টিটন হত্যা মামলায় ‘শীর্ষ সন্ত্রাসী’ সুইডেন আসলাম ৫ দিনের রিমান্ডে

একাত্তর লাইভ
একাত্তর লাইভ ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৬:৩৫ পিএম
টিটন হত্যা মামলায় ‘শীর্ষ সন্ত্রাসী’ সুইডেন আসলাম ৫ দিনের রিমান্ডে

শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামকে আদালতে হাজির করা হয়। সিএমএম কোর্ট, ঢাকা। ২৩ নভেম্বর ২০২৬ছবি: দীপু মালাকার

রাজধানীর নিউমার্কেট এলাকায় খন্দকার নঈম আহমেদ টিটন হত্যা মামলায় গ্রেপ্তার ‘শীর্ষ সন্ত্রাসী’ এস এম আসলাম ওরফে সুইডেন আসলামকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইসমাইলের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গতকাল রোববার থাইল্যান্ডে যাওয়ার পথে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আসলামকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন পুলিশ। প্রথমে রাজধানীর তেজগাঁও থানার একটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হলেও আজ টিটন হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়।

বিজ্ঞাপন

ইমিগ্রেশন পুলিশের একটি সূত্র সকালে জানিয়েছিল, তেজগাঁও থানার একটি মামলায় আসলামকে গ্রেপ্তার করে ডিবির কাছে হস্তান্তর করা হয়েছে এবং মামলাটি ডিবি তদন্ত করছে। তবে পরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার (ডিসি) আকতার হোসেন প্রথম আলোকে জানান, খন্দকার নঈম আহমেদ টিটন হত্যা মামলায় সুইডেন আসলামকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

আদালতে আসলামকে হাজির করে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবির রমনা বিভাগের রমনা জোনাল টিমের উপপরিদর্শক (এসআই) মো. ইরফান খান।

বিজ্ঞাপন

রিমান্ড আবেদনে ডিবি পুলিশ জানায়, ৬৪ বছর বয়সী এস এম আসলাম ওরফে সুইডেন আসলাম এ হত্যা মামলার ঘটনায় সরাসরি জড়িত। মামলার মূল রহস্য উদ্‌ঘাটন, ঘটনার ইন্ধনদাতা ও হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার এবং জড়িত অন্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য তাঁকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। জামিনে মুক্তি পেলে আসামি পলাতক হতে পারেন এবং আবার অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। এ কারণে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তার সাত দিনের পুলিশ রিমান্ড প্রয়োজন।

যেভাবে খুন হয়েছিলেন টিটন

গত ২৮ এপ্রিল রাত পৌনে আটটার দিকে রাজধানীর নিউমার্কেটের পশ্চিম পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহনেওয়াজ ছাত্রাবাসের সামনে বটতলায় টিটনকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। নিহত টিটন আরেক শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমনের শ্যালক।

টিটন হত্যার ঘটনায় তাঁর ভাই সাঈদ আক্তার রিপন নিউমার্কেট থানায় মামলা করেন। মামলায় আসামির তালিকা ফাঁকা রাখা হলেও সন্দেহভাজন হিসেবে আরেক শীর্ষ সন্ত্রাসীসহ কয়েকজনের নাম উল্লেখ করা হয়। তাঁরা হলেন শীর্ষ সন্ত্রাসী ইমামুল হাসান হেলাল (পিচ্চি হেলাল), বাদল ওরফে কিলার বাদল, শাহজাহান, রনি ওরফে ড্যাগারি রনি। এখন এ মামলায় সুইডেন আসলামকে গ্রেপ্তার দেখাল পুলিশ।

২০০১ সালে সরকারঘোষিত ২৩ শীর্ষ সন্ত্রাসীর তালিকার ২ নম্বরে টিটনের নাম ছিল। ঘটনার পর পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল, তারা ধারণা করছে, শীর্ষ সন্ত্রাসীদের মধ্যকার অন্তঃকোন্দলে টিটনকে হত্যা করা হয়েছে।

টিটন হত্যা মামলার অভিযোগ ও বিবরণ থেকে জানা যায়, ২০২৫ সালের ১৩ আগস্ট আদালত থেকে জামিন পেয়ে কারামুক্ত হন টিটন। কারামুক্তির পর বড় ভাই খন্দকার সাঈদ আক্তার রিপনের সঙ্গে মুঠোফোনে বিভিন্ন অ্যাপের মাধ্যমে কথা বলতেন তিনি। বড় ভাইয়ের কাছে অনুতপ্ত হয়ে টিটন বলতেন, ‘বড় ভাই, আমি আপনার অনেক আর্থিক ক্ষতি করেছি। এখন চেষ্টা করছি আপনাদের আর কোনো বদনাম যেন না হয়। আমি যেন ভালোভাবে কাজ করে জীবন যাপন করতে পারি।’

শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম বিমানবন্দরে গ্রেপ্তার

স্বাভাবিক জীবনে ফেরার সেই চেষ্টার মধ্যেই ঘটনার কিছুদিন আগে রিপনকে শিডিউল কেনার কথা জানিয়ে টিটন বলেছিলেন, ইনশা আল্লাহ মোটামুটি কাজের মাধ্যমে থাকতে পারবেন। কিন্তু বছিলা গরুর হাটের ইজারার শিডিউল (দরপত্র) নিয়ে তাঁর সঙ্গে বিরোধ বাধে। পরে ২৬ এপ্রিল রিপনকে ফোন দিয়ে টিটন জানান, এনামুল হাসান হেলাল ওরফে পিচ্চি হেলাল, বাদল ওরফে কিলার বাদল ওরফে কাইলা বাদল, শাহজাহান ও রনি ওরফে ভাঙারি রনিদের সঙ্গে বছিলা গরুর হাটের ইজারার শিডিউল নিয়ে তাঁর ঝামেলা চলছে। পরদিন ২৭ এপ্রিল টিটন তাঁর ভাইকে জানান, তাঁরা তাঁকে ডাকছেন এবং উভয়ের সঙ্গে সমঝোতার মাধ্যমে কাজ করবেন।

তবে সেই সমঝোতা আর হয়ে ওঠেনি। পরদিন ২৮ এপ্রিল রাত ১১টার দিকে বিভিন্ন লোকের মাধ্যমে বড় ভাই রিপন জানতে পারেন, নিউমার্কেট থানার শাহনেওয়াজ হলের সামনে বটতলায় তাঁর ছোট ভাই টিটনকে গুলি করা হয়েছে। গুলিবিদ্ধ হয়ে টিটন রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পরদিন ২৯ এপ্রিল রিপন বাদী হয়ে নিউমার্কেট থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন।

স্কুলের ভালো ফুটবলার থেকে আসলাম যেভাবে হয়ে ওঠেন শীর্ষ সন্ত্রাসী ‘সুইডেন আসলাম’