উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
একসময় সন্তান লালনপালন বলতে মূলত খাওয়ানো, পড়াশোনার ব্যবস্থা করা, শাসন করা এবং সামাজিক নিয়মকানুন শেখানোকে বোঝানো হতো। এখন বিষয়টি অনেক বিস্তৃত বা বৃহৎ পরিসরে দেখা হয়ে থাকে। শিশুর মানসিক স্বাস্থ্য, আবেগীয় বিকাশ, আত্মপরিচয়, সামাজিক দক্ষতা, স্বাধীন চিন্তা এবং প্রতিকূলতা মোকাবিলার ক্ষমতাও প্যারেন্টিংয়ের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হয়ে থাকে।
সব শিশু এক রকম নয়। একই পরিবারের দুই সন্তানের প্রয়োজনও আলাদা হতে পারে। আবার শিশুর বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার স্বাধীনতা, দায়িত্ব ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও বদলে যায়। তাই প্যারেন্টিং কোনো স্থির ছক নয়। প্যারেন্টিং পরিস্থিতি বুঝে শেখা, পরিবর্তন করা ও নিজেকে সংশোধন করার চলমান প্রক্রিয়া।
প্যারেন্টিংয়ের সবচেয়ে ভারসাম্যপূর্ণ ধরনগুলোর একটি হিসেবে অথরিটেটিভ বা কর্তৃত্বপূর্ণ প্যারেন্টিং আলোচিত হয়। এই পদ্ধতিতে মা-বাবা সন্তানের প্রতি স্নেহশীল ও সহযোগিতাপূর্ণ হন, আবার প্রয়োজনীয় নিয়ম ও সীমারেখাও বজায় রাখেন। তারা সন্তানের মতামত শোনেন, তার অনুভূতিকে গুরুত্ব দেন এবং সিদ্ধান্তের পেছনের কারণ বুঝিয়ে বলেন। তবে বিবেচনা ছাড়া সন্তানের প্রত্যেকটি ইচ্ছা পূরণ করেন না।
ধরা যাক, একজন শিশু নির্ধারিত সময়ের অতিরিক্ত সময় মোবাইল ফোনে খেলা চালিয়ে যেতে চাইছে। অভিভাবক তাকে ধমক দিয়ে ফোন কেড়ে না নিয়ে বোঝাতে পারেন কেন তার ঘুম, পড়াশোনা ও খেলাধুলার মধ্যে ভারসাম্য থাকা প্রয়োজন। একই সঙ্গে মোবাইল ফোন ব্যবহারের পারিবারিক সময়সীমার কথাও মনে করিয়ে দেবেন। সন্তান সিদ্ধান্ত নেবে তার অতিরিক্ত সময় মোবাইল ফোন ব্যবহার করা উচিত হবে কিনা। তার ওপর কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হচ্ছে না।
এখানে সন্তানকে কথা বলার সুযোগ দেওয়া হচ্ছে, কিন্তু নিয়মের প্রয়োজনীয়তাও অস্বীকার করা হচ্ছে না। এর মধ্য দিয়ে সন্তান বুঝতে শেখে, তার মতামতের মূল্য আছে, আবার প্রত্যেকটি কাজের কিছু দায়িত্ব ও পরিণতিও আছে।
এ ধরনের প্যারেন্টিংয়ে শিশুর আত্মবিশ্বাস, আত্মনিয়ন্ত্রণ, দায়িত্ববোধ ও সামাজিক দক্ষতা বিকাশের অনুকূল পরিবেশ তৈরি হয়। সন্তান আত্মবিশ্বাস নিয়ে বেড়ে ওঠে।
২. অথরিটারিয়ান প্যারেন্টিং (কর্তৃত্ববাদী অভিভাবকত্ব): কঠোর নিয়ন্ত্রণ ও আনুগত্য
এই পদ্ধতিতে নিয়ম মানা, কর্তৃত্ব মেনে চলা এবং আনুগত্যের ওপর বেশি গুরুত্ব দেওয়া হয়। অভিভাবকের সিদ্ধান্তই চূড়ান্ত-এমন মনোভাব দেখানো হয়। সন্তান কেন কোনো নিয়ম মানবে, সে বিষয়ে ব্যাখ্যা দেওয়ার চেয়ে নিয়ম পালন নিশ্চিত করাই মুখ্য হয়ে ওঠে।
যেমন, একজন শিশু কোনো সিদ্ধান্তের কারণ জানতে চাইলে তাকে বলা হয়, ‘বড়দের কথার ওপর কথা বলবে না।’ পরীক্ষায় খারাপ ফল করলে তার সমস্যা বোঝার পরিবর্তে বকাঝকা, অপমান কিংবা শাস্তি দেওয়া হয়ে থাকে।
