১৩ লাখ কোটি ডলার।
বিশ্বের বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক সোনার মজুত রাখে। তাদের কাছে রয়েছে প্রায় ৩৯ হাজার ৩০০ টন সোনা। এটি মোট মজুতের ১৮ শতাংশ। অন্যদিকে কেন্দ্রীয় ব্যাংকগুলোর সম্মিলিত মজুতের চেয়েও বেশি সোনা রয়েছে বার ও মুদ্রা হিসেবে। এ দুই রূপে আছে প্রায় ৪৮ হাজার ১০০ টন সোনা, যা মোট মজুতের ২১ শতাংশ।
ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের হিসাবে, সোনাভিত্তিক এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডে (ইটিএফ) রয়েছে প্রায় ৪ হাজার ৩০০ টন সোনা। এক্সচেঞ্জের বাইরে সরাসরি লেনদেনের বাজারে বিনিয়োগ হিসেবে রয়েছে প্রায় ১০ হাজার টন সোনা। এ ছাড়া প্রযুক্তিপণ্যে ব্যবহৃত সোনাসহ অন্যান্য শ্রেণিতে রয়েছে আরও প্রায় ২৩ হাজার ৮০০ টন সোনা।
মাটির নিচে কত সোনা আছে
ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের হিসাবে, বিশ্বের বিভিন্ন খনিতে বর্তমানে প্রায় ৬১ হাজার টন সোনা মজুত রয়েছে, যা অর্থনৈতিকভাবে লাভজনক উপায়ে উত্তোলন করা সম্ভব বলে অনুমান হয়। খনিশিল্পে একে বলা হয় রিজার্ভ বা উত্তোলনযোগ্য মজুত সোনা।
এর বাইরে আরও প্রায় ১ লাখ ১৪ হাজার ৪০০ টন সোনা সম্পদ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তবে এ হিসাবের আওতায় থাকা অনেক খনিজক্ষেত্র সম্পর্কে ভূতাত্ত্বিক তথ্য সীমিত। সেখান থেকে কতটা সোনা লাভজনকভাবে তোলা যাবে, তা আরও অনুসন্ধান ও অর্থনৈতিক সমীক্ষার ওপর নির্ভর করে।













