‘দায়ে পড়ে’ গীতিকার হুমায়ূন আহমেদ
প্রকাশিত: শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ৪:৪৯ পিএম
হুমায়ূন আহমেদছবি: প্রথম আলো
কবি হতে চেয়েছিলেন। অথচ নিজেকে কবি বলতে তাঁর ছিল প্রবল সংকোচ। গল্পকার পরিচয়েই স্বচ্ছন্দ ছিলেন হুমায়ূন আহমেদ। কিন্তু তাঁর লেখা গান শুনলে মনে হয়, কবিতার সঙ্গে সম্পর্কটি কখনো ছিন্ন হয়নি। গল্পের মানুষগুলোর সুখ–দুঃখ বলতে বলতে কখন যে নিজের ভেতরের কবিকেও গানে জায়গা করে দিয়েছিলেন, এর সাক্ষী হয়ে আছে তাঁর সৃষ্টিগুলো।
আজ ১৩ নভেম্বর হুমায়ূন আহমেদের জন্মদিন। ১৯৪৮ সালের এই দিনে জন্ম নেওয়া কথাসাহিত্যিকের গল্প, উপন্যাস, নাটক ও চলচ্চিত্র নিয়ে আলোচনা হয় বিস্তর। সেই বিপুল সৃষ্টির পাশে তাঁর গানও খুলে দেয় অন্য এক জানালা। সেখানে প্রেম আছে, বিরহ আছে, নিঃসঙ্গতা আছে; আছে বৃষ্টি, জোছনা আর জীবনের প্রতি গভীর মায়া। জন্মদিনে তাই প্রশ্নটি ফিরে আসে—কবি হতে চাওয়া মানুষটি কি গানেই খুঁজে পেয়েছিলেন নিজের আরেকটি আশ্রয়?
ছোট বোনের নামে কবিতা
হুমায়ূনের লেখকজীবনের শুরুর দিকেই ছিল কবিতা। নিজের লেখা ‘আমি এবং দৈনিক বাংলা’য় তিনি ফিরে গেছেন ১৯৬৭ সালের একটি রাতে। তখন সবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন, থাকেন মুহসীন হলে। চারপাশ অচেনা, বন্ধুবান্ধবও তেমন হয়নি। এক রাতে হলের হইচই ও সহিংসতার মধ্যে দরজা বন্ধ করে লিখে ফেললেন দুটি কবিতা।
লিখেই মনে হলো, পাঠকের কাছে পৌঁছানো দরকার। কিন্তু নিজের নামে পাঠানোর সাহস হলো না। ছোট বোন মমতাজ আহমেদ শিখুর নামে কবিতা পাঠালেন পত্রপত্রিকায়। অপেক্ষার পর একদিন দেখলেন, দৈনিক পাকিস্তানের মহিলা পাতায় ছাপা হয়েছে কবিতা দুটি—‘ফানুস’ ও ‘সময়’।
‘ফানুস’-এর সেই আকাঙ্ক্ষা পরে তাঁর পাঠকদের কাছেও পরিচিত হয়ে ওঠে—‘দিতে পারো এক শ ফানুস এনে’। তবে কবিতা প্রকাশের আনন্দ পেলেও নিজেকে কবি হিসেবে প্রতিষ্ঠার পথে এগোননি হুমায়ূন। স্মৃতিচারণায় রসিকতা করে লিখেছেন, পড়াশোনার চাপে কবিতা মাথায় উঠেছিল। ছোট বোনের নামে সাহিত্যজগতে আত্মপ্রকাশের ঘটনাটিও বলেছেন তাঁর চেনা কৌতুকে।
এই রসিকতার আড়ালেও কবিতার প্রতি তাঁর মুগ্ধতা স্পষ্ট। ইমদাদুল হক মিলনকে দেওয়া সাক্ষাৎকারে কবিতাকে সাহিত্যের উৎকৃষ্টতম রূপ হিসেবে উল্লেখ করেছিলেন তিনি। জানিয়েছিলেন, সেই জায়গায় কাজ করার ক্ষমতা নিজের আছে বলে মনে করেন না। গল্পকার পরিচয়েই তাঁর স্বাচ্ছন্দ্য বেশি।
নিজের সম্পর্কে এই মূল্যায়ন বিনয়, আত্মসংশয় কিংবা সচেতন সিদ্ধান্ত—যেভাবেই দেখা হোক, কবিতার প্রতি টানটি তাঁর সৃষ্টিতে বারবার ফিরে এসেছে।