শিশুকে শৃঙ্খলা শেখানো প্রয়োজন। কিন্তু শৃঙ্খলা আর কঠোর নিয়ন্ত্রণ এক বিষয় নয়। নিয়মের কারণ না বুঝিয়ে শুধু ভয় দেখিয়ে আনুগত্য আদায় করলে শিশু নিজের মতামত প্রকাশে সংকোচ বোধ করে। ভুল স্বীকার করতে ভয় পায় কিংবা শাস্তি এড়ানোর জন্য সত্য গোপন করতে শেখে।
৩. পারমিসিভ প্যারেন্টিং (প্রশ্রয়মূলক অভিভাবকত্ব): স্নেহ আছে, সীমারেখা দুর্বল
সন্তানকে বয়সের সঙ্গে বড় করা আর একজন সৃজনশীল মানবিক মানুষ হিসেবে গড়ে তোলা দুটো আলাদা বিষয়। সন্তানের বেড়ে ওঠার সময় তার খাবার, পোশাক, শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করা যেমন মা-বাবার দায়িত্ব, তেমনই সন্তানের চিন্তা, অনুভূতি, ব্যক্তিত্ব, আত্মবিশ্বাস ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বিকাশের পরিবেশ তৈরি করাও তাদের দায়িত্ব এবং বিশেষ কর্তব্যের ভেতর পড়ে।
পারমিসিভ বা প্রশ্রয়মূলক প্যারেন্টিংয়ে মা-বাবা সাধারণত সন্তানের প্রতি স্নেহশীল হন এবং তার ইচ্ছাকে গুরুত্ব দেন। কিন্তু নিয়ম প্রতিষ্ঠা, দায়িত্ব শেখানো কিংবা অনুপযুক্ত আচরণ সংশোধনের ক্ষেত্রে তারা অতিরিক্ত শিথিল হয়ে থাকেন।
যেমন, শিশু পড়াশোনা না করলেও অভিভাবক বারবার তাকে ছাড় দেন। রাতে দেরি করে ঘুমালেও কোনো নিয়ম তৈরি করেন না। কান্না কিংবা রাগের মুখে এমন দাবিও মেনে নেন, যা আগে নিষিদ্ধ করেছিলেন।
সন্তানের কথা শোনা ও তার পছন্দকে সম্মান করা অবশ্যই ভালো। কিন্তু সন্তানের প্রত্যেকটা ইচ্ছা পূরণ করা আর শিশুর প্রয়োজন বোঝা এক নয়। বয়স অনুযায়ী দায়িত্ব, অপেক্ষা করার অভ্যাস, হতাশা সামলানো এবং অন্যের অধিকারকে সম্মান করতে শেখার জন্য কিছু নিয়ম থাকার দরকার আছে। সীমারেখা ধারাবাহিকভাবে বজায় না থাকলে শিশুর আত্মনিয়ন্ত্রণ ও দায়িত্ববোধ গড়ে তুলতে অসুবিধা হয়।
৪. আনইনভলভড প্যারেন্টিং (উদাসীন অভিভাবকত্ব): সন্তানের জীবনে কম সম্পৃক্ততা
এই পদ্ধতিতে মা-বাবা সন্তানের আবেগ, দৈনন্দিন অভিজ্ঞতা, শিক্ষা ও বিকাশের বিষয়ে তুলনামূলকভাবে কম আগ্রহ দেখান। কখনো শিশুর মৌলিক চাওয়া পূরণ করা হলেও তার সঙ্গে প্রয়োজন অনুযায়ী সময় কাটানো, তার কথা শোনা, যৌক্তিক দিকনির্দেশনা দেওয়া কিংবা মানসিক সমর্থন দেওয়ার ঘাটতি থেকে যায়।
একজন শিশু স্কুল থেকে ফিরে দিনের অভিজ্ঞতা বলতে চাইল, কিন্তু কেউ তার কথা শুনল না। সে কোনো সমস্যায় পড়েছে, অথচ অভিভাবকেরা তা জানার বা সমাধানে পাশে থাকার চেষ্টা করলেন না। এ ধরনের পরিস্থিতি নিয়মিত ঘটলে শিশু নিজেকে তুচ্ছ ও অবহেলিত ভাবতে থাকে।
অভিভাবকের সাময়িক ব্যস্ততা, ক্লান্তি কিংবা আর্থিক সংকটকে সরাসরি আনইনভলভড বা উদাসীন প্যারেন্টিং বলা যাবে না। এখানে মূল বিষয় হলো, সন্তানের প্রয়োজনের প্রতি দীর্ঘমেয়াদি উদাসীনতা ও সম্পৃক্ততার ঘাটতি।
