আওয়ামী লীগের নাশকতায় কেন এখনই কঠোর হচ্ছে না সরকার, পরিকল্পনা কী
প্রকাশিত: শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৪:২০ পিএম
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা চালিয়ে অগ্নিসংযোগের পর উল্লাস করেনছবি: সংগৃহীত
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ধারাবাহিক সহিংসতা ও নাশকতা মোকাবিলায় প্রশাসনিক ব্যবস্থার পাশাপাশি রাজনৈতিক কৌশল নিয়েও এগোচ্ছে সরকার। এরই মধ্যে আওয়ামী লীগের নাশকতার বিরুদ্ধে রাজনৈতিকভাবে মাঠে সক্রিয় হয়েছে ক্ষমতাসীন বিএনপি। রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা পাহারা, বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা করছেন।
অন্যদিকে সাম্প্রতিক সহিংসতা মোকাবিলায় গণ-অভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক দলগুলোর মধ্যে যোগাযোগ ও ঐক্য বাড়ানোর উদ্যোগও রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের মধ্যে এ নিয়ে আলোচনা হয়েছে। বিরোধী দলগুলো ঐক্যের আহ্বানে ইতিবাচক সাড়া দিলেও নিজেদের রাজনৈতিক অবস্থান বজায় রেখেছে। বিএনপির পাশাপাশি জামায়াতে ইসলামীও পৃথকভাবে মাঠে থাকার কর্মসূচি ঘোষণা করেছে।
২৩ জেলায় নাশকতা, দুটি ট্রেন ও রেললাইনে আগুন, পুড়ল ১২ বাস
সরকার ও বিএনপির দায়িত্বশীল একাধিক সূত্র জানিয়েছে, আওয়ামী লীগের চলমান সহিংসতাকে উসকানি হিসেবে দেখছে সরকার। তাদের কাছে এমন গোয়েন্দা তথ্য রয়েছে বলে সূত্রগুলোর দাবি, আওয়ামী লীগ ও দলটির সভাপতি শেখ হাসিনা চাইছেন, নাশকতা দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুলি চালাক এবং রক্তপাত ঘটুক। জুলাই গণ-অভ্যুত্থানের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্বিচার গুলিতে মানুষ হত্যার ঘটনার মতো পরিস্থিতি তৈরি করে বিএনপি সরকারকেও একই ধরনের অভিযোগের মুখে ফেলতে চাইছে আওয়ামী লীগ—এমন মূল্যায়ন রয়েছে সরকারের ভেতরে। তবে সরকার এ ধরনের উসকানিতে পা দিতে চায় না।
বিরোধী দলগুলো ঐক্যের আহ্বানে ইতিবাচক সাড়া দিলেও নিজেদের রাজনৈতিক অবস্থান বজায় রেখেছে। বিএনপির পাশাপাশি জামায়াতে ইসলামীও পৃথকভাবে মাঠে থাকার কর্মসূচি ঘোষণা করেছে।
এ কারণে বিশেষ করে গোপালগঞ্জের চলমান ঘটনাপ্রবাহে এখন পর্যন্ত বলপ্রয়োগ বা প্রাণঘাতী অস্ত্র ব্যবহার না করার নির্দেশনা রয়েছে বলে সরকারসংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে। তারা বলছে, আওয়ামী লীগের কর্মকাণ্ড এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। পরিস্থিতি আরও অবনতি হলে কঠোর ব্যবস্থা নেওয়ার বিষয়টি বিবেচনায় আসবে।
এর মধ্যে গোপালগঞ্জে সহিংসতা অব্যাহত রয়েছে। গতকাল বৃহস্পতিবার মুকসুদপুর থানায় আগুন দেওয়া হয়েছে। একই সঙ্গে গোপালগঞ্জ-১ আসনের বিএনপির সংসদ সদস্য সেলিমুজ্জামান মোল্লার বাড়িতেও আগুন দেওয়া হয়েছে।
