আদালতের সামনে ককটেল বিস্ফোরণ : গ্রেপ্তার আসামির ৩ দিনের রিমান্ড
প্রকাশিত: শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ৬:০৮ পিএম
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সামনে আজ সকালে ককটেল বিস্ফোরণের ঘটনার পরপরই হাতেনাতে গ্রেপ্তার মো. দেলোয়ার হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। আদালতে রাষ্ট্র পক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে, মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) ও মো. আবদুর রহমান আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।
রিমান্ড আবেদনে বলা হয়, মামলার প্রকৃত রহস্য উদঘাটন, বোমা তৈরির সরঞ্জাম সংগ্রহকারীদের শনাক্ত, পলাতক অন্য আসামিদের গ্রেপ্তার এবং অর্থ যোগানদাতা ও নির্দেশদাতাদের নাম-ঠিকানা জানতে আসামিকে নিবিড় জিজ্ঞাসাবাদ প্রয়োজন। এজন্য পাঁচ দিনের রিমান্ড একান্ত জরুরি।
মামলার বিবরণী থেকে, বৃহস্পতিবার বেলা ১১টা ১৮ মিনিটের দিকে কোতোয়ালি থানাধীন সিএমএম আদালতের হাজতখানার সামনের পাকা রাস্তায় অজ্ঞাতপরিচয় দুষ্কৃতিকারীরা ককটেল সদৃশ বোমার বিস্ফোরণ ঘটায়। জনমনে আতঙ্ক সৃষ্টি ও আদালতের স্বাভাবিক কার্যক্রমে বিঘ্ন ঘটানোই ছিল এর উদ্দেশ্য। বিস্ফোরণে ঘটনাস্থলে থাকা অ্যাডভোকেট হৃদয় মিয়া আহত হন। সহকর্মীরা তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
ঘটনার পরপরই আদালত ভবনের ৯ নম্বর কোর্টের সামনে থেকে উপস্থিত জনসাধারণ দেলোয়ারকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। পরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইমসিন ইউনিট ঘটনাস্থল থেকে বিস্ফোরিত ককটেলের বারুদের সোয়াব, জর্দার কৌটার অংশবিশেষ, লাল কচটেপ, পেরেক ও কাঁচের টুকরাসহ বেশ কিছু আলামত সংগ্রহ করে।
এ ঘটনায় আজ পুলিশের উপ-পরিদর্শক (এসআই) কে এম আবদুল হক বাদী হয়ে বিস্ফোরক দ্রব্য আইনে কোতোয়ালি থানায় মামলা করেন।













