আওয়ামী লীগ এক সপ্তাহে রাজপথে দা-রড নিয়ে যা দেখিয়েছে, তা জঙ্গিবাদ: গোলাম পরওয়ার
প্রকাশিত: শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৫:৪৬ পিএম
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন। ঢাকা, ২১ নভেম্বর ২০২৬ছবি: প্রথম আলো
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাম্প্রতিক কর্মকাণ্ডকে ‘জঙ্গিবাদ’ হিসেবে আখ্যায়িত করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেছেন, আওয়ামী লীগ দা, রড নিয়ে গাছপালা কেটে রাস্তাঘাট অবরোধ করছে, বাড়িঘরে আগুন দিচ্ছে, হাসপাতাল ভাঙচুর করছে। রাজপথে দা-রড নিয়ে যে দৃশ্য দেখা যাচ্ছে, সেটি জঙ্গিবাদ। গত এক সপ্তাহে তারা যা দেখিয়েছে, এর চেয়ে বড় জঙ্গিবাদ আর হতে পারে না।
রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে আজ শনিবার দুপুরে এক বিক্ষোভ সমাবেশে মিয়া গোলাম পরওয়ার এ কথা বলেন। ‘১১–দলীয় ঐক্যের ৭ দফা দাবি আদায়, কার্যক্রম নিষিদ্ধ ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও জ্বালাও-পোড়াও এবং দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার’ প্রতিবাদে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগরী জামায়াতে ইসলামী।
সমাবেশে মিয়া গোলাম পরওয়ার বলেন, ফাঁসির দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ডিসেম্বরে দেশে আসবে বলে ঘোষণা দিয়েছেন। সেই ক্ষেত্র প্রস্তুতের জন্য পলাতক আওয়ামী লীগের নেতারা ভিডিও বক্তব্যের মাধ্যমে পরিস্থিতি উসকে দিয়ে গোপালগঞ্জসহ দেশের স্বাধীন ভূখণ্ডের একটি অংশকে বিচ্ছিন্ন করার চেষ্টা চালিয়েছে। গাড়ি পুড়িয়ে, বাড়িঘরে আগুন দিয়ে এবং মানুষ হত্যা করে জনগণের সহানুভূতি পাওয়া যায় না উল্লেখ করে পরওয়ার বলেন, তাদের (আওয়ামী লীগ) এ সন্ত্রাস থামাতে হবে।
জাতীয় ঐক্যের ভিত্তি হিসেবে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের ওপর গুরুত্ব দেন মিয়া গোলাম পরওয়ার। প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে তিনি বলেন, ‘৭০ ভাগ লোকের রায় যদি না মানেন, তবে কিসের জাতীয় ঐক্যের ডাক দেবেন? তাদের রায়টা মানেন, তাহলেই আপনি ফ্যাসিবাদকে ঠেকাতে পারবেন।’ গণভোটের রায় না মানলে জাতীয় ঐক্য বিনষ্টের দায়ে সরকারও অপরাধী হবে বলে উল্লেখ করেন তিনি।
জামায়াত সেক্রেটারি বলেন, আওয়ামী লীগের নেতা-কর্মীদের সাম্প্রতিক সহিংসতা নিয়ন্ত্রণে সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে। এরপর স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকার প্রয়োজন আছে কি না প্রধানমন্ত্রীকে তা ভেবে দেখতে হবে। সরকারের মন্ত্রিসভার কার ওপরে কী দায়িত্ব দেওয়া যায়, তা প্রধানমন্ত্রীর পুনর্বিবেচনা করার সময় এসেছে।
বিএনপি নেতাদের বাড়িতে আওয়ামী লীগের লোকেরা আশ্রয় নিচ্ছে উল্লেখ করে মিয়া গোলাম পরওয়ার বলেন, সচিবালয়, জুডিশিয়ারি, সাংবিধানিক পদ, জেলা প্রশাসন, ইউএনও—প্রতিটি জায়গায় ফ্যাসিবাদের দোসররা হাত-পা মেলে বসে আছে। এমনকি মন্ত্রিসভায় প্রধানমন্ত্রীর আশপাশেও আছে।
গোলাম পরওয়ার বলেন, সরকার ব্যর্থ হোক, তাদের ক্ষমতা ত্যাগ করতে হবে—এটি জামায়াত চায় না। তবে আওয়ামী লীগের কর্মকাণ্ডের বিরুদ্ধে আধিপত্যবাদবিরোধী, ফ্যাসিবাদবিরোধী দেশপ্রেমিক সব শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে।
অতীতের অপরাধের জন্য আওয়ামী লীগকে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়ে মিয়া গোলাম পরওয়ার বলেন, অতীতের অপরাধের জন্য দলটিকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে এবং বিচারপ্রক্রিয়ার মুখোমুখি হতে হবে। সহিংসতা বন্ধ করে অপরাধের দায় স্বীকার করাই তাদের জন্য সমাধানের পথ।
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান বলেন, আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী বিরোধী দলসহ দেশবাসীকে এক মঞ্চে আসার আহ্বান জানিয়েছেন। তাঁর এই বক্তব্যকে স্বাগত। তবে এই ঐক্যের আগে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। নইলে ঐক্যের আহ্বান বেমানান।
আর কত মানুষ মারা গেলে, কত সংসদ সদস্যের বাড়িতে আগুন লাগলে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্বাভাবিক মনে হবে, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে সে প্রশ্নও রাখেন জামায়াতের এই নেতা।
সমাবেশে আরও বক্তব্য দেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল হালিম, ঢাকা মহানগরী উত্তরের আমির সেলিম উদ্দিন, ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি কামাল হোসেন, ডাকসু ভিপি মো. আবু সাদিক (সাদিক কায়েম), ঢাকা মহানগরী উত্তর জামায়াতের সহকারী সেক্রেটারি ইয়াসিন আরাফাত প্রমুখ। সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল। সঞ্চালনা করেন জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি রেজাউল করিম ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসাইন।
সমাবেশ শেষে বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পুরানা পল্টন মোড় হয়ে বিজয়নগর হয়ে নাইটিঙ্গেল মোড়ে গিয়ে শেষ হয়।













