২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, হামে মৃত্যু শূন্য
প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:৪০ পিএম
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে দেশে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৩৬৭ জন রোগী।
অন্যদিকে, একই সময়ে নিশ্চিত হাম ও হাম সন্দেহে আরও ১ হাজার ৪১৭ জন শনাক্ত হয়েছে। তবে, এই ২৪ ঘণ্টায় নিশ্চিত বা হাম উপসর্গে কারও মৃত্যু হয়নি।
সোমবার (২৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে অদ্যাবধি ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৫২০ জনের। এছাড়াও একই সময়ে মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৭৪ হাজার ৮৪০ জনে পৌঁছেছে।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২ জনের মধ্যে ঢাকা বিভাগে ১ জন এবং অন্য ১ জনের চট্টগ্রাম বিভাগে মৃত্যু হয়েছে।
চলতি বছর এ পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৬৯ হাজার ৩৯১ জন ডেঙ্গু রোগী। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৪ হাজার ৯২৯ জন ।
এদিকে, অন্য এক বিজ্ঞপ্তি জানানো হয়, চলতি বছরের গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ২৩২ জনে। এ সময়ে মোট সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন ২ লাখ ৫৭ হাজার ৯০৭ জন।
এছাড়া গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত নিশ্চিত হামে মোট ১০৫ জন এবং সন্দেহজনক হামে ১ হাজার ২৪৭ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে এই সময়ে নিশ্চিত ও সন্দেহজনক হামে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৫২ জনে।
হাসপাতালে ভর্তি ও সুস্থতার পরিসংখ্যানে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় দেশে ১ হাজার ২৬১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে এবং ১ হাজার ৩১৪ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে।













