রুয়েটের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা, সুযোগ ১৮ হাজার শিক্ষার্থীর
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১:৩৩ পিএম
ভর্তি পরীক্ষা শেষে কেন্দ্র থেকে বেরিয়ে আসার পর সন্তানের অভিজ্ঞতা শুনে আদর করছেন মা।প্রথম আলো ফাইল ছবি
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী বছরের ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এবার রুয়েট ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) দুটি কেন্দ্রে অভিন্ন প্রশ্নপত্রে এ পরীক্ষা নেওয়া হবে।
গতকাল বুধবার (১৮ নভেম্বর) বিকেলে রুয়েটের স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার স্টিয়ারিং কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম আবদুর রাজ্জাক উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ও ভর্তি পরীক্ষা স্টিয়ারিং কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. কামরুজ্জামান। রুয়েট থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এবার ভর্তি পরীক্ষা হবে বহুনির্বাচনী (এমসিকিউ) পদ্ধতিতে। প্রাথমিক যোগ্যতা পূরণ করে আবেদনকারীদের মধ্য থেকে মেধার ভিত্তিতে ১৮ হাজার শিক্ষার্থীকে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে। রুয়েটে ১২ শতাধিক আসনের বিপরীতে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীকে ২০২৩ অথবা ২০২৪ সালে মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এ ক্ষেত্রে ন্যূনতম জিপিএ–৪ থাকতে হবে। পাশাপাশি ২০২৬ সালে উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। উচ্চমাধ্যমিকে গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়ন বিষয়ে মোট জিপিএ কমপক্ষে ১৩ থাকতে হবে। তবে প্রতিটি বিষয়ে আলাদাভাবে ন্যূনতম জিপিএ–৪ থাকতে হবে।
বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরামর্শ-৫: এআই যুগে সমাজবিজ্ঞান- রাষ্ট্রবিজ্ঞান-উন্নয়ন অধ্যয়ন বিষয়ে কেন পড়বেন
জিসিই ‘ও’ লেভেল ও ‘এ’ লেভেল উত্তীর্ণ শিক্ষার্থীদের ক্ষেত্রেও নির্দিষ্ট যোগ্যতা রাখা হয়েছে। ‘ও’ লেভেলে অন্তত পাঁচটি বিষয়ে ন্যূনতম ‘বি’ গ্রেড এবং ‘এ’ লেভেলে গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়নে পৃথকভাবে ন্যূনতম ‘বি’ গ্রেড থাকতে হবে। পাশাপাশি ২০২৫ সালের নভেম্বর বা এর পরে ‘এ’ লেভেলের সার্টিফিকেট পেতে হবে।
ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি অধ্যাপক মো. কামরুজ্জামান প্রথম আলোকে বলেন, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের ফলাফলের ভিত্তিতে নির্ধারিত যোগ্যতা পূরণকারীরা আবেদন করতে পারবেন। তবে আবেদন করলেই পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাওয়া যাবে না। আবেদনকারীদের মধ্য থেকে মেধার ভিত্তিতে শীর্ষ ১৮ হাজার শিক্ষার্থীকে পরীক্ষার জন্য নির্বাচন করা হবে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসন বাড়ল, কমল জিপিএ; যে যে পরিবর্তন এল
মো. কামরুজ্জামান আরও বলেন, আদালতের একটি নিষেধাজ্ঞার বিষয় বিবেচনায় রেখেই জানুয়ারি মাসে ভর্তি পরীক্ষার কার্যক্রম আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সময়ে অন্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা থাকলে শিক্ষার্থীরা যেন সমস্যায় না পড়েন, সে বিষয়ও বিবেচনায় নিয়ে পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে।
এদিকে ভর্তি পরীক্ষাসংক্রান্ত অন্যান্য বিষয়ে স্টিয়ারিং কমিটির সভায় সিদ্ধান্ত নেওয়া হবে বলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।