এই পরিস্থিতি শিশুর আত্মবিশ্বাস, মানসিক নিরাপত্তা এবং সামাজিক সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলে।
পজিটিভ প্যারেন্টিং
মা-বাবা, অভিভাবক বা শিশুর প্রতি যত্নকারীর এই কর্তব্য ও দায়িত্ব পালনের ধরনই হচ্ছে প্যারেন্টিং। সন্তানকে কীভাবে শাসন করা হচ্ছে, তার কথা কতখানি শোনা হচ্ছে, ভুল করলে কীভাবে প্রতিক্রিয়া জানানো হচ্ছে, কতটা স্বাধীনতা দেওয়া হচ্ছে কিংবা তার হয়ে কতটা সিদ্ধান্ত নেওয়া হচ্ছে-এসবের মধ্য দিয়েই প্রকাশ পায় প্যারেন্টিংয়ের ধরন।
প্যারেন্টিং নিয়ে আলোচনায় ইউনিসেফের নির্দেশনা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। ইউনিসেফ বরাবরই শিশুর নিরাপত্তা, মানসিক সুস্থতা, বয়সোপযোগী যত্ন, ইতিবাচক আচরণ এবং মা-বাবার সঙ্গে শিশুর সুস্থ সম্পর্ক গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়ে আসছে।
পজিটিভ প্যারেন্টিং (Positive Parenting) বা ইতিবাচক প্যারেন্টিং এমন একটা দৃষ্টিভঙ্গি, যেখানে শিশুকে ভয় দেখিয়ে, অপমান করে কিংবা শাস্তি দিয়ে নিয়ন্ত্রণ করার পরিবর্তে ভালোবাসা, সম্মান, আলোচনা ও যুক্তিসংগত নিয়মের মাধ্যমে শেখানো হয়।
এর কয়েকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে।
সন্তানের অনুভূতি বোঝা: শিশু রাগ করলে, কাঁদলে কিংবা কোনো বিষয়ে ভয় পেলে তার অনুভূতিকে অবজ্ঞা না করে কারণ বোঝার চেষ্টা করা।
ইতিবাচক যোগাযোগ: সন্তানের সঙ্গে এমনভাবে কথা বলা, যাতে সে নির্ভয়ে নিজের সমস্যা, মতামত ও অনুভূতি প্রকাশ করতে পারে।
স্পষ্ট নিয়ম ও সীমারেখা: কোন আচরণ গ্রহণযোগ্য, কোনটা নয় এবং কেন কিছু নিয়ম মেনে চলতে হবে, তা বুঝিয়ে দেওয়া।
শাস্তির পরিবর্তে শেখানো: সন্তান ভুল করলে অপমান বা ভয় দেখানোর পরিবর্তে ভুলের কারণ বোঝানো এবং পরবর্তী সময়ে কীভাবে ভালো করা যায়, তা শেখানো।
উৎসাহ ও স্বীকৃতি: শুধু ভালো ফলাফল নয়, চেষ্টার মূল্যায়ন করা। সন্তান কোনো কাজে উন্নতি করলে তাকে উৎসাহ দেওয়া।
নিজের আচরণে উদাহরণ তৈরি: মা-বাবা নিজেরা ধৈর্য, সম্মান, দায়িত্ববোধ ও সংযমের চর্চা করলে সন্তানও সেসব আচরণ শিখতে পারে।
পজিটিভ প্যারেন্টিং মানে সন্তানের সবকিছুই মেনে নেওয়া নয়। এখানে শিশুর বৃহত্তম স্বার্থ বিবেচনায় রাখতে হবে। একজন অভিভাবক একই সঙ্গে স্নেহশীল ও দৃঢ় হতে পারেন। সন্তানের অনুভূতিকে গুরুত্ব দিয়েও অনিরাপদ বা ক্ষতিকর আচরণে বাধা দিতে পারেন। ভালোবাসার সঙ্গে প্রয়োজনীয় নিয়ম প্রতিষ্ঠা করাই এর অন্যতম প্রধান বৈশিষ্ট্য।
আধুনিক প্যারেন্টিংয়ের আরও কিছু পরিচিত ধরন
গবেষণাভিত্তিক চারটি প্রধান প্যারেন্টিংয়ের বাইরে সাম্প্রতিক সময়ে প্যারেন্টিংয়ের আরও কিছু নাম জনপ্রিয় হয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম, প্যারেন্টিং বিষয়ক নিবন্ধ ও মনোবিজ্ঞান বিষয়ক আলোচনায় এসব শব্দ ব্যবহৃত হয়। এগুলো মা-বাবার নির্দিষ্ট আচরণ ও প্রবণতা বোঝানোর জন্য ব্যবহৃত পরিচিত ধারণা।
