জলবায়ু পরিবর্তন মোকাবিলায় এআইয়ের সম্ভাবনা ও ঝুঁকি রয়েছে : জাতিসংঘের জলবায়ুপ্রধান
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১:৫৫ এএম
কাচির বলেন, ‘আমাদের একই সঙ্গে এআইয়ের পরিবেশগত প্রভাব কমাতে হবে এবং শিল্পের আধুনিকায়ন, জ্বালানি দক্ষতা বৃদ্ধি, জলবায়ু সহনশীলতা জোরদার ও সবুজ উন্নয়ন ত্বরান্বিত করতে এর সম্ভাবনা কাজে লাগাতে হবে।’
ঢাকা, ১৬ নভেম্বর, ২০২৬ (বাসস): বৈশ্বিক উষ্ণতা মোকাবিলায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বড় ধরনের সম্ভাবনা তৈরি করলেও এর মধ্যে অনেক ঝুঁকিও রয়েছে।
সোমবার কপ৩১ সম্মেলনে জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রধান সাইমন স্টিল এ কথা বলেন।
এদিন কপ৩১-এর আয়োজক তুরস্কের উদ্যোগে ‘আনতালিয়া কৃত্রিম বুদ্ধিমত্তা অঙ্গীকার’ ঘোষণা করা হয়। জলবায়ু সমস্যার সমাধানে এ প্রযুক্তির সম্ভাবনা কাজে লাগানোর পাশাপাশি এর ক্রমবর্ধমান পরিবেশগত ঝুঁকি মূল্যায়ন করাই এ উদ্যোগের লক্ষ্য।
তুরস্কের আনতালিয়া থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
ভূমধ্যসাগরীয় শহর আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু সম্মেলনে সাইমন স্টিল বলেন, ‘আমরা এমন এক প্রযুক্তিগত সময়ে পৌঁছেছি, যেখানে বিপুল সম্ভাবনার পাশাপাশি বড় ঝুঁকিও রয়েছে। এআই ও অন্যান্য অত্যাধুনিক প্রযুক্তি দুই ধারবিশিষ্ট তলোয়ারের মতো।’
তিনি বলেন, ‘ভালো আগামীর প্রতিশ্রুতির বিনিময়ে আজ মানুষকে বেশি বিদ্যুৎ বিল, পরিবেশের আরও বেশি উষ্ণতা সৃষ্টিকারী দূষণ এবং গভীরতর বৈষম্য মেনে নিতে বলা যায় না। এআইয়ের সুফল অবশ্যই এর ক্রমবর্ধমান ব্যয়ের চেয়ে বেশি হতে হবে।’
এআই পরিচালনায় ব্যবহৃত ডেটা সেন্টারগুলো বিপুল পরিমাণ বিদ্যুৎ ও পানি ব্যবহার করে। এতে বিদ্যুতের বিল বেড়ে যাওয়া নিয়ে বিভিন্ন এলাকার মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে। পাশাপাশি এসব কেন্দ্রের ক্রমবর্ধমান কার্বন নিঃসরণ নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।
স্টিল বলেন, ‘কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা ও পরিচালনা পর্ষদকে এগিয়ে আসতে হবে। বিশ্বের সম্মত জলবায়ু লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে তাদের ব্যবসায়িক ও বিনিয়োগ পরিকল্পনা সাজাতে হবে।’ এ সময় তিনি ডেটা সেন্টারগুলোতে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের আহ্বান জানান।
তুরস্কের শিল্প ও প্রযুক্তিমন্ত্রী মেহমেত ফাতিহ কাচির আলোচনায় জানান, এ অঙ্গীকারে ৮০টি সমর্থন পাওয়া গেছে। তবে এর মধ্যে কতটি দেশ এবং কতটি কোম্পানি রয়েছে, তা তিনি উল্লেখ করেননি।













