নিউইয়র্কে ভবন ধসে ১ জনের প্রাণহানি
প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১১:২০ পিএম
নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি সবাইকে ঘটনাস্থল এড়িয়ে চলার আহ্বান জানান।
ঢাকা, ১২ নভেম্বর, ২০২৬ (বাসস) : যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি নির্মাণাধীন স্থাপনার পাশে তিনতলা একটি ভবন ধসে একজনের প্রাণহানি হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন মানুষ। বুধবার নগর কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
ঘটনাস্থলের ছবিতে দেখা যায়, ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপে তল্লাশি চালাচ্ছেন দমকলকর্মীরা। ভবনটি আবাসিক বলে ধারণা করা হচ্ছে। ধসে দেয়াল ভেঙে যাওয়ায় ভেতরের একটি শয়নকক্ষ ও কাপড় রাখার আলমারি বাইরে থেকে দেখা যাচ্ছিল।
নিউইয়র্ক থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
যুক্তরাষ্ট্রের গণমাধ্যম জানিয়েছে, ধ্বংসস্তূপ থেকে কয়েকজনকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে স্ট্রেচারে করে বের করে আনা একটি শিশুও রয়েছে।
নিউইয়র্কের দমকল বিভাগ (এফডিএনওয়াই) জানায়, বুধবার বিকেল ৪টার দিকে ব্রুকলিনের ফ্ল্যাটবুশ এলাকায় ভবনটি ধসে পড়ে। এ সময় ভবনের ভেতরে কয়েকজন আটকা পড়েছেন বলে খবর পেয়ে তারা ঘটনাস্থলে যায়।
দমকল বিভাগ জানায়, ঘটনাস্থলেই একজনকে মৃত ঘোষণা করা হয়। গুরুতর আহত অন্তত চারজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। এ ছাড়া আরও ছয়জন সামান্য আহত হয়েছেন।
ভবন ধসের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে, ভবনটি পাশের একটি খনন করা জায়গার ওপর ধসে পড়েছে।
অ্যান্থনি নামের এক প্রত্যক্ষদর্শী পিক্স১১ নিউজকে বলেন, ভবনটি ধসে পড়ার সময় তিনি মানুষের চিৎকার এবং বোমা বিস্ফোরণের মতো একটি শব্দ শুনতে পান।
নগরীর ভবন বিভাগ জানিয়েছে, তাদের পরিদর্শকেরা ঘটনাস্থলে রয়েছেন। তারা উদ্ধারকাজে সহায়তার পাশাপাশি আশপাশের ভবনগুলোর কাঠামোগত স্থিতিশীলতা পরীক্ষা করছেন।