পুলিশের হিসাবে, ৭ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত ১২ দিনে দেশের ৭৮টি স্থানে ককটেল বিস্ফোরণ ঘটেছে। আগুন দেওয়া হয়েছে ৭৪টি পরিবহনে। এ সময় পুলিশের তিনটি স্থাপনা ও ১৮টি গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়েছে। এ ছাড়া দেশের বিভিন্ন জেলায় গ্রামীণ ব্যাংকের ৭২টি শাখা কার্যালয়ে হামলা, আগুন ও পেট্রলবোমা নিক্ষেপের ঘটনাও ঘটেছে। নাটোরে বিএনপির দুই নেতা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন।
‘লাশ নেব না, ভাইরে তাজা আইনে দাও’
এসব সহিংস ঘটনার পরিপ্রেক্ষিতে গত বুধবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান আওয়ামী লীগকে রাজনৈতিক দল নয়, একটি ‘সন্ত্রাসী গোষ্ঠী’। এই গোষ্ঠী মাথা তুলে দাঁড়ানোর আগেই মাথা গুঁড়িয়ে দিতে হবে। গতকাল লালমনিরহাটের জনসভায়ও আওয়ামী লীগের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেছেন, এই সন্ত্রাসী, অগ্নিসন্ত্রাসী ও খুনিদের পরিষ্কার জবাব দিয়ে দিতে হবে।
আওয়ামী লীগ ও দলটির সভাপতি শেখ হাসিনা চাইছেন, নাশকতা দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুলি চালাক এবং রক্তপাত ঘটুক। জুলাই গণ-অভ্যুত্থানের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্বিচার গুলিতে মানুষ হত্যার ঘটনার মতো পরিস্থিতি তৈরি করে বিএনপি সরকারকেও একই ধরনের অভিযোগের মুখে ফেলতে চাইছে আওয়ামী লীগ—এমন মূল্যায়ন রয়েছে সরকারের ভেতরে।
উসকানিতে পা দিতে চায় না সরকার
সরকারের দায়িত্বশীল সূত্রগুলো বলছে, আওয়ামী লীগের সাম্প্রতিক কর্মকাণ্ডের পেছনে শুধু আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর উদ্দেশ্য নয়; এর রাজনৈতিক লক্ষ্যও রয়েছে বলে তাঁরা মনে করছেন। তাঁদের মূল্যায়ন হচ্ছে, আওয়ামী লীগ চাইছে, সরকার কঠোর বলপ্রয়োগের পথে যাক। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুলি চালালে কিংবা হতাহতের ঘটনা ঘটলে তা সরকারের বিরুদ্ধে রাজনৈতিকভাবে ব্যবহার করার সুযোগ তৈরি হবে।
২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় শেখ হাসিনার সরকারের নির্দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে বিপুলসংখ্যক মানুষ নিহত হন। ওই ঘটনায় মানবতাবিরোধী অপরাধের বিচার চলছে এখন। সরকার ও বিএনপিসংশ্লিষ্ট সূত্রগুলোর মূল্যায়ন হচ্ছে, আওয়ামী লীগ এখন বিএনপি সরকারকেও একই ধরনের পরিস্থিতিতে ফেলতে চাইছে।
এ কারণে আওয়ামী লীগের সহিংসতা মোকাবিলায় সরকারের কৌশল হচ্ছে, এমন কোনো পদক্ষেপ না নেওয়া, যাতে ব্যাপক রক্তপাতের ঘটনা ঘটে। সরকারসংশ্লিষ্ট সূত্রগুলোর ভাষ্য, আওয়ামী লীগ কতটা সহিংসতা ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালাতে পারে, সেটিও দেশবাসীর সামনে স্পষ্ট হতে দিতে চায় সরকার। তবে সহিংসতা আরও বাড়লে পরবর্তী ব্যবস্থা কঠোর হতে পারে।
অগ্নি সন্ত্রাসীদের জবাব দিতে হবে—‘যথেষ্ট হয়েছে, আর নয়’: প্রধানমন্ত্রী
