চবির হলে নারী শিক্ষার্থীকে আটকে মাকড়সা দিয়ে র‍্যাগিংয়ের অভিযোগ

একাত্তর লাইভ
একাত্তর লাইভ ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ৫:২০ পিএম
চবির হলে নারী শিক্ষার্থীকে আটকে মাকড়সা দিয়ে র‍্যাগিংয়ের অভিযোগ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বিজয়-২৪ আবাসিক হলের কক্ষে এক নারী শিক্ষার্থীকে মাকড়সার ভয় দেখিয়ে র‍্যাগিংয়ের অভিযোগ উঠেছে তিন নারী শিক্ষার্থীর বিরুদ্ধে। এ ঘটনায় আতঙ্কিত হয়ে অসুস্থ হয়ে পড়েন ভুক্তভোগী শিক্ষার্থী। পরে তাঁকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নেওয়া হয়। তবে এ ঘটনায় অভিযুক্ত শিক্ষার্থীরা ভুক্তভোগীর কাছে ক্ষমা চাওয়ায় উভয় পক্ষের সম্মতিতে বিষয়টি সমাধান হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

গত সোমবার (২৩ নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের আবাসিক হল বিজয়-২৪-এ এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

ভুক্তভোগী শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। অন্যদিকে অভিযুক্ত তিনজন ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তাঁরা হলেন মার্কেটিং বিভাগের মোনালিসা মিতা নূর, পদার্থবিজ্ঞান বিভাগের তাহরিমা আক্তার ওমি ও হিসাববিজ্ঞান বিভাগের সামিয়া।

অভিযোগের বিষয়ে অভিযুক্ত মোনালিসা মিতা নূর বলেন, ‘আমরা প্রক্টর স্যারের সঙ্গে কথা বলেছি। যে প্র্যাঙ্কটি করেছি, সেটি আমি ও আমার বন্ধু সামি করেছি। আমরা জানতাম, সে ভয় পায়। তাই বিষয়টি নিছক মজা করার জন্যই করেছি।’

বিজ্ঞাপন

অন্য অভিযুক্ত তাহরিমা আক্তার ওমি বলেন, ‘সরি, এ ব্যাপারে আমি ইনভলভ না।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. কামরুল হোসেন বলেন, এটি নিয়ে আজ সকালে ওই হলে দুই পক্ষই বসেছে। অভিযুক্ত শিক্ষার্থীরা ভুক্তভোগীর কাছে ক্ষমা চেয়েছেন। উভয় পক্ষের সম্মতিতে বিষয়টি সমাধান হয়েছে।

ভুক্তভোগীর অভিযোগ, গত সোমবার রাত ১০টার দিকে মোনালিসা মিতা নূর তাঁকে একটি কক্ষে ডেকে নিয়ে যান। সেখানে আগে থেকেই তাহরিমা আক্তার ওমি ও সামিয়া উপস্থিত ছিলেন। পরে কক্ষের দরজা বন্ধ করে তাঁর সামনে একটি বড় মাকড়সা ছেড়ে দেওয়া হয়। অথচ অভিযুক্ত শিক্ষার্থীরা জানতেন, মাকড়সার প্রতি তাঁর ভীতি রয়েছে।

ভুক্তভোগী শিক্ষার্থী বলেন, ‘আমার মাকড়সার ফোবিয়া আছে, এটা তাঁরা জানেন। তাঁদের আচরণ দেখে আমি ধারণা করেছিলাম, এমন কিছু হতে পারে। তাই বারবার জিজ্ঞেস করলেও তাঁরা বিষয়টি অস্বীকার করেন। পরে আমাকে কক্ষে নিয়ে দরজা বন্ধ করে দেন। সেখানে তাহরিমা আপু ও সামিয়া আপু আগে থেকেই অপেক্ষা করছিলেন। তাঁরা আমার সামনে আগে থেকে আটকে রাখা বড় একটি মাকড়সা ছেড়ে দেন।’

ভুক্তভোগী শিক্ষার্থী আরও বলেন, ‘আমি ভয়ে চিৎকার ও কান্নাকাটি করতে থাকি। তাঁরা বিষয়টি নিয়ে হাসি-ঠাট্টা করেন এবং বিভিন্ন ধরনের টিটকারিমূলক কথা বলতে থাকেন। একপর্যায়ে সবাইকে পাশ কাটিয়ে কক্ষ থেকে বের হয়ে যাই। এরপর শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ি এবং চারবার বমি করি। পরে রুমমেটরা আমাকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নিয়ে যান।’

ভুক্তভোগী আরও জানান, চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাঁকে ওষুধ দিয়েছেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন এবং মানসিকভাবে ভেঙে পড়েছেন। ঘটনার পর ‘মরে গেলেই ভালো হতো’—এ ধরনের মন্তব্য করার অভিযোগও করেন তিনি অভিযুক্ত শিক্ষার্থীদের বিরুদ্ধে। এমন পরিস্থিতিতে হলে নিজের নিরাপত্তা নিয়েও শঙ্কা প্রকাশ করেন ওই শিক্ষার্থী।

বিষয়:

পাঠকের আগ্রহ

সম্পর্কিত