আদালত থেকে পালানো হত্যা মামলার আসামি কাউসার কারাগারে

একাত্তর লাইভ
একাত্তর লাইভ ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৭:৪৮ এএম
আদালত থেকে পালানো হত্যা মামলার আসামি কাউসার কারাগারে

ঢাকা মহানগর দায়রা জজ আদালত থেকে পালিয়ে যাওয়া হত্যা মামলার আসামি কাউসার মিয়াকে নতুন মামলায় কারাগারে পাঠানো হয়েছে। 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাত এ আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা রাজধানীর কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) সুফল কুমার তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। 

বিজ্ঞাপন

গত মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত–১–এর কাঠগড়া থেকে হাতকড়া খুলে পালিয়ে যান আসামি কাউসার। পালানোর ঘটনায় ওইদিনই কাউসারের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের হাজতখানার ইনচার্জ রিপন মোল্লা। পরে ঘটনার দুই দিনের মাথায় গতকাল বুধবার দিবাগত রাতে নিজ বাড়ি থেকে তাকে পুনরায় গ্রেপ্তার করা হয়।

আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ওইদিন রাজধানীর দক্ষিণ খান থানার একটি হত্যা মামলায় সাক্ষীর জন্য ধার্য ছিল। এজন্য গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে তাকে আদালতে আনা হয়। শুনানিকালে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের হাজতখানা থেকে এজলাসে নেওয়া হয় তাকে। তবে এদিন কোনো সাক্ষী না আসায় আদালত সাক্ষ্যগ্রহণের নতুন দিন ধার্য করেন। পরে তাকে এজলাস থেকে হাজতখানায় নেওয়ার প্রস্তুতিকালে দায়িত্বরত পুলিশ সদস্যের ফাঁকি দিয়ে কৌশলে পালিয়ে যান কাউসার। 

বিজ্ঞাপন

মামলার সূত্রে জানা যায়, ঢাকার দক্ষিণখানে দক্ষিণ পাড়া এলাকায় ২০২০ সালের ২০ জুলাই ছুরিকাঘাতে খুন করা হয় ১৭ বছরের কিশোরী আলোকে। এ ঘটনায় পরদিন তার বাবা রবিউল ইসলাম অজ্ঞাতপরিচয়দের আসামি করে মামলা করেন। তদন্তে গিয়ে ওইদিনই কাউসারকে টঙ্গী এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন কাউসার আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দেয়। 

সেখানে সে জানায়, বছর খানেক আগে থেকে আলোর সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। ঘটনার কিছুদিন আগে থেকে তাকে পাত্তা দিচ্ছিল না সে। পরে কাউসার জানতে পারে, আলোর সঙ্গে অন্য একটি ছেলের প্রেমের সম্পর্ক রয়েছে। এ বিষয়ে আলোর সঙ্গে কথা বলতে চাইলে সে এড়িয়ে যেত। পরবর্তী সময়ে ২০২০ সালের ২০ জুলাই আলোর বাসার সামনে অপেক্ষা করতে থাকেন কাউসার। রাত ৯টার দিকে সে ঘর থেকে বের হয়ে বাথরুমে যায়, এটা দেখে কাউসার। সে বাথরুম থেকে বের হয়ে ঘরে বালতি আনতে গেলে তাকে আটকে ধরে কথা বলতে চায় কাউসার। তবে আলো কথা বলতে রাজি না হওয়ায় চাকু দিয়ে তার বুকে ও পিঠে ছুরি দিয়ে আঘাত করার কথা জানায় কাউসার। 

মামলার তদন্ত শেষে ২০২১ সালের ৩০ জুন কাউসারকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন দক্ষিণখান থানার উপ-পরিদর্শক (এসআই) সুজন চন্দ্র কর্মকার। পরে ২০২২ সালের ২০ জুলাই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে এ মামলায় বিচার শুরু হয়। মামলায় এখন পর্যন্ত আলোর বাবা রবিউল ও তার বড় বোন রাব্বিনা আক্তার সাক্ষ্য দিয়েছেন। এদিকে গ্রেপ্তারের পর থেকেই কারাগারে আটক ছিলেন কাউসার।