সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে কারাগারে পাঠানোর আদেশ

একাত্তর লাইভ
একাত্তর লাইভ ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৩:৪৯ পিএম
সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে কারাগারে পাঠানোর আদেশ

রাজধানীর উত্তরার বাসা থেকে গতকাল বুধবার রাতে নুরুল ইসলাম নাহিদকে আটক করে পুলিশছবি: সংগৃহীত

জুলাই গণ–অভ্যুত্থানকালে রাজধানীর উত্তরায় মাদ্রাসাছাত্র সাদিকুল ইসলামকে গুলি করে হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের ওপর শুনানি নিয়ে আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেন এই আদেশ দেন। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) হেলাল উদ্দীন প্রথম আলোকে এ তথ্য জানান।

বিজ্ঞাপন

এসআই হেলাল উদ্দীন প্রথম আলোকে বলেন, আসামির পক্ষে কোনো জামিনের আবেদন ছিল না। অন্যদিকে নুরুল ইসলাম নাহিদকে কারাগারে পাঠানোর পক্ষে শুনানি করে রাষ্ট্রপক্ষ। শুনানি শেষে আদেশ দেন আদালত।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী প্রথম আলোকে বলেন, আসামির পক্ষে কোনো জামিনের আবেদন ছিল না। তাঁর পক্ষে আদালতে কোনো আইনজীবীও ছিলেন না। নুরুল ইসলাম নাহিদকে কারাগারে পাঠানোর পক্ষে শুনানি করে রাষ্ট্রপক্ষ। শুনানি শেষে আদেশ দেন আদালত।

বিজ্ঞাপন

আসামিকে আদালতে হাজির করা হয়নি বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী।

নুরুল ইসলাম নাহিদকে কারাগারে আটক রাখার আবেদনটি করেছিলেন মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার এসআই মাহমুদুল হাসান মোড়ল। আজ তিনি আদালতে আবেদনটি করেন।

গতকাল বুধবার দিবাগত রাতে রাজধানীর উত্তরা ৩ নম্বর সেক্টরের বাসা থেকে নুরুল ইসলাম নাহিদকে (৮১) আটক করে পুলিশ। পরে তাঁকে সাদিকুল ইসলাম হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়।

নুরুল ইসলাম নাহিদ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা। সিলেট-৬ আসনের সাবেক সংসদ সদস্য। ২০০৮ সালের নির্বাচনে জয়ী হয়ে আওয়ামী লীগ সরকার গঠন করলে নুরুল ইসলাম নাহিদকে শিক্ষামন্ত্রী করা হয়। তিনি টানা ১০ বছর শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন।

নুরুল ইসলাম নাহিদকে কারাগারে আটক রাখার আবেদনে উত্তরা পশ্চিম থানার পুলিশ বলে, মাদ্রাসাছাত্র সাদিকুল ইসলাম হত্যা মামলায় এই আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাঁর দেওয়া তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। মামলার তদন্তের স্বার্থে তাঁকে কারাগারে আটক রাখা দরকার। এ মামলায় প্রয়োজনে তাঁকে রিমান্ডে নেওয়ার আবেদন পরবর্তী সময়ে করা হবে।

সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ

মামলার অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ১৯ জুলাই বিকেলে উত্তরা পশ্চিম থানার ৯ নম্বর সেক্টরের উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ৫০০ থেকে ৭০০ শিক্ষার্থী ও সাধারণ মানুষ আন্দোলন করছিলেন। এ সময় আসামিদের প্রত্যক্ষ মদদ ও নির্দেশে স্থানীয় আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে আন্দোলনকারীদের ওপর হামলা চালান। পরে আসামিদের সঙ্গে অজ্ঞাতনামা আরও ২০০ থেকে ৩০০ জন ব্যক্তি দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে আন্দোলনকারীদের ওপর হামলা চালান। তারা এলোপাতাড়ি মারধরের পাশাপাশি গুলিও ছোড়ে। এতে মাদ্রাসাছাত্র সাদিকুল ইসলামের পেটে গুলি লাগে। তাঁকে উদ্ধার করে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২০ জুলাই তাঁর মৃত্যু হয়।

সাদিকুল ইসলাম (২১) টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার বাসিন্দা। তিনি উত্তরা পশ্চিম থানা এলাকার জামিয়াছিন ইসলামিয়া মাদ্রাসার কিতাব বিভাগের শিক্ষার্থী ছিলেন। সাদিকুল ইসলামের মৃত্যুর ঘটনায় আদালতে নালিশি মামলা করা হয়। পরে আদালতের নির্দেশে অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করে উত্তরা পশ্চিম থানা।

পুলিশের অপরাধ তথ্য ব্যবস্থাপনা পদ্ধতি (সিডিএমএস) পর্যালোচনার বরাতে আদালতে দেওয়া প্রতিবেদনে বলা হয়, নুরুল ইসলাম নাহিদের বিরুদ্ধে সিলেটে একাধিক থানায় ১৪টি মামলা রয়েছে। এগুলোর মধ্যে হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগে করা মামলাও রয়েছে।