ইনফান্তিনোর প্রতিদন্দ্বী হিসেবে ডিয়ালো ও তাশিমার প্রার্থীতা নিশ্চিত করল ফিফা
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৬:৩৭ পিএম
সোমবার উয়েফা জানায়, ‘ফিফার ভবিষ্যৎ দিকনির্দেশনা নিয়ে গুরুতর উদ্বেগের প্রেক্ষাপটে জাতীয় অ্যাসোসিয়েশনগুলো বিশ্ব ফুটবল সম্প্রদায়ের মধ্যে নতুন করে ঐক্য ও আস্থা ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছিল।’
ঢাকা, ১৯ নভেম্বর ২০২৬ (বাসস) : ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর পুন:নির্বাচনের লড়াইয়ে চ্যালেঞ্জ জানাবেন ফ্রান্স ও জাপান ফুটবল ফেডারেশনের সভাপতি ফিলিপ ডিয়ালো ও কোজো তাশিমা। বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।
২০২৭ সালের মার্চে অনুষ্ঠেয় এই নির্বাচনে প্রথমবারের মতো প্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হতে যাচ্ছেন ইনফান্তিনো। ২০২৩ সালে বিনা প্রতিদ্বন্দ্বীতায় পুন:নির্বাচিত হয়েছিলেন তিনি।
ফরাসি ফুটবল ফেডারেশনের (এফএফএফ) সভাপতি ডিয়ালো সোমবার নিজের প্রার্থিতা ঘোষণা করেন। ইউরোপীয় ফুটবল সংস্থা উয়েফার নির্বাহী কমিটি ও ফিফা কাউন্সিলে প্রতিনিধিত্বকারী সদস্য দেশগুলোর সমর্থন রয়েছে তাঁর প্রতি।
চলতি মাসের শুরুতে নিজের প্রার্থিতা ঘোষণা করেছিলেন তাশিমা। বুধবার আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন তিনি।
এক বিবৃতিতে ফিফা জানায়, ‘প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই এবং তাঁদের প্রার্থিতা অনুমোদনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য নির্বাচনী কমিটির কাছে পাঠানো হয়েছে।
‘প্রস্তাবিত ও অনুমোদিত প্রার্থীদের নাম ২০২৭ সালের ১৮ ফেব্রুয়ারির মধ্যে সদস্য অ্যাসোসিয়েশনগুলোকে জানানো হবে।’
বিশ্বকাপ ও অন্যান্য বড় প্রতিযোগিতায় অংশীদারীত্ব বিক্রির পরিকল্পনা নিয়ে ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ (এফএফই) প্রস্তাব ব্যর্থ হওয়ার পর থেকে ইনফান্তিনোর পদত্যাগের দাবি বারবার উঠেছে।
তবে ৫৬ বছর বয়সী সুইস নাগরিক ইনফান্তিনো দাবি করছেন, বিশ্বজুড়ে সদস্য অ্যাসোসিয়েশনগুলোর যথেষ্ট সমর্থন তাঁর রয়েছে এবং তিনি পুনরায় নির্বাচিত হবেন। ২০১৬ সাল থেকে ফিফা সভাপতির দায়িত্ব পালন করছেন তিনি।
২০২৩ সালে ফরাসি ফুটবল ফেডারেশনের সভাপতির দায়িত্ব নিয়েছেন ডিয়ালো। গত বছর তিনি এফএফই বিতর্কে ইনফান্তিনোর প্রতি সমর্থন প্রত্যাহার করা ফ্রান্সসহ ইউরোপের অন্যান্য ফুটবল অ্যাসোসিয়েশনের সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।













