আমিরাতে লেবার মার্কেট ট্যালেন্টস পুরস্কারে ভূষিত বাংলাদেশি ওয়াহিদ
প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:১৫ পিএম
সংযুক্ত আরব আমিরাতে কর্মক্ষেত্রে বিশেষ দক্ষতা, নিষ্ঠা ও একাগ্রতার জন্য লেবার মার্কেট ট্যালেন্টস পুরস্কারে ভূষিত হয়েছেন বাংলাদেশি তরুণ উদ্যোক্তা মোহাম্মদ ওয়াহিদ আব্দুল শহিদ।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আমিরাত সরকারের মানবসম্পদ ও আমিরাতীকরণ মন্ত্রণালয় থেকে তিনি এই মর্যাদাপূর্ণ পুরস্কার লাভ করেন। তিনি সিলেটের প্রবাসী বাংলাদেশি।
এটি ছিল এই আয়োজনের চতুর্থ পর্ব। বৃহস্পতিবার আবুধাবি ন্যাশনাল এক্সিবিশন সেন্টারের আইসিসি হলে মন্ত্রণালয় আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ইউএই প্রেসিডেন্সিয়াল কোর্ট অব ডেভেলপমেন্ট অ্যান্ড ফলেন হিরোজ ডিপার্টমেন্টের ডেপুটি চেয়ারম্যান শেখ দিয়াব বিন মোহাম্মদ বিন যায়েদ আল নাহিয়ান।
মানব সম্পদ ও আমিরাতীকরণ মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত এই পুরস্কারের লক্ষ্য হলো বেসরকারি খাতের প্রতিষ্ঠানগুলোর প্রচেষ্টাকে স্বীকৃতি দেওয়া, শীর্ষস্থানীয় ব্যবসায়ী উদ্যোক্তা ও কর্মীদের সম্মানিত করা এবং সংযুক্ত আরব আমিরাতে শ্রমবাজারের সফল চর্চাগুলো তুলে ধরা।
বিভিন্ন পর্বে মোট ৩৩ হাজার আবেদনকারীর মধ্য থেকে চূড়ান্ত পর্বের বিজয়ীদের বাছাই করা হয়।
এই ক্যাটাগরিতে চারজনের মধ্যে ১ জন ফিলিপাইন, ১ জন নেপাল, ১ জন বাংলাদেশি ও ১ জন উগান্ডার নাগরিক পুরস্কারে ভূষিত হয়েছেন।
মোহাম্মদ ওয়াহিদ ওয়ার্কফোর্স ক্যাটাগরিতে লেবার মার্কেট ট্যালেন্টস (স্টোরিজ অব পারসিভিয়ারেন্স) পুরস্কার হিসেবে একটি অভিজ্ঞান পত্র, স্বর্ণপদক ও নগদ ৫০ হাজার দিরহাম (প্রায় ১৭ লাখ টাকা) লাভ করেন।
পুরস্কার পাওয়ার পর প্রতিক্রিয়ায় আব্দুল ওয়াহিদ বলেন, ‘এই পুরস্কার শুধু আমার গর্বের নয়, সারা বাংলাদেশি প্রবাসীদের গর্বের।’
তিনি আরও বলেন, আরব আমিরাত সরকারের প্রতি সম্মান জানাই। এ দেশে অবস্থানরত সব প্রবাসীকে আইন-কানুনের প্রতি সব সময় শ্রদ্ধাশীল এবং বিনয়ী হতে হবে। আমরা যেমন আমাদের দেশকে ভালোবাসি, তেমনি প্রবাসেও আমরা আমাদের দেশের মতো আমিরাতকেও ভালোবাসি।
ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।