প্রয়োজন থেকে গান, গানে অন্য পরিচয়
গান লেখার সূচনা নিয়ে হুমায়ূনের ব্যাখ্যাও ছিল সরল। মিলনকে দেওয়া একই সাক্ষাৎকারে জানিয়েছিলেন, ‘কবি’ উপন্যাসের জন্য কবিতা দরকার হওয়ায় নিজেই লিখেছিলেন। টেলিভিশনের একটি ধারাবাহিকে গ্রাম্য গায়কের গান প্রয়োজন হয়েছিল। দৃশ্য ও পরিস্থিতির সঙ্গে মিলিয়ে সেই গানও নিজেই লিখে ফেলেন। নিজের এই ভূমিকাকে রসিকতা করে বলেছিলেন, ‘আমি হলাম দায়ে পড়ে কবি, দায়ে পড়ে গীতিকার।’
কিন্তু প্রয়োজন মেটাতে লেখা গান পর্দার দৃশ্যেই আটকে থাকেনি। শ্রোতা সেগুলোকে আপন করে নিয়েছেন। ‘একটা ছিল সোনার কন্যা’, ‘আমার ভাঙা ঘরে ভাঙা চালা’, ‘বর্ষার প্রথম দিনে’ কিংবা ‘ও আমার উড়াল পঙ্খি রে’—গানগুলোয় ধরা পড়েছে তাঁর অনুভূতি প্রকাশের নানা রং।
হুমায়ূনের গানের ভাষা শুনলে মনে হয়, পরিচিত কেউ কথা বলছেন। শব্দের জটিল আয়োজন নেই, অনুভূতির কাছে পৌঁছানোর জন্য দীর্ঘ ভূমিকাও লাগে না। কখনো ছোট্ট একটি দৃশ্য, কখনো একটি সম্বোধন, কখনো মনের সামান্য অভিমানেই তৈরি হয় গানের আবহ।
কথাসাহিত্যে হুমায়ূন যে সহজ ভাষায় মানুষের গভীর অনুভূতিকে ছুঁয়েছেন, গানের মধ্যেও সেই শক্তি কাজ করেছে। তবে সুরে বাঁধা পড়লে সে কথাই পেয়েছে অন্য মাত্রা। গল্পের চরিত্রের অনুভূতি হয়ে উঠেছে শ্রোতার নিজের কথা।
এ জায়গা থেকেই তাঁর গানে কবি হতে চাওয়া মানুষটির উপস্থিতি খোঁজা যায়। এটি তাঁর সৃষ্টিকে পাঠ করার একটি দৃষ্টিভঙ্গি; নিজের গান সম্পর্কে হুমায়ূনের দেওয়া কোনো চূড়ান্ত ব্যাখ্যা নয়।
এক কিশোরীর গানে বদলে গেল সকাল
হুমায়ূনের সংগীতপ্রেমের একটি স্মরণীয় ঘটনা জড়িয়ে আছে হবিগঞ্জের এক সকালের সঙ্গে।
একটি অনুষ্ঠানে গিয়ে শেষরাত পর্যন্ত আড্ডা দিয়েছিলেন। ইচ্ছা ছিল দুপুর পর্যন্ত ঘুমাবেন। কিন্তু সকাল ছয়টায় ঘুম ভাঙিয়ে দিল তেরো–চৌদ্দ বছরের এক কিশোরী। সঙ্গে হারমোনিয়াম। সে তাঁকে গান শোনাতে চায়।
বিরক্ত হয়েছিলেন হুমায়ূন। তবু মেয়েটির করুণ চোখ ও বিষণ্ন মুখ দেখে ধমক দিতে পারেননি। একটি গান শোনানোর অনুমতি দিলেন। কিশোরীর কণ্ঠে শুনলেন ‘নিশা লাগিল রে’। গানের বাণী ও সরল সুরে মুগ্ধ হয়ে জানতে চাইলেন গীতিকারের নাম। উত্তর এল—হাসন রাজা।
হুমায়ূন আহমেদ নিজের লেখায় জানিয়েছেন, হাসন রাজার প্রতি তাঁর প্রবল আগ্রহের শুরু ওই কিশোরীর কাছ থেকেই। ঢাকায় ফিরে ‘অচিনবৃক্ষ’ নাটকে গানটি ব্যবহার করেন।
