জিয়াউল আহসান দানব হয়ে উঠেছিলেন, একের পর এক হত্যা করেছেন: যুক্তিতর্কে চিফ প্রসিকিউটর
প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৬:৫৮ পিএম
সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান ‘মনস্টার’ (দানব) হয়ে উঠেছিলেন বলে যুক্তিতর্কে উল্লেখ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি বলেন, একজন মানুষ একের পর এক কয়েক শ মানুষকে হত্যা করেছেন। দিনের পর দিন, বছরের পর বছর এসব হত্যাকাণ্ড চালিয়েছেন। জিয়াউল আহসান ছাড়া অন্য কারও পক্ষে এটা করা সম্ভব নয়।
আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) সরকারের সময় শতাধিক ব্যক্তিকে গুম ও হত্যার ঘটনায় মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে করা মানবতাবিরোধী অপরাধের মামলার যুক্তিতর্কে চিফ প্রসিকিউটর এ কথা বলেন।
বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে গঠিত তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ আজ মঙ্গলবার এ মামলায় যুক্তিতর্ক শুরু হয়। এ সময় ট্রাইব্যুনালের অপর দুই সদস্য বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী উপস্থিত ছিলেন।
আওয়ামী লীগ সরকারের শাসনামলে সংঘটিত গুম-খুনের ঘটনায় এটিই প্রথম মানবতাবিরোধী অপরাধের মামলা, যার যুক্তিতর্ক শুরু হলো। প্রথমে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম যুক্তিতর্ক উপস্থাপন করেন। দিনের দ্বিতীয় ভাগে প্রসিকিউটর মো. মিজানুল ইসলাম যুক্তিতর্ক উপস্থাপন করেন। প্রথম দিনের পুরো যুক্তিতর্ক বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) সরাসরি সম্প্রচার করা হয়েছে।
গুমের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’-এর সমন্বয়ক ও সংসদ সদস্য সানজিদা ইসলাম (তুলি), অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এবং গুমের শিকার পরিবারের সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।
এই মামলার একমাত্র আসামি জিয়াউল আহসান কারাগার থেকে ভার্চ্যুয়ালি যুক্তিতর্কে অংশ নেন।
‘রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর যা হয়েছে, তার চেয়ে দেশে কম কী হয়েছে’
র্যাবে দায়িত্ব পালনের সময় জিয়াউল আহসান মানুষ ‘গলফ’ (হত্যার পর পানিতে ফেলে দিয়ে লাশ গুম) করতেন বলে জবানবন্দি দিয়েছিলেন সাক্ষী মেজর (অব.) মো. সাব্বির রহমান ওসমানী। তিনি জবানবন্দিতে বলেছিলেন, মানুষ হত্যার পর পরিবেশ স্বাভাবিক না হওয়ায় জিয়াউল আহসান বলেছিলেন, ‘এত মন খারাপ কিংবা দুশ্চিন্তা করার কিছু নেই।’ জবানবন্দির এ অংশ উদ্ধৃত করে যুক্তিতর্কে চিফ প্রসিকিউটর বলেন, এ কথা থেকে ট্রাইব্যুনাল আসামি জিয়াউলের মানসিকতা বুঝতে পারবেন। তিনি শুধু কমান্ডো নন; তিনি যে কত দুঃসাহসিক এবং কতটা হিংস্র, তা এই বর্ণনা থেকে আভাস পাবেন ট্রাইব্যুনাল।
