উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সুবিধাবঞ্চিত ও আর্থিকভাবে অসচ্ছল মানুষের জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চট্টগ্রামের বাকলিয়ায় নতুন ডায়াগনস্টিক সেন্টার চালু করেছে বাংলাদেশ হোপওয়েল হসপিটালস (বিএইচএইচ)। এর মাধ্যমে চিকিৎসা পরামর্শ, ওষুধ, রোগনির্ণয়ের পরীক্ষা-নিরীক্ষা ও ফিজিওথেরাপিসহ প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
স্বাস্থ্যসেবা মানুষের অন্যতম মৌলিক চাহিদা হলেও আর্থিক সীমাবদ্ধতার কারণে অনেক সুবিধাবঞ্চিত মানুষ প্রয়োজনীয় চিকিৎসা থেকে বঞ্চিত হন। এ বাস্তবতায় আর্থিক অসচ্ছলতা যেন কারও চিকিৎসা পাওয়ার পথে বাধা হয়ে না দাঁড়ায়, সে লক্ষ্যেই বিএসআরএম গ্রুপের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বাংলাদেশ হোপওয়েল হসপিটালসের (বিএইচএইচ) মাধ্যমে এ সমাজকল্যাণমূলক উদ্যোগ গ্রহণ করেছে।
বুধবার (১৮ নভেম্বর) চট্টগ্রামের বাকলিয়ায় বিএইচএইচের নতুন ডায়াগনস্টিক সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এর মাধ্যমে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য বিনামূল্যে প্রয়োজনীয় চিকিৎসাসেবার সুযোগ আরও বিস্তৃত ও উন্নত করার লক্ষ্য নির্ধারণ করেছে প্রতিষ্ঠানটি। এর আগে মিরসরাই ও চট্টগ্রামে বিএইচএইচের কার্যক্রম চালু হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মোহাম্মদ জিয়াউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জাহিদুল ইসলাম মিয়া, চট্টগ্রাম বিভাগের স্বাস্থ্য পরিচালক ডা. শেখ ফজলে রাব্বি এবং চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাজেদুর রহমান।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএসআরএম গ্রুপের চেয়ারম্যান আলীহোসেন আকবরআলী, এফসিএ; ফাইন্যান্স ডিরেক্টর জোহায়ের তাহেরআলী, পরিচালক আবদুল কাদির জোহায়ের এবং উপব্যবস্থাপনা পরিচালক তপন সেনগুপ্তসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা।
বাকলিয়া অ্যাক্সেস রোডের গ্রিন লিফ টাওয়ারের দ্বিতীয় তলায় স্থাপিত ডায়াগনস্টিক সেন্টারটির আয়তন ৩ হাজার ৯৮৮ বর্গফুট। আগামী ২১ নভেম্বর থেকে এখানে রোগীদের সেবা কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।
সেন্টারটিতে চিকিৎসা পরামর্শ, ব্যবস্থাপত্র অনুযায়ী ওষুধ সরবরাহ, রোগনির্ণয়ের জন্য বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা এবং ফিজিওথেরাপি সেবা দেওয়া হবে। রোগীরা বিএইচএইচের মেডিকেল অফিসারদের কাছ থেকে চিকিৎসা পরামর্শ পাবেন। পাশাপাশি সংশ্লিষ্ট চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় ওষুধ ও ডায়াগনস্টিক পরীক্ষার সুবিধাও থাকবে। পুনর্বাসনমূলক চিকিৎসার প্রয়োজন রয়েছে এমন রোগীদের জন্য রাখা হয়েছে ফিজিওথেরাপি সেবা।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, আর্থিক সংকটের কারণে অনেক ব্যক্তি ও পরিবার সময়মতো চিকিৎসা নিতে পারেন না। এক ছাদের নিচে প্রয়োজনীয় এসব স্বাস্থ্যসেবা নিশ্চিত করার মাধ্যমে চিকিৎসার আর্থিক চাপ কমানো এবং সুবিধাবঞ্চিত মানুষের চিকিৎসাপ্রাপ্তি সহজ করাই বিএইচএইচের মূল লক্ষ্য।
এ উদ্যোগের মাধ্যমে সমাজকল্যাণ ও জনসেবায় বিএসআরএম গ্রুপের অঙ্গীকার আরও বিস্তৃত হবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি। পাশাপাশি চট্টগ্রামে স্বাস্থ্যসেবার সহজলভ্যতা বাড়াতে এবং সুবিধাবঞ্চিত মানুষের চিকিৎসার সুযোগ তৈরিতে নতুন ডায়াগনস্টিক সেন্টারটি ভূমিকা রাখবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।