ভারতের বিপক্ষে নিউজিল্যান্ড টেস্ট দলে ডাফি
প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১২:২৮ পিএম
ঢাকা, ১১ নভেম্বর ২০২৬ (বাসস) : ভারতের বিপক্ষে চলতি মাসে অনুষ্ঠেয় দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৪ সদস্যের নিউজিল্যান্ড দলে জায়গা পেয়েছেন পেসার জ্যাকব ডাফি। এর মধ্য দিয়ে ১১ মাস পর টেস্ট ক্রিকেটে ফেরার সম্ভাবনা তৈরি হয়েছে তার।
প্রায় এক বছর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২-০ ব্যবধানে সিরিজ জয়ে ২৩ উইকেট নিয়ে দারুণ পারফরম্যান্স করেছিলেন ডাফি। তবে প্রথম সন্তানের জন্মের কারণে চলতি বছর ইংল্যান্ড সফরে দলের বাইরে ছিলেন তিনি।
দলে জায়গা পেতে ডাফিকে প্রতিদ্বন্দ্বীতা করতে হবে ম্যাট হেনরি, কাইল জেমিসন, ন্যাথান স্মিথ ও ব্লেয়ার টিকনারের সঙ্গে। গত মাসে উরুর পেশিতে চোট পাওয়া হেনরি সুস্থ হয়ে উঠেছেন।
দলের ব্যাটিং লাইনআপ নির্ভর করছে বেশ কয়েকজন ক্রিকেটারের ফিটনেসের ওপর।
দল ঘোষণার বিবৃতিতে নিউজিল্যান্ড ক্রিকেট জানিয়েছে, ‘টম ব্লান্ডেল (উরুর পেশি), ডেভন কনওয়ে (কনকাশন) ও রাচিন রবীন্দ্র (কাঁধ) নিজেদের চোট কাটিয়ে ওঠার প্রক্রিয়ার মধ্যে রয়েছেন। প্রথম টেস্টে খেলার লক্ষ্য নিয়ে কাজ করছেন তারা।’
২০২৪ সালে ভারতের মাটিতে ঐতিহাসিক ৩-০ ব্যবধানে টেস্ট সিরিজ জয়ের পর এই সিরিজের মধ্য দিয়ে আবারও লাল বলের ক্রিকেটে মুখোমুখি হবে দুই দল।
নিউজিল্যান্ডের প্রধান কোচ রব ওয়াল্টার বলেন, ‘এই সিরিজের মধ্য দিয়ে টেস্ট ক্রিকেটের রোমাঞ্চকর গ্রীষ্মের সূচনা হচ্ছে। চলতি বছরের শুরুতে ইংল্যান্ড সফরে খেলা দলের সঙ্গে এই স্কোয়াডের বেশির ভাগ সদস্যই রয়েছেন। তাই আবারও একসঙ্গে হয়ে নিজেদের মাঠে সেই সাফল্যের পুনরাবৃত্তির চেষ্টা করতে পারাটা দারুণ হবে।’
আগামী ১৯ নভেম্বর ওয়েলিংটনে প্রথম টেস্ট শুরু হবে। দ্বিতীয় টেস্ট শুরু হবে ২৭ নভেম্বর ক্রাইস্টচার্চে।
নিউজিল্যান্ড দল: টম ল্যাথাম (অধিনায়ক), টম ব্লান্ডেল, ডেভন কনওয়ে, জ্যাকব ডাফি, ম্যাট হেনরি, কাইল জেমিসন, ড্যারিল মিচেল, হেনরি নিকোলস, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, ন্যাথান স্মিথ, ব্লেয়ার টিকনার ও উইল ইয়ং।













