উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ঢাকা, ১৫ নভেম্বও ২০২৬ (বাসস) : ২০২৮ সালের ৫ থেকে ১৩ ফেব্রুয়ারি বাংলাদেশে অনুষ্ঠিত হবে অলিম্পিক ক্রিকেটের পুরুষ বিভাগের বাছাইপর্ব। ইন্দোনেশিয়ার বালিতে গতকাল অনুষ্ঠিত আইসিসির সভায় অলিম্পিক ক্রিকেটে পুরুষদের বাছাইপর্ব বাংলাদেশে অনুষ্ঠিত হবার বিষয়টি চূড়ান্ত হয়েছে।
অন্যদিকে একই বছর ২৬ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চ পর্যন্ত যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে আইসিসি নারী অলিম্পিক বাছাইপর্ব।
এশিয়া, ইউরোপ, ওশেনিয়া ও আফ্রিকা অঞ্চলের শীর্ষ র্যাঙ্কিংধারী দল হিসেবে ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা ইতোমধ্যে নারী অলিম্পিকের জন্য যোগ্যতা অর্জন করেছে।
পুরুষ ও নারী উভয় বিভাগের বাছাইপর্বেই আটটি করে দল অংশ নেবে। দলগুলো চারটি করে দুই গ্রুপে বিভক্ত হয়ে খেলবে। প্রতিটি বাছাইপর্বে ম্যাচ অনুষ্ঠিত হবে ১৩টি করে।
গ্রুপের প্রতিটি দল একবার করে অন্য দলগুলোর মুখোমুখি হবে। দুই গ্রুপের চ্যাম্পিয়ন দল ফাইনালে উঠবে। ফাইনালে জয়ী দলই এলএ২৮ অলিম্পিকের চূড়ান্ত টিকিট পাবে।
এলএ২৮ অলিম্পিকে ক্রিকেটের অন্তর্ভুক্তির জন্য এটিই হবে যোগ্যতা অর্জনের শেষ ধাপ।
১২৮ বছর পর বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ক্রীড়ামঞ্চ অলিম্পিকে ফিরছে ক্রিকেট। পুরুষ ও নারী উভয় বিভাগে অলিম্পিক পদকের জন্য লড়বে ছয়টি করে দল। দলগুলোর যোগ্যতা নির্ধারণ হবে মূলত মহাদেশীয় র্যাঙ্কিং ও বাছাই টুর্নামেন্টের মাধ্যমে। আয়োজক হিসেবে যুক্তরাষ্ট্র পুরুষ ও নারী দুই ইভেন্টেই সরাসরি খেলার সুযোগ পাবে, তবে তাদের র্যাঙ্কিংয়ের শর্ত পূরণ করতে হবে।