পুলিশের চুরি হওয়া টহল ভ্যান উদ্ধার, গ্রেপ্তার ১

একাত্তর লাইভ
একাত্তর লাইভ ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ২:১৫ পিএম
পুলিশের চুরি হওয়া টহল ভ্যান উদ্ধার, গ্রেপ্তার ১

চট্টগ্রাম নগরের হালিশহর এলাকা থেকে পুলিশের টহল ভ্যান চুরির ঘটনায় রুবেল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরের হালিশহর এলাকা থেকে পুলিশের টহল ভ্যান চুরির ঘটনায় রুবেল (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৮ নভেম্বর) রাতে নগরের ডবলমুরিং থানার দেওয়ানহাট মোড় এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে হালিশহর থানা-পুলিশের একটি বিশেষ দল। এর আগে চুরির কয়েক ঘণ্টার মধ্যে কর্ণফুলী থানা এলাকার ফকিরনিরহাট থেকে ভ্যানটি অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)। পুলিশের দাবি, নাশকতার উদ্দেশ্যে সরকারি গাড়িটি চুরি করা হয়েছিল।

বিজ্ঞাপন

গ্রেপ্তার রুবেল কুমিল্লার চান্দিনা থানার মোহনপুর গ্রামের হানিফ প্রধানের বাড়ির শামছুল আলমের ছেলে। তিনি নগরের ধনিয়ালাপাড়া আউলিয়া জামে মসজিদসংলগ্ন এলাকায় ভাড়া বাসায় থাকেন।

পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার দুপুর আড়াইটার দিকে হালিশহর থানার মোবাইল-৪২ টহল দলের সদস্যরা ছোটপুল পুলিশ লাইনসংলগ্ন পুনাক রেস্টুরেন্টের সামনে সরকারি গাড়িটি রেখে খাবার খেতে যান। খাবার শেষে ফিরে এসে তাঁরা গাড়িটি আর সেখানে পাননি। পরে আশপাশে খোঁজাখুঁজি করেও গাড়িটির সন্ধান মেলেনি।

বিজ্ঞাপন

ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে পুলিশ দেখতে পায়, বেলা ২টা ৪৩ মিনিটের দিকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি গাড়িটি নিয়ে চলে যান। এরপর পুলিশ নিয়ন্ত্রণকক্ষের সমন্বয়ে নগরের বিভিন্ন স্থানে তল্লাশিচৌকি জোরদার করা হয়।

পুলিশ জানায়, বুধবার সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে কর্ণফুলী থানা এলাকার ফকিরনিরহাট থেকে চুরি হওয়া গাড়িটি অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। পরে এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্তের পর প্রধান আসামি হিসেবে রুবেলকে গ্রেপ্তার করা হয়।

তাঁকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

সিএমপির সহকারী কমিশনার (জনসংযোগ) মো. আমিনুর রশিদ জানান, পুলিশের সমন্বিত তৎপরতায় কয়েক ঘণ্টার মধ্যে কর্ণফুলীর ফকিরনিরহাট এলাকা থেকে গাড়িটি অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বিষয়:

পাঠকের আগ্রহ

সম্পর্কিত