কয়েকটি গাড়ি পুড়িয়ে সরকার হটানো যাবে না : অ্যাডভোকেট জয়নুল আবেদীন
প্রকাশিত: শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১২:০৫ এএম
সমাবেশে বক্তব্য রাখেন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক মোহাম্মদ আলী, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক গাজী কামরুল ইসলাম সজল, সুপ্রিম কোর্ট ইউনিটের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গাজী তৌহিদুল ইসলাম প্রমুখ।
কয়েকটি গাড়ি ও বাড়িতে আগুন দিয়ে এবং বিদেশ থেকে উসকানি দিয়ে জনগণের ভোটে নির্বাচিত সরকারকে হটানো যাবে না বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন এমপি।
দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টির চেষ্টা বন্ধে সংশ্লিষ্টদের ২৪ ঘণ্টার সময় বেঁধে দিয়ে তিনি বলেছেন, এই সময়ের মধ্যে সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে ফিরে না এলে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামই তাদের প্রতিহত করতে যথেষ্ট।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সামনে ‘পতিত ফ্যাসিস্টের দোসরদের দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টির চেষ্টার প্রতিবাদে’ আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।
বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, ‘আজকে কয়েকটা গাড়ি পুড়িয়ে, কয়েকটা বাড়ি পুড়িয়ে মনে করেছেন—আপনাদের নেতা পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে আর আপনারা চলে আসবেন? জাতীয়তাবাদী দলের সৈনিক ও আইনজীবীরা তা কোনোদিন বরদাস্ত করবে না।’
বিদেশে পালিয়ে যাওয়া ব্যক্তিরা ব্যাংক খালি করে এখন নাশকতায় মদদ দিচ্ছেন বলে অভিযোগ করে তিনি বলেন, ‘একজনের বক্তব্য শুনলাম, যিনি ইসলামী ব্যাংক, ইউসিবিএল ও বেসিক ব্যাংক খালি করে নিয়ে গেছেন; তিনি বলছেন কয়েকটি গাড়ি পুড়িয়ে দাও, তাহলেই নাকি এই সরকারের পতন হয়ে যাবে।’
বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত উল্লেখ করে জয়নুল আবেদীন বলেন, ‘বাংলাদেশের মানুষ ভোট দিয়ে নির্বাচিত করে তারেক রহমানকে প্রধানমন্ত্রী করেছে। আপনারা ভেবেছেন এই সরকারের পতন ঘটিয়ে ফেলবেন, তা কোনোদিনও হবে না। সারা বাংলাদেশ এবং জিয়ার সৈনিকরা আপনাদের বিরুদ্ধে ফুঁসে উঠেছে।’
২০০৮ সালসহ বিভিন্ন সময়ে পিটিয়ে মানুষ হত্যা এবং আগুন দিয়ে রাজনীতি করার অভিযোগ তুলে তিনি বলেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়। এই গোষ্ঠীকে মোকাবিলায় সারা বাংলাদেশের আইনজীবীরাই একাই প্রতিরোধ গড়ে তুলতে পারে।’
সব ভেদাভেদ ভুলে আইনজীবীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘ফ্যাসিস্ট ও সন্ত্রাসীরা যেন কোনো অবস্থাতেই মাথা উঁচু করে দাঁড়াতে না পারে, সেজন্য তাদের রুখে দেওয়া আমাদের সবার ঈমানি দায়িত্ব।’
গোপালগঞ্জ প্রসঙ্গে দলীয় নেত্রীর পূর্বের বক্তব্যের সূত্র ধরে তিনি বলেন, ‘গোপালগঞ্জকে স্বাধীন করলেই সব হয়ে যাবে—এমন ভাবনার সুযোগ নেই। এখনও সময় রয়েছে, আপনারা ‘গোপালী’ মানসিকতা থেকে সরে আসুন।’













