রিয়াদ অঞ্চলে ড্রোন ভূপাতিত করার দাবি সৌদি জোটের
প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১০:১৮ পিএম
ঢাকা, ১২ নভেম্বর, ২০২৬ (বাসস) : সৌদি নেতৃত্বাধীন জোট বৃহস্পতিবার জানিয়েছে, তারা রিয়াদ অঞ্চলে একটি ড্রোন ও সৌদি আরবের পূর্বাঞ্চলে আরেকটি ড্রোন ভূপাতিত করেছে।
ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলা বেড়ে যাওয়ার মধ্যে তারা এ তথ্য জানিয়েছে।
ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের পক্ষে হুতিদের বিরুদ্ধে লড়াইরত জোটটি আরও জানায়, বুধবার রাতে পশ্চিম সৌদি আরবকে লক্ষ্য করে ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে।
রিয়াদ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
এ ছাড়া বুধবার গভীর রাতে দেশটির দক্ষিণাঞ্চল ও পবিত্র নগরী মক্কা-সংলগ্ন এলাকায় আরও দুটি ড্রোন ধ্বংস করা হয়। এসব হামলা হুতিরা চালিয়েছে বলে জোটের পক্ষ থেকে জানানো হয়েছে।
সৌদি বেসামরিক প্রতিরক্ষা বিভাগের তথ্য অনুযায়ী, ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ মক্কা থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে সাবুহা গ্রামে পড়েছে।
গত জুলাইয়ে আবারও সংঘাত শুরু হওয়ার পর থেকে সৌদি আরব নিয়মিত হুতিদের হামলার লক্ষ্যবস্তু হচ্ছে। গোষ্ঠীটি দেশটির বিমানবন্দর, জ্বালানি অবকাঠামো, সামরিক স্থাপনা ও রিয়াদের আর্থিক এলাকায় হামলা চালিয়েছে।
তবে পবিত্র নগরী মক্কা ও মদিনাকে লক্ষ্য করে হামলা চালানোর অভিযোগ বারবার অস্বীকার করেছে হুতিরা।