১. এলিফ্যান্ট প্যারেন্টিং (Elephant Parenting): স্নেহ ও নিরাপত্তার পাশাপাশি স্বাধীনতা
এলিফ্যান্ট প্যারেন্টিংয়ের ধারণায় সন্তানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক, মানসিক নিরাপত্তা, স্নেহ ও সহযোগিতাকে গুরুত্ব দেওয়া হয়ে থাকে। মা-বাবা সন্তানের প্রয়োজনের সময় পাশে থাকেন, তার কথা শোনেন এবং নতুন কিছু শেখার সুযোগ করে দেন। তবে প্রত্যেকটি সমস্যা থেকে সন্তানকে সরিয়ে নেওয়া কিংবা তার হয়ে সবকিছু করে দেওয়াই এই পদ্ধতির উদ্দেশ্য নয়।
ধরা যাক, একজন শিশু বন্ধুর সঙ্গে ঝগড়া করেছে। মা-বাবা বা অভিভাবক সন্তানের বন্ধুর অভিভাবকের কাছে ছুটে গিয়ে সঙ্গে সঙ্গে সমস্যার সমাধান না করে প্রথমে সন্তানের কথা শুনলেন। এরপর তাকে বোঝালেন, কীভাবে বন্ধুর সঙ্গে কথা বলে সমস্যাটি মেটানো যায়। প্রয়োজন হলে সহায়তা করলেন, কিন্তু পুরো দায়িত্ব নিজের হাতে তুলে নিলেন না।
এই পদ্ধতির গুরুত্বপূর্ণ দিক হলো, সন্তান জানে তার জন্য পরিবার নিরাপদ আশ্রয়। সে নিজের মতো করে পৃথিবীকে চিনতে পারে, আবার প্রয়োজন হলে মা-বাবার কাছে ফিরে এসে সান্ত্বনা ও সহযোগিতা পায়। এলিফ্যান্ট প্যারেন্টিংয়ের বৈশিষ্ট্যের সঙ্গে পজিটিভ প্যারেন্টিংয়ের মিলে আছে।
২. হেলিকপ্টার প্যারেন্টিং (Helicopter Parenting): সন্তানের জীবনে অতিরিক্ত নজরদারি হেলিকপ্টার প্যারেন্টিংয়ে অভিভাবকরা সন্তানের জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রে অতিরিক্ত নজর রাখেন। পড়াশোনা, বন্ধুত্ব, অবসর, দৈনন্দিন সিদ্ধান্ত কিংবা ছোটখাটো সমস্যা-সবকিছুতেই তারা দ্রুত হস্তক্ষেপ করেন। নামের সঙ্গে হেলিকপ্টারের তুলনা করা হয়, কারণ হেলিকপ্টারের মতো তারা সন্তানের মাথার ওপর সারাক্ষণ ঘুরতে থাকেন।
যেমন, স্কুলে কোনো বিষয়ে নম্বর কম পাওয়ার পর সন্তান নিজে শিক্ষকের সঙ্গে কথা বলতে চাইলেও মা-বাবা সরাসরি শিক্ষকের সঙ্গে যোগাযোগ করেন এবং সন্তান কম নম্বর পাওয়ার কারণ ব্যাখ্যা করতে বলেন। ঘটনা নিষ্পত্তি হয় অভিভাবকের মাধ্যমে। সন্তানের বন্ধুদের সঙ্গে ভুল-বোঝাবুঝি হলেও সন্তানের পরিবর্তে অভিভাবকই সমাধানের উদ্যোগ নেন।
এ ধরনের আচরণের পেছনে সাধারণত সন্তানের প্রতি নিরবচ্ছিন্ন ভালোবাসা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ কিংবা ভবিষ্যৎ সাফল্যের আকাঙ্ক্ষা থাকে। কিন্তু অতিরিক্ত হস্তক্ষেপ শিশুকে নিজে সিদ্ধান্ত নেওয়া, ভুল থেকে শেখা এবং সমস্যার সমাধান করার সুযোগ থেকে বঞ্চিত করে। ফলে তার স্বাধীনতা ও নিজের সামর্থ্যের ওপর আস্থা গড়ে ওঠার পথ বাধাগ্রস্ত হয়।
সব মা-বাবাই সন্তানের ভালো চান। কিন্তু ভালো চাওয়ার প্রকাশ সবসময় সন্তানের জন্য ভালো ফল বয়ে আনে না। অতিরিক্ত সুরক্ষা যেমন তার স্বাধীন বিকাশে বাধা হতে পারে, তেমনি অতিরিক্ত কঠোরতা তার আত্মবিশ্বাস নষ্ট করে দিতে পারে। আবার সন্তানের সব আবদার মেনে নেওয়া কিংবা সন্তানের জীবনের জীবন থেকে মা-বাবার দূরে সরে থাকাও শিশুর বিকাশে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এ কারণে প্যারেন্টিং সম্পর্কে জানা এবং নিজের আচরণ পর্যালোচনা করা জরুরি।
