উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
‘মোটরসাইকেলের কী একটা ঝামেলা হইছে। ঠিক করতে গতকাল সকালে শহরে গিয়েছিল। রাতে ছেলে ফোন করে বলছিল, শহরেই থাকতে হবে, বাড়ি ফিরবে সকাল ১০টার দিকে। আমার ছেলে আর বাড়ি ফিরে নাই। আমাদের ছেড়ে চলে গেছে।’
আজ সোমবার দুপুরে চট্টগ্রামের পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছেলের লাশের পাশে এভাবেই আহাজারি করছিলেন রোকেয়া বেগম। এর আগে সকালে পটিয়ার কুসুমপুরা ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয় তাঁর ছেলের।
নিহত ব্যক্তির নাম মোহাম্মদ ফারেজ (২১)। তিনি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বাসিন্দা জাহাঙ্গীর আলমের ছেলে। ফারেজ একটি মোটরসাইকেল নিয়ে সকালে চট্টগ্রাম নগর থেকে লোহাগাড়ায় তাঁর বাড়িতে ফিরছিলেন। পটিয়ায় একটি যাত্রীবাহী ইগল বাসের সঙ্গে তাঁর মোটরসাইকেলের সংঘর্ষ হয়। আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনায় মোটরসাইকেলটির পেছনে বসে থাকা মোহাম্মদ রামিন (২০) এক তরুণও আহত হয়েছে। তাঁকে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার পর চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফারেজের মা রোকেয়া বেগম জানান, তাঁর ২ ছেলে ও ২ মেয়ে। ফারেজ সবার ছোট। প্রবাসী বাবার সঙ্গে ফারেজও ওমানে থাকে। কয়েক দিন আগে ওমান থেকে দেশে আসেন। গতকাল রোববার বিকেলে বন্ধু রামিনকে গিয়ে চট্টগ্রাম নগরে গিয়েছিলেন ফারেজ।
ছেলের জন্য আহাজারি করতে করতে রোকেয়া বেগম বলেন, ‘সকালে ছেলে বাড়িতে ফিরবে, সে আশায় বসে আছি। সকালে তাঁর এক বন্ধুর বোন ফোন দিয়ে বলল, আমার ছেলের অসুখ, যেন পটিয়া হাসপাতালে যাই। আমি কিছু বুঝতে পারছিলাম, রাতে ছেলের সঙ্গে ফোনে কথা বলেছি, অসুখের কথা তো বলেনি। হাসপাতালে এসে দেখি ছেলের রক্তাক্ত লাশ।’
হাসপাতালের সামনে কথা হয় ফারেজের চাচাতো ভাই মো. রাজিমের সঙ্গে। তিনি বলেন, ফারেজের মোটরসাইকেলে কিছু যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল। এসব ত্রুটি ঠিক করতে চট্টগ্রাম নগরে গিয়েছিলেন ফারেজ। কাজ শেষ করতে গভীর রাত হয়ে যাওয়ায় রামিনসহ নগরের বহদ্দারহাটে এক বন্ধুর বাসায় ছিলেন। সকালে তিনি রামিনসহ ওই বাসা থেকে বাড়ির উদ্দেশে রওনা দেন।
পটিয়া ক্রসিং হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ বেলাল প্রথম আলোকে বলেন, দুর্ঘটনার সময় বাসটির নিচে চাপা পড়েন ফারেজ। এতে তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনার পর মোটরসাইকেল ও বাসটি পুলিশ জব্দ করেছে।