পরে হাসন রাজার গান নিয়ে সিডি প্রকাশের উদ্যোগ নেন। প্রত্যাশামতো বিক্রি হয়নি সেটি। তবু থামেননি। আরও বেশি মানুষকে গানগুলো শোনাতে ‘আজ রবিবার’ ধারাবাহিকের প্রতি পর্বের শেষে ব্যবহার করেন হাসন রাজার গান। তাঁর কাছে সেটি ছিল প্রিয় মরমি কবির প্রতি ঋণ কিছুটা শোধ করার চেষ্টা।
ঘটনাটি হুমায়ূনের সংগীতপ্রেমের পাশাপাশি তাঁর কাজের ধরনও চিনিয়ে দেয়। কোনো গান ভালো লাগলে শুধু নিজের মুগ্ধতায় থেমে থাকতেন না; সেটিকে অন্যের কাছে পৌঁছে দেওয়ার পথ খুঁজতেন। জনপ্রিয় নাটকের দর্শককে লোকগানের শ্রোতা করে তোলার মধ্যেও ছিল সেই আন্তরিকতা।
হুমায়ূন আহমেদ বললেন, ‘ফারুক তোমাকে কিন্তু কুয়ায় ঝাঁপ দিতে হবে’
গল্পের ভেতরেও গান
হুমায়ূনের সাহিত্যের পাঠকের কাছে গানের উপস্থিতি অপরিচিত নয়। রবীন্দ্রসংগীতের পঙ্ক্তি এসেছে তাঁর বইয়ের নামকরণে। গল্প–উপন্যাসের ভেতরেও গান কখনো চরিত্রের মনের কথা বলেছে, কখনো তৈরি করেছে দৃশ্যের আবহ। যে অনুভূতি সরাসরি বললে হয়তো অতিরিক্ত ব্যাখ্যা হয়ে যেত, গানের উল্লেখে তা পৌঁছে গেছে পাঠকের কাছে।
রবীন্দ্রসংগীতের পাশাপাশি লোকগান ও মরমি গানের প্রতিও ছিল তাঁর গভীর অনুরাগ। বাসার গানের আসর থেকে নুহাশপল্লীর জোছনার আয়োজন—সংগীত তাঁর ব্যক্তিজীবন ও সৃষ্টির সঙ্গে মিশে ছিল। হাসন রাজার গান নিয়ে তাঁর উদ্যোগ সে সম্পর্কেরই উজ্জ্বল দৃষ্টান্ত।
হুমায়ূনের নিজের গানেও শোনা যায় বাংলার চেনা জীবন ও প্রকৃতির প্রতিধ্বনি। বৃষ্টি, নদী, পাখি কিংবা জোছনা সেখানে কেবল দৃশ্যের বর্ণনা হয়ে থাকে না; মানুষের অপেক্ষা, আকুলতা ও ভালোবাসার ভাষা হয়ে ওঠে।
কবিতার আকাঙ্ক্ষা, গানের আশ্রয়
কবি পরিচয় নিতে চাননি হুমায়ূন। কিন্তু কবিতার প্রতি তাঁর আকর্ষণ ছিল। নাটক–চলচ্চিত্রের প্রয়োজনেও গান লিখেছেন। আবার অন্যের গান শুনে মুগ্ধ হয়েছেন, সেই মুগ্ধতা ছড়িয়ে দিতে উদ্যোগী হয়েছেন। সংগীতের সঙ্গে তাঁর সম্পর্কের এই সব দিক পাশাপাশি রাখলে বোঝা যায়, গান তাঁর সৃষ্টিজীবনের কতটা কাছের ছিল।
তাই গানেই হুমায়ূন আহমেদ আশ্রয় খুঁজেছিলেন কি না, এর নিশ্চিত উত্তর দেওয়া কঠিন। তবে তাঁর গান শুনে এমনটি ভাবার অবকাশ আছে—যে অনুভূতিকে গল্পে বিস্তার দিয়েছেন, কখনো তাকেই অল্প কথায় সুরের কাছে সমর্পণ করেছেন।
কবি হতে চাওয়া মানুষটি শেষ পর্যন্ত গল্পকার হিসেবেই পরিচিত হয়েছেন। তবু তাঁর ভেতরের কবিতার আকাঙ্ক্ষা হারিয়ে যায়নি। হয়তো গানের মধ্যেই এর জন্য একটি দরজা খোলা ছিল। সেই দরজা দিয়ে আজও শ্রোতারা পৌঁছে যান অন্য এক হুমায়ূনের কাছে, যাঁর কথায় সুর বসে, আর সেই সুরে মিশে থাকে মানুষের বেঁচে থাকার আনন্দ, বিষণ্নতা ও মায়া।