সন্তানের বয়স কম হলে কিংবা বাস্তব নিরাপত্তার ঝুঁকি থাকলে নিবিড় তত্ত্বাবধান প্রয়োজন। কিন্তু বয়স ও সামর্থ্য বিবেচনা না করে সবকিছু নিয়ন্ত্রণ করা আর সন্তানের নিরাপত্তা নিশ্চিত করা এক ব্যাপার নয়।
৩. টাইগার প্যারেন্টিং (Tiger Parenting): সাফল্যের জন্য কঠোর প্রত্যাশা
টাইগার প্যারেন্টিংয়ে পড়াশোনা, খেলাধুলা কিংবা অন্য কোনো দক্ষতায় উচ্চ সাফল্য অর্জনের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। অভিভাবকরা কঠোর নিয়ম, নিয়মিত অনুশীলন এবং শৃঙ্খলার মাধ্যমে সন্তানকে লক্ষ্যে পৌঁছাতে উৎসাহিত করেন। কোনো কোনো ক্ষেত্রে অভিভাবকদের এই প্রত্যাশা সন্তানের জন্য অতিরিক্ত চাপে পরিণত হয়।
যেমন, একজন শিশুকে প্রতিদিন নির্দিষ্ট সময় পড়াশোনা, সংগীতচর্চা ও অন্যান্য কাজ করতে হয়। ফলাফল প্রত্যাশা মতো না হলে তাকে আরও বেশি অনুশীলনের নির্দেশ দেওয়া হয়। কিন্তু সে ক্লান্ত কি না, কোনো বিষয়ে তার আগ্রহ আছে কি না কিংবা তার মানসিক চাপ কতটা-এসব অভিভাবকের কাছে উপেক্ষিত হয়ে যায়। এতে সন্তানের বিকাশে সমস্যা দেখা দেয়।
সন্তানের কাছ থেকে অভিভাবকের প্রত্যাশা থাকা নেতিবাচক কিছু নয়। তবে তা যখন সন্তানের সামর্থ্যের অতিরিক্ত হয়ে যায় সংকট তৈরি হয় তখন। তাই সন্তানের জন্য চাপ তৈরি না করে পরিকল্পিত অনুশীলন, অধ্যবসায় ও দায়িত্ববোধ শেখানো অতি জরুরি। খেয়াল রাখা দরকার, সাফল্যের জন্য সন্তানের অনুভূতি, বিশ্রাম, আগ্রহ ও ব্যক্তিগত সামর্থ্যকে উপেক্ষা করা হলে সন্তানের ওপর মানসিক চাপ বাড়ে। টাইগার প্যারেন্টিংয়ের বৈশিষ্ট্যের সঙ্গে অথরিটারিয়ান প্যারেন্টিংয়ের মিল আছে।
৪. স্নোপ্লাও প্যারেন্টিং (Snowplow Parenting): সন্তানের পথের সব বাধা সরিয়ে দেওয়া
স্নোপ্লাও প্যারেন্টিংয়ে অভিভাবকেরা সন্তানের সামনে আসা বাধাগুলো আগেভাগেই সরিয়ে দিতে চান। তুষার সরানোর যন্ত্র যেমন সামনে জমে থাকা বরফ সরিয়ে পথ তৈরি করে, এই অভিভাবকেরাও তেমনভাবে সন্তানের জন্য পথ সহজ করে দিতে উদ্যোগী হন।
সন্তানের বাড়ির কাজ কঠিন হলে অভিভাবক নিজেই তা করে দিলেন, বন্ধুর সঙ্গে বিরোধ হলে নিজেরাই মীমাংসা করলেন কিংবা কোনো দায়িত্ব পালনে ব্যর্থ হলে তার হয়ে অজুহাত দাঁড় করালেন- এগুলো এ ধরনের আচরণের উদাহরণ।
সন্তানের পাশে দাঁড়ানো অবশ্যই প্রয়োজন। কিন্তু সন্তানের প্রত্যেকটি বাধা সরিয়ে দিলে সে বাধা অতিক্রম করার অভিজ্ঞতা অর্জন করতে পারে না। জীবনে হতাশা, ব্যর্থতা ও অনিশ্চয়তা আসবেই। সেগুলো মোকাবিলার সুযোগ না পেলে ভবিষ্যতে কঠিন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে স্বাভাবিকভাবেই সন্তানের অসুবিধা হবে।
