উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
জুলাই গণঅভ্যুত্থানের সময় ময়মনসিংহের গৌরীপুরে তিনজনকে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের সাবেক এমপি নাজিম উদ্দিন আহমেদের ছেলে তানজির আহমেদ রাজিবসহ ১২ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন নিয়ে প্রসিকিউশন ও আসামিপক্ষের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আদেশের জন্য আগামী ২৫ নভেম্বর দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। প্যানেলের অপর সদস্য বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
ট্রাইব্যুনালে আজ শুনানি করেন স্টেট ডিফেন্স আইনজীবী সাহিদুর রহমান। তিনি নিজের মক্কেলদের নির্দোষ দাবি করেন। এ ঘটনায় তাদের সংশ্লিষ্টতা নেই বলেও দাবি করেন।
শুনানি শেষে প্রসিকিউশনের পক্ষে এ বিষয়ে আদেশের জন্য সময় চাওয়া হয়। পরে আগামী ২৫ নভেম্বর দিন নির্ধারণ করেন ট্রাইব্যুনাল।
এ সময় প্রসিকিউটর মিজানুল ইসলাম, গাজী এমএইচ তামিম, ফারুক আহাম্মদ, মঈনুল করিমসহ অন্যান্য প্রসিকিউটর উপস্থিত ছিলেন।
মামলায় গ্রেপ্তার রাজিব ছাড়া অপর আসামিরা হলেন গৌরীপুর থানার তৎকালীন ওসি সুমন চন্দ্র রায়, এএসআই দেলোয়ার হোসেন, আওয়ামী লীগ নেতা সানাউল, শাহাবুল আলম ও জোসেফ উদ্দিন জজ। তবে গৌরীপুর উপজেলার সাবেক চেয়ারম্যান সোমনাথ সাহাসহ বাকি ছয়জন পলাতক রয়েছেন।
প্রসিকিউশন জানায়, ২০২৪ সালের ২০ জুলাই ময়মনসিংহের গৌরীপুরে তৎকালীন উপজেলা চেয়ারম্যান সোমনাথ সাহার নেতৃত্বে ছাত্র-জনতার ওপর ব্যাপক হামলা চালানো হয়। হামলায় পুলিশের পাশাপাশি স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও অংশ নেন। এতে গুলিতে বিপ্লব হাসান, মো. নূরে আলম সিদ্দিকী ও মো. জুবায়ের নিহত হন। এর পরিপ্রেক্ষিতে দীর্ঘ তদন্ত শেষে একই ঘটনায় দুটি আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। এর একটিতে সোমনাথসহ ৯ জনকে এবং আরেকটিতে রাজিবসহ তিনজনকে আসামি করা হয়।