হত্যা মামলায় রিমান্ড শেষে কারাগারে সাবেক স্বাস্থ্যসচিব সিরাজুল

একাত্তর লাইভ
একাত্তর লাইভ ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:১৬ এএম
হত্যা মামলায় রিমান্ড শেষে কারাগারে সাবেক স্বাস্থ্যসচিব সিরাজুল

বৈষম্য বিরোধী আন্দোলন কেন্দ্রিক সরকারি বাঙলা কলেজের শিক্ষার্থী মো. সাগর আহম্মেদ হত্যা মামলায় রিমান্ড শেষে সাবেক স্বাস্থ্যসচিব সিরাজুল হক খানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। 

রোববার (২২ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসিব উল্লাহ পিয়াস শুনানি শেষে তার জামিন আবেদন নামঞ্জুর করে এ আদেশ দেন।

বিজ্ঞাপন

এদিন রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক কৃষ্ণদাস বৈরাগী।

এসময় আসামিপক্ষের আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। অন্যদিকে, রাষ্ট্রপক্ষ তার জামিনে আপত্তি জানান। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

বিজ্ঞাপন

এর আগে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ১৯ নভেম্বর রমনা থানাধীন বেইলি রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন ২০ নভেম্বর তাকে আদালতে হাজির করা হয়। ওইদিন শুনানি শেষে আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার বিবরণ থেকে , বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ২০২৪ সালের ১৯ জুলাই বিকেল ৫টার দিকে মিরপুর-১০ নম্বর গোলচত্বরে অংশ নেন সরকারি বাঙলা কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো. সাগর আহম্মেদ। এসময় আন্দোলনরত ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধ হন সাগর। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে ওই দিন সন্ধ্যা পৌনে ৮টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহত সাগরের চাচাতো ভাই মো. সাইফুল ইসলাম বাদী হয়ে ২০২৫ সালের ৬ ফেব্রুয়ারি মিরপুর মডেল থানায় হত্যার অভিযোগে মামলা দায়ের করেন।