৫. ফ্রি-রেঞ্জ প্যারেন্টিং (Free-Range Parenting): স্বাধীনভাবে শেখার সুযোগ
প্যারেন্টিংয়ের ধারণা ও গবেষণাভিত্তিক শ্রেণিবিভাগ
ফ্রি-রেঞ্জ প্যারেন্টিংয়ে সন্তানের বয়স ও সক্ষমতা অনুযায়ী তাকে স্বাধীনভাবে কাজ করা, সিদ্ধান্ত নেওয়া এবং নিজের অভিজ্ঞতা থেকে শেখার সুযোগ দেওয়া হয়। এখানে অভিভাবকরা সন্তানের প্রতিটি পদক্ষেপ নিয়ন্ত্রণ না করে তাকে প্রয়োজনীয় দক্ষতা অর্জনে সহায়তা করেন।
যেমন, বয়স ও পরিস্থিতি উপযোগী হলে অভিভাবক শিশুকে নিজে স্কুলব্যাগ গোছাতে, কেনাকাটার তালিকা তৈরি করতে কিংবা পরিচিত ও নিরাপদ এলাকায় দায়িত্ব নিয়ে চলাফেরা করতে দিয়ে থাকেন। কোনো কাজ করার আগে কীভাবে নিরাপদ থাকতে হবে, তা শেখানো হয়; এরপর তাকে নিজের সামর্থ্য কাজে লাগানোর সুযোগ দেওয়া হয়।
এই পদ্ধতির লক্ষ্য শিশুকে অবহেলা করা নয়, বরং স্বাধীনতার সঙ্গে দায়িত্ববোধ শেখানো। তবে স্বাধীনতার পরিমাণ নির্ধারণের সময় সন্তানের বয়স, ম্যাচিউরিটি, পরিবেশ ও বাস্তব নিরাপত্তার বিষয়গুলো বিবেচনায় রাখতে হবে।
৬. জেন্টল প্যারেন্টিং (Gentle Parenting): কোমল আচরণ, সাথে প্রয়োজনীয় সীমারেখা
জেন্টল প্যারেন্টিংয়ে সন্তানের অনুভূতি বোঝা, তার সঙ্গে সম্মানজনক আচরণ করা এবং শান্তভাবে শৃঙ্খলা শেখানোর ওপর গুরুত্ব দেওয়া হয়। শিশুর রাগ, কান্না বা হতাশার পেছনের কারণ বোঝার চেষ্টা করা হয়।
যেমন, একজন শিশু রাগ করে খেলনা ছুড়ে ফেলল। তাকে পাল্টা ধমক দেওয়ার পরিবর্তে অভিভাবক বলে থাকেন, ‘তুমি রাগ করেছ, সেটা আমি বুঝতে পারছি। কিন্তু রাগ হলেও খেলনা ছুড়ে ফেলা যাবে না। এতে অন্য কাউকে আঘাত করতে পারে। কী হয়েছে, আমাকে বলো।’
এখানে শিশুর আবেগকে স্বীকার করা হচ্ছে এবং সেই একইসাথে অনুপযুক্ত আচরণকে অনুমোদন দেওয়া হচ্ছে না। এই পার্থক্যটি গুরুত্বপূর্ণ। জেন্টল প্যারেন্টিং মানে সন্তানকে শাসন না করা বা সবকিছু মেনে নেওয়া নয়। ভয় ও শাস্তির পরিবর্তে পরিস্থিতি ব্যাখ্যা, বোঝাপড়া আর ধারাবাহিক নিয়মের মাধ্যমে শিশুকে শেখানো।
৭. পান্ডা প্যারেন্টিং (Panda Parenting): স্বাধীনতা ও সহায়তার ভারসাম্য
পান্ডা প্যারেন্টিং তুলনামূলকভাবে নতুন ও জনপ্রিয় ধারণা। এতে সন্তানকে নিজের মতো করে শেখার ও বেড়ে ওঠার সুযোগ দেওয়া হয়, তবে প্রয়োজনের সময় অভিভাবকের সহযোগিতা ও দিকনির্দেশনাও থাকে।
এই পদ্ধতিতে মা-বাবা সন্তানের কাজের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন না। আবার তাকে পুরোপুরি নিজের মতো ছেড়েও দেন না। বরং সন্তানের আগ্রহ, সামর্থ্য ও প্রয়োজন বুঝে সহযোগিতা করেন।
প্যারেন্টিং নিয়ে আধুনিক মনোবিজ্ঞানে দীর্ঘদিন ধরে গবেষণা হচ্ছে। মনোবিজ্ঞানী ডায়ানা বমরিন্ডের গবেষণা এ ক্ষেত্রে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। তার গবেষণার ভিত্তিতে প্যারেন্টিংয়ের কয়েকটি ধরন চিহ্নিত করা হয়েছে। পরবর্তী সময়ে গবেষকেরা এই কাঠামো আরও সুসংগঠিত করেছেন।
