পত্রপুষ্প সৌরভ সুন্দর হে
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১১:৪৮ এএম
মিয়াগস বুশছবি: লেখক
কার্তিকের মাঝামাঝি হেমন্তের এক সোনাঝরা সকালে ঘর থেকে বেরিয়ে আট প্রকৃতিসখা মিলে ছুটলাম এক খুদে প্রকৃতিরাজ্য দর্শনে। মনের মধ্যে উঁকিঝুঁকি মারছে, সেখানে কী কী নতুন গাছ আর ফুলের দেখা পাব? কত-না ফুল রোজ ফোটে এ পৃথিবীর বুকে! তার কটাই-বা আমার দেখতে পাই, কটাই-বা চিনি? এসব ভাবতে ভাবতেই মনে মনে গাইতে থাকলাম রবীন্দ্রনাথের পূজাপর্বের একটি গান: ‘নিত্য তোমার যে ফুল ফোটে ফুলবনে,/ তারি মধু কেন মনমধুপে খাওয়াও না?/ নিত্যসভা বসে তোমার প্রাঙ্গণে,/ তোমার ভৃত্যের সেই সভায় কেন গাওয়াও না?’
নতুন নতুন ফুলের সন্ধান করার এক অদ্ভুত বিপজ্জনক নেশা পেয়ে বসেছে। প্রকৃতিবন্ধু আশিক দিদারের আমন্ত্রণে তার সবুজ রাজ্যে চলেছি আমরা। বনশ্রী থেকে বাসে প্রথমে আতিক মার্কেট, তারপর সেখান থেকে অটোতে চড়ে ডেমরার খলাপাড়া বাজার। সেখানে নেমে বালু নদের পাড় ধরে খানিকটা হেঁটে পৌঁছে গেলাম ধীৎপুর। সেখানেই রয়েছে বিঘা দুই জমির ওপরে দিদারের সেই খুদে সবুজ রাজ্য। সে রাজ্যের মধ্যে একটা তাঁবুর মতো করে ত্রিপল টাঙানো জায়গায় আমাদের সভার ব্যবস্থা করা হয়েছে। যথারীতি কিছু ঔষধি গাছের পত্র-বীজে সূচনা আপ্যায়ন, এরপর একঝলকের পরিভ্রমণ। বসার জায়গাটার চারপাশে ঠাসা নানা প্রজাতির ফার্ন, সাকুলেন্ট, ক্যালাথিয়া, বাহারি কচু ইত্যাদি উদ্ভিদ। বসে থাকতে থাকতেই প্রথমে চোখ গেল বার্ডনেস্ট ফার্নের রোদঝলকিত উজ্জ্বল সবুজ বড় বড় পাতার দিকে। এক একটা পাতা ৩ থেকে ৪ ফুট লম্বা। পিঠের কাছেই বড় এক ঝোপ ফিশটেইল ফার্ন। তার পাতার নিচেও বিন্দু বিন্দু সারি করে সাজানো রয়েছে স্পোরগুলো।
সভাস্থলের পাশেই মালয় কাঞ্চনের দুটি লতানো গাছ। আগায় থোকা ধরে কমলা-হলুদ ফুল ফুটেছে, কিছু ফুলের মাঝখান থেকে ঝুলছে রক্তমাখা ছুরির ফলার মতো কচি ফল। একটা গাছে বেশ কয়েক থোকা হলুদ ফুল দেখেই মনে হলো, হেমন্ত বুঝি আজ সার্থক হলো। হেমন্তের রংও হলুদ। ফুলগুলোর নাম কী? একবার মনে হলো সুরতিসেনা, আবার সন্দেহও হলো। মেরী আপা বললেন, ‘ওগুলো হলুদ কৃষ্ণচূড়া। নার্সারির লোকেরা তাই বলে।’ কলকাসুন্দার মতো ফুল। দিদার বললেন, ‘ওটা ওরই সহোদর, সেনা গণের গাছ।’