এই কৌশলের একটি রাজনৈতিক দিকও রয়েছে। ২০১৪ ও ২০১৫ সালে বিএনপির আন্দোলনের সময় ককটেল বিস্ফোরণ, পেট্রলবোমা নিক্ষেপ ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনাকে কেন্দ্র করে বিএনপির বিরুদ্ধে ‘অগ্নিসন্ত্রাসের’ অভিযোগ তুলেছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার। ওই অভিযোগকে বিএনপির বিরুদ্ধে রাজনৈতিক প্রচারেও ব্যবহার করা হয়েছিল। এখন একই ধরনের নাশকতার ঘটনায় অভিযুক্ত আওয়ামী লীগ নিজেও। দলটির নেতা-কর্মীরা হামলা, অগ্নিসংযোগের ঘটনা নিজেরাই ঘটনাস্থল থেকে সামাজিক মাধ্যমে প্রচার করছে।
গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের নাশকতার বিরুদ্ধে সরকার কী ব্যবস্থা নিচ্ছে, গত কয়েক দিনে তা আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ গতকাল প্রথম আলোকে বলেছেন, ‘ওয়েট অ্যান্ড সি’। পরে তিনি বলেন, ‘আমরা গণতান্ত্রিক, রাজনৈতিক এবং আইনানুগভাবে ফ্যাসিবাদী আচরণ মোকাবিলা করব। কোনো নিরীহ মানুষের জানমালের ক্ষতি হোক—এমন কিছু হতে দেব না। আওয়ামী লীগ স্বৈরাচারী কায়দায় দেশ শাসন করে, একদলীয় বাকশাল করে, গুম-খুন করে, অগ্নিসন্ত্রাস করে বারবার তাদের চরিত্র প্রকাশ করেছে। এটা তাদের চরিত্র।’
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমরা তাদের কোনো উসকানিতে পা দেব না। তাদের কর্মকাণ্ড দেশবাসী এবং বিশ্ববাসী দেখেছে। আন্তর্জাতিক মহল তাদের কর্মকাণ্ডের মূল্যায়ন করছে, করবে।’
আমরা গণতান্ত্রিক, রাজনৈতিক এবং আইনানুগভাবে ফ্যাসিবাদী আচরণ মোকাবিলা করব। কোনো নিরীহ মানুষের জানমালের ক্ষতি হোক—এমন কিছু হতে দেব না।
রাজনৈতিকভাবেও মোকাবিলার প্রস্তুতি
সরকারের উচ্চপর্যায়ের একজন দায়িত্বশীল নেতা জানিয়েছেন, তাঁরা চলমান ঘটনাগুলোর পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতাও নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন।
গতকাল বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের একাধিক নেতার সঙ্গে প্রতিবেদকের কথা হয়। তাঁরা মনে করছেন, আওয়ামী লীগ একটি ভয়ংকর রাজনৈতিক দল হিসেবে পরিগণিত হয়েছে, যাদের পক্ষে সুস্থ ধারার রাজনীতি সম্ভব নয়।
বিএনপির নেতাদের অনেকে মনে করেন, জুলাই গণ-অভ্যুত্থানের পর আওয়ামী লীগ তার শাসনামলের গুম, খুনসহ বিভিন্ন কর্মকাণ্ডের জন্য অনুতপ্ত হবে এবং দেশবাসীর কাছে ক্ষমা চাইবে—এমন প্রত্যাশা ছিল রাজনৈতিক অঙ্গনে। কিন্তু দলটির নেতৃত্বের কোনো পর্যায় থেকেই তেমন আত্মসমালোচনা বা অনুশোচনা দেখা যায়নি; বরং শেখ হাসিনার আগামী ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণার পর সহিংসতা ও নাশকতার মধ্য দিয়ে নতুন করে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে বলে বিএনপির নেতাদের অভিযোগ।
এ বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী গতকাল প্রথম আলোকে বলেন, ‘আওয়ামী লীগ বেআইনি শক্তি, নিষিদ্ধ সংগঠন। যারা বেআইনি কর্মকাণ্ড করবে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আইন অনুযায়ী তাদের আইনের আওতায় নিয়ে আসবে। আর রাজনৈতিক দল হিসেবে আমরা একটি গণতান্ত্রিক পরিবেশে যেকোনো বেআইনি শক্তির মোকাবিলায় সজাগ থাকব, প্রস্তুত থাকব।’