যেমন, সন্তান ছবি আঁকতে ভালোবাসে। অভিভাবক তাকে নিজের মতো করে ছবি আঁকার সুযোগ দিলেন, প্রয়োজনীয় উপকরণ কিনে দিলেন এবং আগ্রহ বাড়াতে উৎসাহিত করলেন। কিন্তু অভিভাবকের পছন্দমতো ছবি আঁকতে কিংবা প্রতিযোগিতায় অংশ নিতে বাধ্য করলেন না।
এ ধরনের প্যারেন্টিংয়ের মূল কথা হচ্ছে, সন্তানের নিজস্ব ব্যক্তিত্ব ও আগ্রহের বিকাশে সহায়ক পরিবেশ তৈরি করা।
৮. অ্যাটাচমেন্ট প্যারেন্টিং (Attachment Parenting): নিরাপদ আবেগীয় বন্ধন তৈরি
অ্যাটাচমেন্ট প্যারেন্টিংয়ে মা-বাবা ও সন্তানের মধ্যে ঘনিষ্ঠ, নিরাপদ ও আস্থাপূর্ণ সম্পর্ক তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। শিশুর কান্না, ক্ষুধা, ভয় অথবা অন্য কোনো প্রয়োজনের প্রতি সংবেদনশীলভাবে সাড়া দেওয়া এই প্যারেন্টিং ধারণার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য।
এখানে শিশুর সঙ্গে শারীরিক ও আবেগীয় ঘনিষ্ঠতা বজায় রাখা, তার প্রয়োজন বোঝা এবং ধারাবাহিকভাবে সাড়া দেওয়ার মাধ্যমে নিরাপদ সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করা হয়।
তবে অ্যাটাচমেন্ট প্যারেন্টিং মানেই সারাক্ষণ শিশুকে কোলে রাখা কিংবা সবসময় তার পাশে থাকা নয়। এর মূল বিষয় হলো, সন্তান যেন বুঝতে পারে প্রয়োজনের সময় মা-বাবাকে কাছে পাওয়া যাবে। এই নিরাপত্তাবোধ পরবর্তী সময়ে তার সম্পর্ক তৈরি ও আবেগ নিয়ন্ত্রণের ক্ষেত্রে সহায়ক হয়ে থাকে।
কোন প্যারেন্টিং কতটা জোরালো
প্যারেন্টিংয়ের এতগুলো ধরনের নাম জানার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, কোন পদ্ধতি সবচেয়ে ভালো। এর উত্তর খুঁজতে শুধু পদ্ধতির নামের দিকে তাকালে চলবে না। দেখতে হবে, বাস্তবে অভিভাবকের আচরণ শিশুর বিকাশে কী ভূমিকা রাখছে।
একজন মা-বাবা সন্তানের প্রতি স্নেহশীল হতে পারেন, আবার প্রয়োজন হলে দৃঢ় সিদ্ধান্তও নিতে পারেন। তারা শিশুকে স্বাধীনতা দিতে পারেন, কিন্তু বিপদের আশঙ্কা থাকলে বাধাও দিতে পারেন। সন্তানের ভুল মেনে নিতে পারেন, আবার সেই ভুলের দায় এড়িয়ে যাওয়ার সুযোগ না দিয়ে দায়িত্ব নিতে শেখাতে পারেন।
এখানে কয়েকটি বিষয় বিশেষভাবে গুরুত্বপূর্ণ।
প্যারেন্টিংয়ের ধরন বোঝার ক্ষেত্রে দুটো বিষয় বিশেষ গুরুত্বপূর্ণ। প্রথমটি হলো, মা-বাবা সন্তানের প্রতি কতটা স্নেহ, মনোযোগ ও মানসিক সমর্থন দিচ্ছেন। দ্বিতীয়টি হলো, সন্তানের আচরণ, দায়িত্ব ও স্বাধীনতার ক্ষেত্রে কতটা নিয়ম, প্রত্যাশা ও সীমারেখা বজায় রাখছেন।
সন্তানের কথা শুনতে হবে। তার অনুভূতি, ভয়, আগ্রহ ও মতামতকে গুরুত্ব দিতে হবে। সবসময় উপদেশ দেওয়ার আগে তার কথা শোনা প্রয়োজন।
স্পষ্ট নিয়ম রাখতে হবে। কোন আচরণ গ্রহণযোগ্য এবং কোনটি নয়, তা বয়সোপযোগী ভাষায় বুঝিয়ে বলতে হবে। নিয়ম শুধু চাপিয়ে না দিয়ে তার কারণও ব্যাখ্যা করতে হবে।
বয়স অনুযায়ী স্বাধীনতা দিতে হবে। সব সিদ্ধান্ত মা-বাবা নেবেন না। সন্তানের বয়স ও সামর্থ্য অনুযায়ী কিছু সিদ্ধান্ত তার হাতে ছেড়ে দিতে হবে।