চিফ প্রসিকিউটর বলেন, সাক্ষী সাব্বির জবানবন্দিতে বলেছেন, ‘জিয়া স্যার বলেন, “এত মন খারাপ কিংবা দুশ্চিন্তা করার কিছু নেই, রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় এই বিষয়টি সম্পর্কে অবহিত আছেন।’” সাক্ষী সাব্বির কোনো সাধারণ মানুষ নন, তিনি জিয়াউলের সহকর্মী।
প্রসিকিউশনের পক্ষে মরদেহ চিহ্নিত করা সম্ভব নয় উল্লেখ করে চিফ প্রসিকিউটর বলেন, কিন্তু অপারেশন হয়েছে। এখনো ২৮০ জনের হদিস নেই। তাঁদেরই কেউ এ ঘটনার শিকার হলেন কি না, তা তিনি জানেন না। কিন্তু এটা সত্য যে এই প্রক্রিয়ায় তাঁরা একের পর এক মানুষ নিয়ে গলফ করেছেন বা হত্যা করেছেন।
জিয়াউল আহসানের বিরুদ্ধে আনা অভিযোগ বর্ণনা করতে গিয়ে চিফ প্রসিকিউটর বলেন, ইতিহাসে হিটলারের শাসন, হিটলারের অত্যাচার তাঁরা শুনেছেন, দেখেছেন, পড়েছেন। তাঁরা আন্তর্জাতিক আদালতে রুয়ান্ডার বিচার দেখেছেন। মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর যা ঘটেছে। তার (হিটলার, রুয়ান্ডা ও রোহিঙ্গা) তুলনায় বাংলাদেশে (২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত) কম কী হয়েছে।
জিয়াউলের অর্জন কী
সাক্ষী মেজর (অব.) সাব্বির রহমান ওসমানীর জবানবন্দির বরাত দিয়ে চিফ প্রসিকিউটর যুক্তিতর্কে বলেন, জিয়াউল আহসান ১৫ থেকে ২০ বার বরিশাল অঞ্চল ব্যবহার করে গলফ অপারেশন পরিচালনা করেছেন। নিজের কর্মজীবনের অভিজ্ঞতা টেনে আমিনুল ইসলাম বলেন, তাঁর ৩৮ বছরের কর্মজীবনে তিনি অনেক হত্যা মামলা করেছেন। তিনজনকে হত্যা, পাঁচজনকে হত্যা, সাতজনকে হত্যার ঘটনায়ও মামলা করেছেন। পিলখানায় ৭৪ জনকে হত্যার মামলাও করেছেন। কিন্তু এটা সবকিছুকে ছাড়িয়ে গেছে। তিনি কখনো শোনেননি, একজন মানুষ কয়েক শ মানুষকে হত্যা করতে পারেন। তাঁর কর্মজীবনে এটাই প্রথম ও ব্যতিক্রমী ঘটনা। তিনি দেখছেন, কীভাবে একজন মানুষ ‘মনস্টার’ (দানব) হয়ে ওঠেন। কীভাবে একজন মানুষ একের পর এক কয়েক শ মানুষকে হত্যা করেন। দিনের পর দিন, বছরের পর বছর এসব হত্যাকাণ্ড চালান। জিয়াউল ছাড়া অন্য কারও পক্ষে এটা সম্ভব নয়।
যুক্তিতর্ক চলার সময় ট্রাইব্যুনাল জানতে চান, জিয়াউল আহসানের বিরুদ্ধে এই যে এত হত্যাকাণ্ড, নির্যাতনের অভিযোগ; তাঁর অর্জন কী?
জিয়াউল আহসান মেজর জেনারেল হয়েছিলেন বলে জবাব দেন চিফ প্রসিকিউটর। আমিনুল ইসলাম আরও বলেন, ‘হি ওয়াজ এভরিথিং (জিয়াউলই সবকিছু ছিলেন)। হি ওয়াজ মোর দেন চিফ অব আর্মি স্টাফ (সেনাপ্রধানের চেয়েও বড় কিছু ছিলেন তিনি)। হি ওয়াজ এভরিথিং ইন দিস কান্ট্রি। তাঁর কথায় সবকিছু, গভর্নমেন্ট চলত; সবকিছু করত।...উনি কী পাননি। উনি পুরা আর্মি প্রশাসনকে চালাচ্ছেন (চালিয়েছেন)।’
‘রাষ্ট্রের প্রধান ব্যক্তির প্রশ্রয় পান জিয়াউল’