বিরোধীদের সঙ্গে ঐক্যের উদ্যোগ
আওয়ামী লীগের সাম্প্রতিক সহিংসতা শুধু সরকারের জন্য নয়, গণ-অভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক দলগুলোর জন্যও চ্যালেঞ্জ তৈরি করেছে। এ পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে যোগাযোগ ও ঐক্য বাড়ানোর বিষয়টি গুরুত্ব পাচ্ছে।
গত বুধবার জাতীয় সংসদের অধিবেশনে মাগরিবের নামাজের বিরতির এক ফাঁকে প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা মো. শফিকুর রহমান একান্তে কথা বলেন বলে সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে। এরপর সংসদ নেতা ও বিরোধীদলীয় নেতা জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্য দেন।
সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, বৈঠকে প্রধানমন্ত্রী ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোকে নিয়ে একটি সর্বদলীয় গণমিছিল করার প্রস্তাব দেন। অন্যদিকে বিরোধীদলীয় নেতা রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের প্রস্তাব দেন। খুব শিগগির রাজনৈতিক সংলাপ আয়োজনের প্রক্রিয়া শুরুর উদ্যোগ নিতে যাচ্ছে সরকার বলে জানা গেছে।
প্রধানমন্ত্রীকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের পরামর্শ বিরোধীদলীয় নেতার
বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান তাঁর বক্তব্যে গণভোটের রায়ের আলোকে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের দাবি জানান। তিনি বলেন, যত তাড়াতাড়ি এটি হবে, তত তাড়াতাড়ি ফ্যাসিবাদ ও আধিপত্যবাদবিরোধী ঐক্য শক্তিশালী হবে।
প্রধানমন্ত্রীর ঐক্যের আহ্বানে জামায়াতে ইসলামীসহ বিরোধী দলগুলো ইতিবাচক সাড়া দিলেও তাদের অবস্থান শর্তযুক্ত। দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা ও করণীয় নির্ধারণে গতকাল বৈঠক করেছে জামায়াতের নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্য। পরে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে জোটের শীর্ষ নেতা মাওলানা মামুনুল হক বলেন, সরকার ঐক্যের প্রয়োজন অনুভব করছে। তবে এই ঐক্যের ভিত হতে হবে জুলাই সনদ, গণভোটের রায় এবং জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন।
সরকারপ্রধানের ডাকে ঐক্যের বিষয়ে প্রাথমিকভাবে সাড়া দিয়েছেন জামায়াত আমির: মামুনুল হক
এ বিষয়ে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আযাদ প্রথম আলোকে বলেন, প্রধানমন্ত্রীর বক্তব্যের মূল কথা হচ্ছে চব্বিশের চেতনায় ফ্যাসিবাদবিরোধী শক্তিগুলোকে এক মঞ্চে আসা। এর জন্য তো সরকারকে চব্বিশের আকাঙ্ক্ষা, গণভোটের রায় বাস্তবায়নের পথে আসতে হবে। শুরু থেকেই সরকার এটি করতে পারত। সেটি করলে আজকে ফ্যাসিবাদীদের মাথা তোলার যে চেষ্টা, সেটির সুযোগই ছিল না।
