কেশবপুরে অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত
প্রকাশিত: শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ৯:১১ পিএম
ঢাকা, ২৭ নভেম্বর ২০২৬ (বাসস): তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান নারী হকি খেলোয়াড় খুঁজে বের করা এবং নারীদের ক্রীড়াঙ্গনে আরও উৎসাহিত করার লক্ষ্যে যশোরের কেশবপুরে অনুষ্ঠিত হলো ‘ব্র্যাক ব্যাংক অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রাম- ২০২৬’- এর দ্বিতীয় ধাপের কর্মসূচি।
আজ শুক্রবার কেশবপুর উপজেলার গড়ভাংগা মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এই প্রশিক্ষণ ও উন্নয়ন কর্মসূচি অনুষ্ঠিত হয়। ব্র্যাক ব্যাংক পিএলসি- এর পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ হকি ফেডারেশনের আয়োজনে যশোর জেলার এই প্রোগ্রামে স্থানীয় পর্যায়ের উদীয়মান নারী হকি খেলোয়াড়রা অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) আনোয়ার হোসেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি তৃণমূল পর্যায়ে নারী ক্রীড়াবিদদের বিকাশে বাংলাদেশ হকি ফেডারেশন ও ব্র্যাক ব্যাংকের এই যৌথ উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং কেশবপুরের মেয়েরা ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশের মুখ উজ্জ্বল করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেশবপুরের সহকারী কমিশনার (ভূমি) শেখ আব্দুর রহমান, বাংলাদেশ হকি ফেডারেশনের উইমেন্স উইংয়ের সম্পাদক মো. তারিকুজ্জামান নান্নু, ব্র্যাক ব্যাংক পিএলসি খুলনার শাখা ও ক্লাস্টার প্রধান কাজী শাকিল আক্তার এবং ব্র্যাক ব্যাংক পিএলসি খুলনার এসএমই ইউনিট প্রধান এম ডি মনিরুজ্জামান।
বক্তারা বলেন, নারীদের ক্ষমতায়ন ও সুস্থ সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই। ‘অপরাজেয় আলো’ প্রকল্পের মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলের মেয়েরা হকি খেলার আধুনিক কলাকৌশল শেখার সুযোগ পাচ্ছে, যা দেশের নারী হকির পাইপলাইনকে আরও সমৃদ্ধ করবে।
দিনব্যাপী এই প্রোগ্রামে অংশগ্রহণকারী নারী খেলোয়াড়দের হকির মৌলিক কৌশল ও অনুশীলনের ওপর বিশেষ প্রশিক্ষণ প্রদান করা হয়।