চিফ প্রসিকিউটর বলেন, সেনা কর্মকর্তা, যাঁরা দেশের সার্বভৌমত্ব রক্ষার দায়িত্বে, জনগণের জানমালের নিরাপত্তার দায়িত্ব যাঁদের; তাঁরা ‘মনস্টার’ (দানব) হয়ে যান। তাঁরা মানুষের বিরুদ্ধে অবস্থান নেন। সে সময় একটি প্রতিষ্ঠানকে কীভাবে ধ্বংস করা হয়েছে। কীভাবে রাষ্ট্রের প্রধান ব্যক্তির (ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইঙ্গিত করে) কাছ থেকে প্রশ্রয় পেয়ে একজন মানুষ বা একটি সংগঠন এমনভাবে মানুষের বিরুদ্ধে দাঁড়ালেন। তাঁরা দিনের পর দিন প্রশ্রয় পেয়ে যান। শত শত মানুষ, হাজার হাজার মানুষকে তাঁরা দিনের পর দিন খুন করেছেন। সেখানে সরকার অথবা রাষ্ট্রের প্রশ্রয় থাকে।
চিফ প্রসিকিউটর বলেন, এই মামলার প্রথম সাক্ষী সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) ইকবাল করিম ভূঁইয়া জবানবন্দিতে বলেছেন, জিয়াউলকে র্যাব থেকে প্রত্যাহার করে সেনাবাহিনীতে নিয়ে আসতে চেয়েছিলেন তিনি। তৎকালীন সরকারপ্রধান (শেখ হাসিনা) তাঁকে অনুরোধ করেছিলেন। কীভাবে জিয়াউল আহসান এসব কাজ করার সাহস পেতেন, সব প্রমাণে উঠে এসেছে।
র্যাবে দায়িত্ব পালন করার সময় অধিনায়কের কাছে অনুভূতির কথা ব্যক্ত করতে পারতেন বলে জবানবন্দিতে উল্লেখ করেছেন সাক্ষী মেজর (অব.) সাব্বির রহমান ওসমানী—এ কথা জানিয়ে চিফ প্রসিকিউটর বলেন, সাব্বিরকে সেই অধিনায়ক বলতেন, ‘জিয়াউলকে কে নিয়ন্ত্রণ করবে?’ কতটা অসহায়! কারণ, জিয়াউল ১ নম্বর ব্যক্তির মানুষ। তাঁকে তো কেউ নিয়ন্ত্রণ করতে পারতেন না।
‘জুলাই যোদ্ধাদের কারণে দানবদের বিচারের সম্মুখীন করা গেছে’
আমিনুল ইসলাম বলেন, ‘আজকে যদি জুলাই ৩৬ না হতো, তাহলে এই ঘটনা কোনো দিন আলোর মুখ দেখত না। হয়তো এই অপরাধীরা কোনো দিন বিচারের সম্মুখীন হতো না। সেই অপরাধমূলক কর্মকাণ্ড হয়তো কোনো দিন বন্ধ হতো না। ৫ আগস্টের পর থেকে এখন পর্যন্ত আর কোনো ক্রসফায়ার হয়নি, এখন পর্যন্ত আর কোনো অপহরণ হয়নি, এখন পর্যন্ত আর কোনো বলপূর্বক গুম হয়নি, বলেশ্বর নদে শহীদ হতে হয়নি। এখন পর্যন্ত আর কাউকে টিএফআই অথবা জেআইসি সেলে বন্দী থাকতে হয়নি। সে কারণে জুলাই আন্দোলনের যে যৌক্তিকতা, তার যে প্রেক্ষাপট, সেটা ছিল অত্যন্ত অত্যাবশ্যকীয় ঘটনা।’
জুলাই যোদ্ধাদের কারণে আজকে এই ‘মনস্টার’গুলোকে বিচারের সম্মুখীন করা গেছে। সে জন্য জুলাই যোদ্ধাদের প্রতি অকৃত্রিম শ্রদ্ধা জানান তিনি।
জিয়াউল আহসানের মামলায় সাক্ষী হিসেবে জবানবন্দিতে সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) ইকবাল করিম ভূঁইয়া ডিজিএফআই ও র্যাব বিলুপ্তি চেয়েছিলেন বলেও উল্লেখ করেন চিফ প্রসিকিউটর। তিনি বলেন, র্যাব পরিবর্তন হয়ে এসআরবি নামে নতুন সংস্থার যাত্রা শুরু হয়েছে। এটিকে তাঁরা স্বাগত জানান, যাতে এসআরবি আর কখনো র্যাবের মতো কোনো কর্মকাণ্ডে জড়িত না থাকে।













