ডিসেম্বর নিয়ে ফেসবুক পোস্ট, প্রাথমিক শিক্ষকের বিরুদ্ধে তদন্তের নির্দেশ
প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১:১৭ এএম
প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মহসিন আকন্দ। ছবি: সংগৃহীত
নান্দাইলে ডিসেম্বর নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ার ঘটনায় নান্দাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মহসিন আকন্দের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন। সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা রেনেস্তারা সুলতানাকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।
রোববার নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সল আহমেদ এ নির্দেশে উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা মো. মনিরুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে।
জানা গেছে, দুই দিন আগে মহসিন আকন্দ ফেসবুকে ডিসেম্বর মাস নিয়ে একটি পোস্ট দেন। পোস্টে তিনি লেখেন, ‘এখন শীতের কাঁপুনি ধরেছে, আগামীতেও আরও বাড়বে। কারণ, ডিসেম্বরে শীতের ভয়াবহ অবস্থার সম্মুখীন হতে হবে।’
পোস্টটি ঘিরে নান্দাইল উপজেলার শিক্ষক ও রাজনৈতিক ব্যক্তিবর্গের মধ্যে রহস্যের সৃষ্টি হয়েছে।
পোস্টে নান্দাইল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সারোয়ার হাসান জিটু মন্তব্য করেন, ‘সুন্দর উপলব্ধি।’ ফাতেমা সেতু নামের এক নারী লেখেন, ‘আপনাদের আপা আসতেছে, শীতের আমেজটা এইবার একটু স্পেশাল হবে।’
জবাবে মহসিন আকন্দ লেখেন, ‘এত আগে বাড়লে হবে না তো?’
পোস্টে জামান রনি নামের এক ব্যক্তি মন্তব্য করেন, ‘স্যার, আপনি সরকারের বেতন ঠিকমতো পাচ্ছেন কি না, সেটা বলেন?’
বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে উপজেলা নির্বাহী কর্মকর্তার নজরে আসে। পরে তদন্তের নির্দেশ দেওয়া হয়।
মহসিন আকন্দ বলেন, ‘আমি নিম্নচাপের কারণে এমন মন্তব্য করেছি। তবে ডিসেম্বরে আওয়ামী লীগ আসা—এমন কিছু নিয়ে পোস্ট দিইনি। তবে কী কারণে আমাকে চিঠি দিয়েছে, বুঝতে পারছি না।’
নান্দাইল উপজেলা ভারপ্রাপ্ত সহকারী শিক্ষা কর্মকর্তা মো. মনোয়ারুল ইসলাম বলেন, ‘কারণ দর্শানোর চিঠি দেওয়া হয়েছে। তিন কার্যদিবসের মধ্যে জবাব পেলে বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’













