মাদ্রিদে বাংলাদেশি পণ্যের সুপারমার্কেট ‘ফারান সুপার মার্কাদো’ উদ্বোধন
প্রকাশিত: শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ৬:৫৩ পিএম
স্পেনের রাজধানী মাদ্রিদে প্রবাসী বাংলাদেশিদের জন্য বাংলাদেশি নিত্যপ্রয়োজনীয় পণ্যের সমাহার নিয়ে যাত্রা শুরু করেছে ‘ফারান সুপার মার্কাদো’। মাদ্রিদের মেট্রো লাইন-১-এর আলতো দে আরেনাল এলাকায় কাইয়ে আভেনিদা দে লা বুফেরা, ২৪৬ নম্বরে সুপারমার্কেটটি চালু করেছেন প্রবাসী বাংলাদেশি উদ্যোক্তা তাজুল উদ্দিন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দর, গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশন ইন স্পেনের সভাপতি আব্দুল কাইয়ুম মাসুক, সাধারণ সম্পাদক কাউছার হোসেন টিপু, বাংলাদেশ প্রেসক্লাব ইন স্পেনের সভাপতি বকুল খান এবং সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশন ইন স্পেনের সিনিয়র সহসভাপতি আব্বাস উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক ইউসুফ আলী, আব্দুল মোতালেব বাবুল, সমছুল ইসলামসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও প্রবাসী বাংলাদেশিরা।
সুপারমার্কেটটিতে প্রবাসী বাংলাদেশিদের দৈনন্দিন প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী সাশ্রয়ী মূল্যে কেনাকাটার সুযোগ রয়েছে।
প্রতিষ্ঠানটির উদ্যোক্তা তাজুল উদ্দিন বলেন, প্রবাসী বাংলাদেশিদের সুবিধার কথা বিবেচনা করে কম দামে নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে। এখানে বাংলাদেশিরা সাশ্রয়ী মূল্যে প্রয়োজনীয় সামগ্রী কিনতে পারবেন।
তিনি আরও জানান, কোনো ক্রেতা ৪০ ইউরো বা তার বেশি মূল্যের বাজার করলে তাঁর বাসায় পণ্য পৌঁছে দেওয়ার ব্যবস্থা রয়েছে।
তাজুল উদ্দিন মাদ্রিদে বসবাসরত সব প্রবাসী বাংলাদেশিকে ফারান সুপার মার্কাদোতে আসার আমন্ত্রণ জানিয়েছেন। তিনি আশা প্রকাশ করেন, প্রবাসীদের ভালোবাসা ও সহযোগিতায় প্রতিষ্ঠানটি এগিয়ে যাবে এবং বাংলাদেশিদের নিত্যপ্রয়োজনীয় পণ্যের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রবাসে দেশীয় পণ্যের সহজলভ্যতা ও সাশ্রয়ী কেনাকাটার সুযোগ সৃষ্টি করায় নতুন এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয় বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ ও প্রবাসীরা।
ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।