মাঠে বিএনপি, পৃথক কর্মসূচিতে জামায়াত
রাজনৈতিকভাবে বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো ইতিমধ্যে মাঠে সক্রিয় হয়েছে। গোপালগঞ্জসহ বিভিন্ন স্থানে আওয়ামী লীগের সহিংসতা ও নাশকতার প্রতিবাদে রাজধানীসহ বিভিন্ন জেলায় নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল, মোটরসাইকেল শোভাযাত্রা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় পাহারা দিচ্ছেন।
গতকাল সকালে রাজধানীর বিভিন্ন এলাকায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের সতর্ক অবস্থান ও বিক্ষোভ দেখা যায়। দুপুরে সায়েদাবাদ-যাত্রাবাড়ী এলাকায়ও নেতা-কর্মীদের উপস্থিতি ছিল। বেলা দেড়টার দিকে যাত্রাবাড়ী মোড়ে একটি ককটেল বিস্ফোরিত হলে লাঠিসোঁটা হাতে বিএনপির নেতা-কর্মীদের ঘটনাস্থলের দিকে যেতে দেখা যায়।
উত্তরার উত্তর মেট্রোস্টেশনের সিঁড়ির পাশে চেয়ার পেতে বসে থাকতে দেখা যায় একদল নেতা-কর্মীকে। তাঁদের দুজনের হাতে ছিল হকিস্টিক। নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মী প্রতিবেদককে বলেন, ‘দেখছেন না ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসীরা কীভাবে বাসে, থানায় আগুন দিচ্ছে, আমাদের নেতা-কর্মীদের মেরে ফেলছে। মেট্রোরেলে সন্ত্রাসীরা যাতে আগুন দিতে না পারে, সে জন্য আমরা পাহারা দিচ্ছি।’
অন্যদিকে প্রধানমন্ত্রীর নির্দেশনার পর বিএনপির অধিকাংশ সংসদ সদস্য নিজ নিজ নির্বাচনী এলাকায় গেছেন বলে দলীয় সূত্রে জানা গেছে। বুধবার সংসদীয় দলের বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁদের এলাকায় গিয়ে মাঠে থাকার নির্দেশ দেন। আজ শুক্রবার নিজ নিজ এলাকায় বিক্ষোভ মিছিলে অংশ নেওয়ার কথা রয়েছে অনেক সংসদ সদস্যের।
নাশকতা ঠেকাতে সরকার কঠোর, মাসজুড়ে মাঠে থাকবে বিএনপিও
লক্ষ্মীপুর-১ আসনে বিএনপির সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম প্রথম আলোকে বলেন, ‘প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যানের নির্দেশনা মোতাবেক আমি ইতিমধ্যে রামগঞ্জে পৌঁছেছি। আওয়ামী লীগের নৈরাজ্য ও বিশৃঙ্খলার বিরুদ্ধে আমাদের অবস্থান অত্যন্ত কঠোর।’
বিএনপির পাশাপাশি জামায়াতে ইসলামীও ৪০ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে। ২১ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ঢাকাসহ সারা দেশে সমাবেশ, মিছিল, আলোচনা সভা ও সামাজিক কার্যক্রম পরিচালনা করবে জামায়াত। এর মধ্য দিয়ে কার্যত দলটি ডিসেম্বরজুড়ে মাঠে থাকার ইঙ্গিত দিল। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) একক ও যৌথভাবে জেলায় জেলায় বিক্ষোভ ও প্রতিবাদ সভা করবে।
ফলে চলমান নাশকতা মোকাবিলায় প্রশাসনিক তৎপরতার পাশাপাশি রাজনৈতিক প্রতিরোধও জোরালো হচ্ছে। সরকার আপাতত সতর্ক অবস্থান নিয়ে সহিংসতার বিস্তার ঠেকাতে চাইছে, বিএনপি মাঠে সক্রিয় হচ্ছে এবং বিরোধী দলগুলো নিজেদের রাজনৈতিক অবস্থান বজায় রেখে কর্মসূচি দিচ্ছে।