ভুল থেকে শেখার সুযোগ দিতে হবে। নিরাপত্তার ঝুঁকি না থাকলে প্রতিটি সমস্যার সমাধান অভিভাবকদের নিজে করে দেওয়া উচিত নয়। সন্তানকে নিজের ভুল বুঝতে এবং তা সংশোধন করতে সাহায্য করতে হবে।
শাসন ও অপমানের পার্থক্য বুঝতে হবে। অনুপযুক্ত আচরণ সংশোধন করতে হবে, তবে শিশুকে হেয় করা যাবে না। শিশুর ব্যক্তিত্বকে আঘাত না করে আচরণ সংশোধনের চেষ্টা করতে হবে।
নিজের আচরণও পর্যালোচনা করতে হবে। অতিরিক্ত নিয়ন্ত্রণ, অকারণ ছাড় কিংবা সন্তানের প্রতি উদাসীনতা দেখা দিলে তা সংশোধনের চেষ্টা করতে হবে।
মনে রাখা দরকার, সব শিশু এক রকম নয়। একই পরিবারের দুই সন্তানের প্রয়োজনও আলাদা হতে পারে। আবার শিশুর বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার স্বাধীনতা, দায়িত্ব ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও বদলে যায়। তাই প্যারেন্টিং কোনো স্থির ছক নয়। প্যারেন্টিং পরিস্থিতি বুঝে শেখা, পরিবর্তন করা ও নিজেকে সংশোধন করার চলমান প্রক্রিয়া।
সন্তানকে নিয়ন্ত্রণ নয়, নিজের মতো করে মানুষ হতে দিন
সন্তানকে ভালোবাসা আর সন্তানের সবকিছু নিয়ন্ত্রণ করা এক বিষয় নয়। আবার স্বাধীনতা দেওয়া আর তার প্রয়োজনের সময় পাশে না থাকাও এক নয়। ভালো প্যারেন্টিংয়ের চ্যালেঞ্জ হলো, এই দুই প্রান্তের মধ্যে এমন সম্পর্ক তৈরি করা, যেখানে শিশু ভালোবাসা ও নিরাপত্তা পাবে, আবার নিজের সামর্থ্য আবিষ্কার করার সুযোগও পাবে।
এই দুইয়ের সমন্বয়ে প্যারেন্টিংয়ের চারটি বহুল আলোচিত ধরন পাওয়া যায়—অথরিটেটিভ (কর্তৃত্বপূর্ণ), অথরিটারিয়ান (কর্তৃত্ববাদী), পারমিসিভ (প্রশ্রয়মূলক) ও আনইনভলভড (উদাসীন) প্যারেন্টিং। এগুলো মনোবিজ্ঞানের গবেষণায় ব্যবহৃত শ্রেণিবিভাগ। যা শিশু লালনপালনের ক্ষেত্রে ইউনিসেফও তার প্যারেন্টিং কার্যক্রমে ব্যবহার করছে।
মনোবিজ্ঞানের গবেষণায় আলোচিত বিভিন্ন প্যারেন্টিং ধারণা থেকে একটি গুরুত্বপূর্ণ লার্নিং পাওয়া যায়। তা হলো শিশুকে শুধু নিয়ম মানতে শেখালেই হবে না, নিয়মের কারণ বুঝতেও শেখাতে হবে। শুধু সুরক্ষা দিলেই হবে না, নিরাপদে নিজের কাজ করার দক্ষতাও তৈরি করতে হবে। শুধু সাফল্যের জন্য উৎসাহ দিলেই হবে না, ব্যর্থতার পর আবার চেষ্টা করার সাহসও জোগাতে হবে।
শিশুর বেড়ে ওঠার জন্য প্রয়োজন এমন একজন অভিভাবক, যিনি প্রয়োজনে হাত ধরে পথ দেখাবেন, বিপদে পাশে দাঁড়াবেন, ভুল হলে সংশোধন করতে সাহায্য করবেন এবং সময়মতো নিজের হাত ছেড়ে দেওয়ার সাহসও রাখবেন। কারণ প্যারেন্টিংয়ের সার্থকতা সন্তানের প্রতিটি পদক্ষেপ নিয়ন্ত্রণে নয়, তাকে একসময় নিজের পদক্ষেপ নিজে নিতে সক্ষম করে তোলার মধ্যে।
দীপু মাহমুদ : কথাসাহিত্যিক ও উন্নয়নকর্মী
[email protected]
১. অথরিটেটিভ প্যারেন্টিং (কর্তৃত্বপূর্ণ অভিভাবকত্ব): স্নেহ, সহযোগিতা ও যুক্তিসংগত শৃঙ্খলা