সাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রী ৫ দিনের রিমান্ডে

একাত্তর লাইভ
একাত্তর লাইভ ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ৭:৫৬ পিএম
সাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রী ৫ দিনের রিমান্ডে

রাজধানীর বিমানবন্দর থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় পুলিশের বিশেষ শাখার (এসবি) সাবেক প্রধান ও অতিরিক্ত আইজিপি মো. মনিরুল ইসলামের স্ত্রী সাবেক অতিরিক্ত সচিব শায়লা ফারজানার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়া তার দুই ভাই মো. রেজাউল আলম শাহিন ও বুলবুল মিয়ার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আরিফুল ইসলামের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।

বিজ্ঞাপন

রোববার (২৯ নভেম্বর) সন্ধ্যায় তাদেরকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা ও ডিবি উত্তরা বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) গোলাম মর্তুজা ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেছেন, গ্রেপ্তার হওয়া শায়লা ফারজানা জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত ছিলেন এবং তার স্বামী মো. মনিরুল ইসলাম পুলিশের অতিরিক্ত আইজিপি হিসেবে এসবি প্রধান ছিলেন। গ্রেপ্তার আসামিরা কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের পক্ষাবলম্বন করে বিভিন্ন সময় ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্রবিরোধী বক্তব্য প্রচার করে আসছেন।

বিজ্ঞাপন

পুলিশের আবেদনে আরও দাবি করা হয়, বিমানবন্দর থানার ওই ককটেল বিস্ফোরণের ঘটনাসহ ঢাকা শহরে বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ড সংগঠিত করার জন্য তারা লোকজন একত্রিত করাসহ অর্থের জোগান দিয়ে আসছেন বলে জানা গেছে। পাশাপাশি ঘটনার সময় ঘটনাস্থলে নাশকতার উদ্দেশ্যে অন্যান্য আসামিদের একত্রিত করার ষড়যন্ত্র করছিলেন বলে প্রাথমিক তদন্তে প্রতীয়মান হচ্ছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন জানায় তদন্ত কর্মকর্তা।

শুনানিকালে তাদেরকে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে এজলাসে তোলা হয়। মামলার তদন্ত কর্মকর্তা আসামিদের রিমান্ডে চাওয়ার কারণ উল্লেখ করেন। রাষ্ট্রপক্ষে শামসুদ্দোহা সুমন রিমান্ডের পক্ষে যুক্তি উপস্থাপন করেন। আসামিপক্ষের আইনজীবীরা তাদের রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন। পরে আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর রিমান্ডের এ আদেশ দেন। 

মামলার এজাহার সূত্রে, গত ১৭ নভেম্বর রাত আনুমানিক ১টা ৮ মিনিটে বিমানবন্দর থানার বিমানবন্দর গোলচত্বরের পশ্চিম পাশে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আউটগোয়িং রাস্তার ওপর ফ্লাইওভারের ওপর থেকে চলন্ত মোটরসাইকেলযোগে অজ্ঞাতনামা ৩০-৩৫ জন পরপর তিনটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে থাকা মো. ইউসুফ আলী, মো. শাখাওয়াত হোসেন, মো. নাছির উদ্দীন ও মো. আনিছুর রহমান নামে চারজন আহত হন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে বিস্ফোরিত ককটেলের টিনের কৌটার অংশবিশেষ, লোহার স্প্লিন্টার এবং লাল ও সাদা কচটেপের টুকরো জব্দ করে। এ ঘটনায় ওইদিনই বিমানবন্দর থানায় মামলা হয়। 

এদিকে, রোববার (২৯ নভেম্বর) অভিযান চালিয়ে রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে মিরপুর ডিওএইচএস এলাকা থেকে শায়লা ফারজানা ও তার ভাই মো. রেজাউল আলম শাহিনকে গ্রেপ্তার করা হয়। পরে রাত আনুমানিক ২টা ৪০ মিনিটে মিরপুরের বর্তমান বাসা থেকে অপর ভাই বুলবুল মিয়াকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।