ঘুরে দেখার জন্য উঠতেই এবার চোখে পড়ল পায়ের তলায় কয়েন-লিফের আচ্ছাদন, পাশেই একটা অদ্ভুত সুন্দর ঝোপালো খাটো এক উদ্ভিদ। চিনি না। দিদার বললেন, ওর নাম অসমোজাইলন, ইংরেজি নাম পেলাম মিয়াগস বুশ, ফিলিপাইনের উদ্ভিদ, গুল্ম প্রকৃতির। পাখার মতো পাতা, সরু রেখার মতো পত্রফলক সূর্যের মতো চারদিকে ছড়িয়ে রয়েছে। হাঁটতে হাঁটতে পাশেই পড়ল সেঞ্চুরি প্ল্যান্টের খুঁটির মতো প্রায় ১০ ফুট লম্বা পুষ্পদণ্ড, তার মাথার দিকে চারপাশে বেরিয়েছে পুষ্পগুচ্ছ। তাকে রেখে একটু এগিয়েই দেখা পেলাম ফিলোডেনড্রন, সফোরা, ব্লু ব্রায়া, শ্যাফ্লেরা, সিলভার ওক, বুদ্ধ নারকেল, স্নো বুশ ও পটেটো বুশের। ব্লু ব্রায়ার নীল-বেগুনি খুদে ফুলগুলোও গন্ধহীন হলেও বেশ আকর্ষণীয়। স্নো বুশের পাতাই এর আসল সৌন্দর্য। যত রোদ বাড়ে, তত সে পাতাগুলো লাল রং ধারণ করে, রোদ চলে গেলে আবার ঘিয়া ছোপযুক্ত সবুজ রঙে ফিরে আসে।
কাছেই ছিল আর একটি ফুল ফোটা উদ্ভিদ। ফুল-পাতা দেখে মনে হয় ওই গাছ দেখেছি কোথাও, কিন্তু সেসব ফুলের রং তো ছিল সাদা। তৃণা বললেন, ‘রাইটিয়া।’ রাইটিয়া তো পালাম আর পানিজুঁইয়ের গণ, তাহলে কি এটি ওগুলোর কোনো প্রজাতি। খুঁজে দেখা গেল ওটা হলুদ পানিজুঁই, ফুলের রং ক্ষীরের মতো। জিয়া ভাই বললেন, ‘পানিজুঁই দিয়ে চমৎকার বনসাই হয়।’ এরপর পেলাম কেপ হানিসাকল, সুরভি, মাধবলতা ফুল। সেখানে রয়েছে ভেরিগেটেড উইপিং পাকুড় ও দুটি প্রজাতির পডোকার্পাসগাছ।
সামনেই পড়ল মাচার ওপর বিউমন্টিয়ার লতার ছাদনি, পাশের বড় দুটি রক্তচন্দনের গাছ, এখনো ফুলের দেখা মেলেনি। বড়ই বিচিত্র এই প্রকৃতির জগৎ, বাঁশের মতো উদ্ভিদও যে লতানো হয়, তা জানতাম না। সেখানে লতানো বাঁশ দিয়ে খিলানের মতো তোরণ বানানো হয়েছে। সে তোরণের মধ্য দিয়ে প্রবেশ করে আর এক অংশে গিয়ে দেখা পেলাম বার্ড অব প্যারাডাইস, হেলিকোনিয়া, জলকলবাতী, জলবাঁশ উদ্ভিদের।
সঙ্গে রয়েছে টিপু চায়না, ভেরিগেটেড ডুমুর, সোনাপাতি, মাহকোটা ডেউয়া বা মহাদেবাগোটা, পিন্টো বাদাম, লতানে শিল্ড ফার্ন, রুদ্রাক্ষ, মিস্টলেটো ফিগ, বক্স লিফ, ব্ল্যাক হোমালোমেনা, ডেভিল’স ব্ল্যাকবোন, ডোয়ার্ফ কপসিয়া, বোঙ্গলভা স্প্রুস ইত্যাদি উদ্ভিদ। শেষে সেই মিনি জবা ফুলটাই মনে যেন বেশি দাগ কাটল। এত ছোট্ট ও সুন্দর মিষ্টি রঙের জবা কখনো দেখিনি। আলী বললেন, ‘এটাকেই তো খুদে জবা বলি, পাপড়ির বিস্তার এক ইঞ্চির চেয়ে একটু বেশি হবে হয়তো।’ আশীষের কথাটাই হয়তো সত্যি, ‘এত গাছপালা দেখলাম, ফিরে গিয়ে হয়তো দেখব আসলে কিছুই দেখিনি!’













